ফেব্রুয়ারি ১৫, ২০২০ ১৩:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৫ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম: 

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ-দৈনিক ইত্তেফাক

করোনায় ইউরোপে প্রথম মৃত্যু-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগের ‘আগাছা’ ও ‘পরগাছা’ উপাখ্যান-দৈনিক প্রথম আলো

২৯০ দিনে নিহত ২৪০৯: কাশিয়ানীতে সড়কে প্রাণ গেল ৫ জনের-দৈনিক যুগান্তর

ফখরুলকে নোংরা রাজনীতি না করার আহ্বান হানিফের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

কর্তারাই আসুন না! পাল্টা ডাকল শাহিন বাগ-দৈনিক আনন্দবাজার পত্রিকা

করোনার জেরে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে টোকিও অলিম্পিক, মুখ খুলল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি -দৈনিক আজকাল

সাফাইকর্মী থেকে অটোচালক, ‘আম আদমি’দের নিয়েই শপথ নেবেন কেজরিওয়াল-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হতে আওয়ামী লীগ থেকে মোট ১৯ জন দলীয় ফরম সংগ্রহ করেছেন। কীভাবে দেখছেন এই খবরকে?

২. তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান দু দিনব্যাপী পাকিস্তান সফর করলেন এবং এ সফরে তিনি কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি সমর্থন দিয়েছেন। তার এ সমর্থনের গুরুত্ব কী?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

করোনায় ইউরোপে প্রথম মৃত্যু-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাস: মৃত্যুমিছিল বাড়ছেই

ইউরোপে করোনা ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ফ্রান্স সফরকারী এক চীনা পর্যটক মারা গেছেন। 

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এবার ফ্রান্সে এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। যা কিনা এশিয়ার বাইরে এই রোগে থেকে প্রথম প্রাণঘাতী। ফরাসী স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজিনের মতে, ভুক্তভোগী চীনের হুবেই প্রদেশের একজন ৮০ বছরের বৃদ্ধ নারী ছিলেন।এর আগে, চীনের বাইরে ফিলিপাইন ও জাপানে মৃত্যুর খবর পাওয়া গেলেও এই প্রথম ইউরোপে কোনো করোনারোগীর মৃত্যু হলো।

দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে যুক্তরাজ্যে করোনায় মৃত্যুর আশঙ্কা ৪ লাখ মানুষের! বিস্তারিত খবরে লেখা হয়েছে,

করোনাভাইরাস মারাত্মক আকার ধারন করছে দিনে দিনে

চীনের প্রাণঘাতী করোনোভাইরাস প্রায় ২৬টি দেশে ছড়িয়ে পড়েছে। চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এ প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ১৫২৬ জনের মৃত্যু হয়েছে। 

এদিকে, যুক্তরাজ্যের বিশেজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়লে যুক্তরাজ্যে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে। এছাড়াও এই ভাইরাসে আরও কয়েক মিলিয়ন মানুষ আক্রান্ত হতে পারে। আর এমনটি হলে যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থা চিকিৎসা দিতে হিমশিম খাবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে ইমপেরিয়াল কলেজ লন্ডনের জনস্বাস্থ্য বিভাগের প্রফেসর নেইল ফারগুসোন বলেন, আমরা যেটা জানি না সেটা হলো সবাই যদি আক্রান্ত হয় তাহলে এই ভাইরাসে আক্রান্ত হয়ে কত মানুষ মারা যাবে। কি অনুপাতে মারা যাবে এবং এর ঝুঁকি কি? আমাদের করা হিসাব অনুযায়ী যারা আক্রান্ত হবেন তাদের মধ্যে ১ শতাংশ মারা যাবেন। আর ১ শতাংশ মারা গেলে এর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লাখ।  গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

‘খালেদা জিয়ার মুক্তির জন্য দু'টি পথ খোলা আছে’-দৈনিক মানবজমিন

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ

খালেদা জিয়ার মুক্তির জন্য দু’টি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। ওনারা সেটা করেননি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, মির্জা ফখরুল রাজনীতি না করে মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি অবাক হই রাজনীতি কারা করছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আমরা বারবার বলেছিলাম খালেদা জিয়ার এতিমের অর্থ আত্মসাতের মামলা এটা আওয়ামী লীগ সরকার করেনি। এটা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা হয়েছিলো।

আর দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে বিএনপি দ্বিধান্বিত।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ-দৈনিক ইত্তেফাক

হঠাৎ বিএনপির মিছিল

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। শনিবার দুপুর ২টায় হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেংগেল মোড় ঘুরে প্রেসক্লাবের দিকে যায়। মিছিল শেষে নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করছেন দলটির নেতাকর্মীরা। আর যুগান্তর এ সম্পর্কে শিরোনাম করেছে এরকম- পুলিশের কঠোর অবস্থানের মধ্যেই বিএনপির বিক্ষোভ, কয়েকজন আটক। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকা যায় না।

ফখরুলকে নোংরা রাজনীতি না করার আহ্বান হানিফের-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নোংরা রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশান অব চুয়াডাঙ্গা (ডুসাক) বৃত্তি প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় হানিফ বলেন, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি না করে মানবিক কারণে খালেদা জিয়াকে মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আমি অবাক হই রাজনীতি কারা করছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে। আমরা বারবার বলেছিলাম খালেদা জিয়ার এতিমের অর্থ আত্মসাৎের মামলা এটা আওয়ামী লীগ সরকার করেনি। এটা ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে করা হয়েছিলো। যা আদালতে তথ্য-প্রমাণের ভিত্তিতে দণ্ডিত হয়ে এখন কারাগারে আছে। খালেদা জিয়া অসুস্থ, আমরা মনে করি একটি দলের শীর্ষ নেত্রী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে কারাবিধান অনুযায়ী চিকিৎসা পাওয়ার সুযোগ আছে। সে অনুযায়ী তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য দু'টি পথ খোলা আছে। একটি হলো তাকে আইনি প্রক্রিয়ায় লড়াই করে জামিন নিতে হবে। অন্যটি হলো প্যারোলে মুক্তির জন্য সরকারের কাছে আবেদন করতে হবে। ওনারা সেটা করেননি।

বিএনপির প্রতি অনুরোধ করে তিনি বলেন, আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি বন্ধ করেন। আপনারা রাজনীতি করছেন সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য। 

আওয়ামী লীগের ‘আগাছা’ ও ‘পরগাছা’ উপাখ্যান-দৈনিক প্রথম আলো

বাংলাদেশ আওয়ামী লীগ

গত বুধবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের সতর্ক করে বলেছেন, ‘কেউ ঘরের মধ্যে ঘর বানাবেন না। কমিটি করার সময় কেউ পকেট কমিটি করবেন না। ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগীদের মূল্যায়ন না করলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ছাড়া শুধু প্রবীণদের দিয়ে আওয়ামী লীগের কমিটি হবে না। নতুন ও প্রবীণদের নিয়ে কমিটি হবে।’

ওবায়দুল কাদেরের এই কথায় ‘ সুসংবদ্ধ’ আওয়ামী লীগের মধ্যে বিভাজনের আভাস পাওয়া যায়। আওয়ামী লীগের নেতারা নিজেদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বলে দাবি করেন, কিন্তু সেই আদর্শের সৈনিকেরা কেন ঘরের মধ্যে ঘর বানাবেন? কেনই-বা পকেট কমিটি করবেন? ওবায়দুল কাদের যে কথাটি বলেননি তা হলো, ঘরের মধ্যে ঘর বা পকেট কমিটি বানানোর সুযোগটি কখন আসে। সুযোগটি আসে যখন নেতৃত্ব নির্বাচনের সর্বজনীন ও গণতান্ত্রিক রীতিটি অস্বীকার করা হয়। দেশের প্রাচীন ও গণতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ বলে দাবিদার দলটি কেন তৃণমূল থেকে শীর্ষ স্তর পর্যন্ত গোপন ব্যালটে নেতা নির্বাচন করতে পারে না?

২৯০ দিনে নিহত ২৪০৯: কাশিয়ানীতে সড়কে প্রাণ গেল ৫ জনের-দৈনিক যুগান্তর

২৯০ দিনে সড়কে নিহত ২৪০৯

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-নসিমনের সংঘর্ষে পাঁচ নির্মাণ শ্রমিক নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া দেশের পাঁচ জেলায় প্রাণ গেছে আরও পাঁচজনের। এদের মধ্যে রাঙ্গামাটিতে বাস হেলপার, কুমিল্লায় অটোরিকশা যাত্রী, জামালপুরের বকশিগঞ্জে মোটরসাইকেল আরোহী, ভোলায় বৃদ্ধ ও চট্টগ্রামের আনোয়ারায় পথচারী রয়েছেন। এ ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ নিয়ে ২৯০ দিনে ঝরল ২৪০৯ প্রাণ।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি

শাহিনবাগ নিয়ে বিতর্কিত মন্তব্যের জের, গিরিরাজ সিংকে জরুরি তলব জেপি নাড্ডার-দৈনিক সংবাদ প্রতিদিন

শাহিনবাগে সিএএবিরোধী অবস্থান ধর্মঘট

দিল্লি বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ পেতেই বদলে গিয়েছে বিজেপির অন্দর মহলের দৃশ্য! বৃহস্পতিবারই দিল্লির নির্বাচনী প্রচারে ঘৃণা ছড়ানো উচিত হয়নি বলে স্বীকার করেছেন সদ্য প্রাক্তন বিজেপি সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুলি মারার মতো মন্তব্য না করলেই ভাল হত বলে সর্বসমক্ষে মন্তব্য করেছেন। এবার শাহিনবাগ নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে তলব করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। শনিবার দুপুরে এমনটাই জানা গিয়েছে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে।

এমনিতেই বিতর্কিত মন্তব্যের জন্য বিজেপির অন্দরমহলে হিন্দুত্ববাদের কট্টর প্রচারক গিরিরাজ সিংয়ের বেশ নামডাক রয়েছে। মাঝে মধ্যেই তাঁর মন্তব্যের জন্য অস্বস্তিতে পড়তে হয় বিজেপির শীর্ষ নেতৃত্বকে। দিল্লি বিধানসভা নির্বাচনের সময়ও বজায় ছিল সেই ধারা। ভোটের আগে কেন্দ্রীয় মৎস্য ও দুগ্ধজাতপণ্য মন্ত্রী গিরিরাজ সিং টুইট করেন, শাহিনবাগ কোনও আন্দোলন নয় আত্মঘাতী বোমারুদের আতুঁড়ঘর। রাজধানীতে বসেই দেশের বিরুদ্ধে ষড়ষন্ত্র করা হচ্ছে। এমনকী ওইখানে চলা অবস্থানে অংশ নিয়ে একটি শিশু ঠান্ডায় মারা যাওয়ার পর তার মাকে তাকে শহিদ বলে বর্ণনা করছে। এটা আত্মঘাতী বোমা ছাড়া আর কী? দেশকে যদি বাঁচাতে হয় তাহলে এই ধরনের ঘটনা বা দ্বিতীয় খিলাফত আন্দোলনকে আটকাতে হবে।

কর্তারাই আসুন না! পাল্টা ডাকল শাহিন বাগ-দৈনিক আনন্দবাজার

শাহিনবাগে সিএএবিরোধী আন্দোলনরত নারীরা

তাঁর দফতরে আবেদন করলে তিন দিনের মধ্যে শাহিন বাগের প্রতিবাদীদের দেখা করার সময় দেবেন বলে বৃহস্পতিবারই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা শুনে শাহিন বাগে আন্দোলনকারীদের পাল্টা দাবি, দফতরে ডেকে না-পাঠিয়ে বরং বৈঠকে বসার জন্য প্রতিবাদস্থলেই আসুন উচ্চপদস্থ সরকারি প্রতিনিধিরা। আশ্বাস দিতে হলে, তা দেওয়া হোক লিখিত। তবেই কিছুটা নিশ্চিন্ত বোধ করবেন আন্দোলনকারীরা।

ওই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা শাহিন কওসর শুক্রবার বলেন, ‘‘এককাট্টা হয়ে আজ প্রায় দু’মাস এত ঠান্ডার মধ্যেও পথে বসে আছি আমরা। সিএএ-এনআরসির বিরুদ্ধে যাবতীয় প্রতিবাদের কর্মসূচিও ঠিক করা হয়েছে একজোট হয়ে। এই অবস্থায় আমাদের মধ্যে থেকে হঠাৎ ৫-১০ জন প্রতিনিধি হিসেবে মন্ত্রকে যাওয়া সম্ভব?’’ আন্দোলনকারীদের এক বড় অংশের আশঙ্কা, ওই ভাবে আলোচনায় অংশ নিতে গেলে, তার জেরে নিজেদের ঐক্যে চিড় ধরতে পারে। তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি। সেই কারণেই তাঁদের আর্জি, ‘‘আমরা তো এত দিন আলোচনার অপেক্ষাতেই বসে রয়েছি। কথা বলতে চাইলে, স্বরাষ্ট্রমন্ত্রী বা তাঁর উচ্চপদস্থ প্রতিনিধি একটি বারের জন্য আসতে পারেন না?’’

সাফাইকর্মী থেকে অটোচালক, ‘আম আদমি’দের নিয়েই শপথ নেবেন কেজরিওয়াল-দৈনিক সংবাদ প্রতিদিন

আপ সুপ্রিমো কেজরিওয়াল

শপথগ্রহণে রাজনৈতিক নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার কথা আগেই জানিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দল জানিয়েছিল, শপথগ্রহণ অনুষ্ঠান দিল্লিবাসীর জন্য অবারিত দ্বার। সেই কথা মতোই ১৬ ফেব্রুয়ারি রামলীলা ময়দানে ৫০জন ‘নন-ভিআইপি’কে আমন্ত্রণ জানালেন মণীশ শিসোদিয়া।জানা গিয়েছে, দিল্লির সাফাইকর্মী, অটো-বাস-মেট্রো চালক, বিভিন্ন স্কুলের অশিক্ষক কর্মীরা কেজরিওয়ালের শপথগ্রহণের মঞ্চে হাজির থাকবেন। শনিবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আপ নেতা মণীশ শিসোদিয়া। তিনি বিভিন্ন স্কুলের পড়ুয়াদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে আম জনতার উপস্থিতি এক নজিরবিহীন ঘটনা।এদিন সাংবাদিক বৈঠক করে মণীশ জানিয়েছেন, সমাজের বিভিন্ন অংশের ৫০ জন প্রতিনিধি অরবিন্দ কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানের মঞ্চে হাজির থাকবেন।

এদিকে দৈনিক আজকালের একটি খবরের শিরোনাম এরকম যে, দিল্লি জয়ের পর আঞ্চলিক নির্বাচনের মাধ্যমে জাতীয় দলের তকমা চায় আপ।

করোনার জেরে বড়সড় প্রশ্নচিহ্নের মুখে টোকিও অলিম্পিক, মুখ খুলল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-দৈনিক আজকাল

অলিম্পিকের আগে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ

করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যেই অলিম্পিকের ভবিষ্যৎ নিয়ে বড়সড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুই সংস্থাই জানিয়ে দিয়েছে, চরম প্রতিকূলতা সত্ত্বেও নির্ধারিত সূচি মেনেই অলিম্পিকের আয়োজন করা হবে টোকিওতে। শুক্রবার প্রথমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পরে অলিম্পিক কমিটির তরফে জানিয়ে দেওয়া হয়, অলিম্পিক টোকিও থেকে সরিয়ে নেওয়ার কথা এখনও ভাবছে না তাঁরা।

বছরের শুরু থেকেই চীনে মহামারীর আকার ধারণ করেছে করোনা ভাইরাস। শেষ খবর অনুযায়ী, করোনা শুধু চীনেই প্রাণ কেড়েছে দেড় হাজারের বেশি মানুষের। চীনে আক্রান্ত ৬৫ হাজারের বেশি মানুষ। চীন সহ গোটা বিশ্বের গবেষকরা নেমে পড়েছেন করোনা ভাইরাস রুখে দেওয়ার ওষুধ তৈরিতে। চীনের গণ্ডি পেরিয়ে এই ভাইরাসের সংক্রমণ বিশ্বের অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। চলতি বছরের জুলাইয়ের শেষেই টোকিওতে অলিম্পিকের আসর বসার কথা। কিন্তু করোনা যে মহামারীর আকার ধারণ করেছে তাতে অলিম্পিকের আয়োজন নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়ে দিয়েছে, টোকিও এখনও পুরোপুরি নিরাপদ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫