কথাবার্তা: করোনাভাইরাস-বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- জৈব ক্ষমতা, করোনাভাইরাস ও জীবাণু অস্ত্র-দৈনিক প্রথম আলো
- ২০০৮-এর মন্দাকেও ছাড়িয়ে যেতে পারে করোনার প্রভাব-দৈনিক ইত্তেফাক
- সার্সের চেয়ে হাজার গুণ শক্তিতে আক্রমণ করে নতুন করোনা ভাইরাস-দৈনিক মানবজমিন
- ‘পাপিয়ার কললিস্টে পাওয়া ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে’-দৈনিক যুগান্তর
- খালেদাকে ষড়যন্ত্রমূলকভাবে জামিন দেয়া হচ্ছে না : ফখরুল-বাংলাদেশ প্রতিদিন
- বিদ্যুৎ-পানির দাম বৃদ্ধি মরার উপর খাঁড়ার ঘা: জিএম কাদের-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- করোনায় মৃত তিন হাজার, ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো-সহ ৫৬ দেশে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- আবার পতন! সাত বছরের মধ্যে সর্বনিম্ন দেশের জিডিপি বৃদ্ধির হার-দৈনিক সংবাদ প্রতিদিন
- দিল্লি হিংসায় মোদিকে লক্ষ্য করে ফেসবুকে মন্তব্য, অসমের শিলচর থেকে গ্রেপ্তার বাঙালি অধ্যাপক-দৈনিক আজকাল
পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১.টাকা চলে যাচ্ছে, কোনো অ্যাকশন দেখছি না... কথাটি বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। তার এ বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন?
২. মার্কিন সেনাদের প্রাণ বাঁচাতে জেনারেল সোলাইমানিকে হত্যা করা হয়েছে। একথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। কী বলবেন আপনি তার এ বক্তব্য সম্পর্কে?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
করোনাভাইরাস-বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা-দৈনিক মানবজমিনের শিরোনাম। আর দৈনিক ইত্তেফাকের শিরোনাম- ২০০৮-এর মন্দাকেও ছাড়িয়ে যেতে পারে করোনার প্রভাব।
ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, এক সপ্তাহেই বিশ্ব শেয়ারবাজার দর হারিয়েছে ৫ লাখ কোটি ডলার ** বাংলাদেশের প্রবৃদ্ধি কমে যাওয়ার আশঙ্কা অর্থনীতিবিদদের ** গার্মেন্টস, চামড়াসহ কয়েকটি খাতে বড়ো ক্ষতির শঙ্কা
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস (কভিড-১৯) বড়ো আঘাত হানছে অর্থনীতিতে। বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ২০০৮ সালে শুরু হওয়া বিশ্বমন্দাকে ছাড়িয়ে যেতে পারে এর প্রভাব। ইতিমধ্যে বিশ্বব্যাপী শেয়ারবাজারে দর পড়ে গেছে ব্যাপকহারে। গেল সপ্তাহজুড়েই খারাপ সময় পার করেছে বিশ্বের বড়ো বড়ো শেয়ারবাজার। আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, গত সপ্তাহে ৫ ট্রিলিয়ন (৫ লাখ কোটি) ডলার হারিয়েছেন বিনিয়োগকারীরা। মন্দার পর এমন পতন আর দেখা যায়নি। কমছে জ্বালানি তেলের দামও। করোনা ভাইরাসের প্রভাব ধীরে ধীরে কমে আসবে বলে আশা করা হলেও ঘটছে উলটোটা। করোনা ছড়িয়েছে ৫৩টি দেশে। বিশ্বব্যাপী মহামারি রূপ নেওয়ার আতঙ্ক শুরু হয়েছে। এর প্রভাবে আতঙ্ক তৈরি হয়েছে পুরো বিশ্ব অর্থনীতিতে।
উদ্বেগ বাড়ছে বাংলাদেশেও। চীন থেকে পণ্য আনা ব্যাহত হওয়ায় ইতিমধ্যে প্রধান রপ্তানি পণ্য গার্মেন্টসের এক্সেসরিজের দাম ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে বলে জানিয়েছে এ খাতের শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ। অন্যদিকে বিশ্বব্যাপী বড়ো বড়ো ব্র্যান্ডের খুচরা দোকান বন্ধ হওয়ার খবরও জানিয়েছেন সংগঠনটির সভাপতি ড. রুবানা হক।
দেশের অর্থনীতিবিদরাও বলছেন, করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর্যায়ে চলে গেছে। এতে বড়ো ধরনের বিশ্বমন্দার আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ ভাইরাস কতটা বিস্তৃত হয় এবং কত দিন স্থায়ী থাকে—তার ওপর নির্ভর করবে ক্ষতির অবস্থা। এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে টান পড়তে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। ইত্তেফাককে তিনি বলেন, ‘বিশ্ব অর্থনীতি মন্দার দিকেই যাচ্ছে। আমাদের অর্থনীতিও খারাপের দিকে ছিল। এটি আরো খারাপ হবে। কেননা রাজস্ব আয়ও কমবে। এটি কোথায় গিয়ে ঠেকে, তা এখনই বলা যাচ্ছে না।’
বিশ্ব শেয়ারবাজারে ধস
সবমিলিয়ে করোনার প্রভাবে জাতীয় ও আন্তর্জাতিক অর্থনীতি এক টালমাটাল অবস্থানের দিকে যাচ্ছে। গতকাল শুক্রবার দিনের শুরুতেই ইউরোপের শেয়ারবাজারে বড়ো দরপতন লক্ষ্য করা গেছে। লন্ডন শেয়ারবাজারে প্রধান সূচক ১০০ পয়েন্টের বেশি কমেছে। ফলে ৩ শতাংশ পড়েছে শেয়ার দর। সবচেয়ে বড়ো পতন হয়েছে মার্কিন শেয়ারবাজারে।
গবেষণায় তথ্য-সার্সের চেয়ে হাজার গুণ শক্তিতে আক্রমণ করে নতুন করোনা ভাইরাস-দৈনিক মানবজমিন
সার্স ভাইরাসের চেয়ে ১০০০ গুণের বেশি শক্তিতে মানুষের শরীরকে আক্রান্ত করতে পারে করোনা ভাইরাস। বিজ্ঞানীরা এ সতর্কতা দিয়ে বলেছেন, এইডস সৃষ্টিকারী এইচআইভি ও ইবোলা যেমন শরীরকে প্লেগের মতো আক্রমণ করে, একই রকমভাবে আক্রমণ করতে পারে করোনা ভাইরাস। এতে মানুষের শরীরের কোষকে একই রকমভাবে আগ্রাসী উপায়ে সংক্রমিত করতে পারে এই ভাইরাস। সর্বশেষ এই সতর্কতা দিয়েছেন চীনের তিয়ানজিনের নানকাই ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। এরই মধ্যে করোনা ভাইরাসে সংক্রমিতদের মধ্যে প্রায় ৩০০০ মানুষ মারা গেছেন। এ খবর দিয়েছে বৃটেনের অনলাইন ডেইলি মেইল।
এতে বলা হয়েছে বিশেষজ্ঞরা প্রথম দিকে মনে করেছিলেন নতুন করোনা ভাইরাস বা কোভিড-১৯ এর আগে ২০০২/৩ সালে ছড়িয়ে পড়া সার্স ভাইরাসের মতো ছড়ায়। কারণ, নতুন করোনা ভাইরাসটি অনেকাংশে জেনেটিক্যালি সার্স ভাইরাসের মতো।
টাকা চলে যাচ্ছে, কোনো অ্যাকশন দেখছি না-দৈনিক মানবজমিন
দেশের অর্থনৈতিক অবস্থা থমকে গেছে। চলমান ধারা থেকে অনেক দূর পিছিয়ে গেছে বাংলাদেশ। দেশীয় সমস্যা ও আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো মিলে বাংলাদেশ দোলাচলের মধ্যে আছে। বিভিন্ন চ্যালেঞ্জের জন্য অর্থনীতিতে স্থবিরতা দেখা দিয়েছে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হলো দেশের মানুষের জীবন-মানের উন্নয়ন। কিন্তু সরকারকে মেট্রোরেল, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পগুলোর দিকে বেশি নজর দিতে দেখা যায়। তবে এসব উন্নয়ন প্রকল্পের আড়ালে যেমন দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের প্রতি সরকারের দৃষ্টি কম। তেমনি মানুষের জীবন মানের উন্নয়নের সঙ্গে এসব উন্নয়ন প্রকল্পের সামঞ্জস্যতা নেই।
ফলে মানুষের মধ্যে দিনদিন বৈষম্য বাড়ছে, মানুষের জীবন যাত্রায় হতাশা বাড়ছে, কিন্তু তাদের জীবনমান বাড়ছে না। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, বিশিষ্ট অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ মানবজমিনকে দেয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন। তিনি বলেন, বড় বড় গ্রোথ পার্সেন্ট এসবতো উন্নয়ন নয়। ৮ দশমিক ৪ সরকারের যে হিসেবগুলো করা হচ্ছে, এতে সঠিকভাবে মানুষের জীবন মানের উন্নয়নের বিষয়টি কিন্তু প্রকাশ করে না। মানুষের মধ্যে দিনদিন বৈষম্য বাড়ছে, মানুষের জীবন যাত্রায় হতাশা কাজ করছে, তাদের জীবন মান অপেক্ষাকৃত ভালো বাড়ছে না। কিছু কিছু মানুষ আপনি দেখতে পারছেন যে, ঢাকায় বসে অনেকে পশ্চিমাদের লাইফ লিড করছে, আবার অন্যদের দেখেন তাদের কোন উন্নতি হচ্ছে না। তাদের সন্তানদের স্কুলে দিয়ে ভালো শিক্ষার মান পাচ্ছে না। এরপর স্বাস্থ্যের ব্যাপারে দেখেন, যেটা দিচ্ছেন সেটা শুধু নামে মাত্র, স্বাস্থ্যে বাংলাদেশের মানুষদের সব চেয়ে বেশি খরচ হয়। এটা অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। এভাবে শিক্ষা, কর্মসংস্থান সবখানে একই অবস্থা। সরকার থেকে বলা হচ্ছে, আমরা করছি, কিন্তু কী করা হচ্ছে দৃশ্যমান নয়। আপনি শিক্ষিত তরুণদের জন্য কী করছেন? যারা বেকার, চাকরি পাচ্ছে না তাদের জন্য কী করা হচ্ছে? যারা ব্যবসা করতে চায় তারা ফান্ড পাচ্ছে না। শুধু সামাজিক নিরাপত্তার উদাহরণ দিচ্ছেন কিন্তু সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কোথায়? সেটাতো হচ্ছে না, হবেও না। কারণ, অসমতা বা অসামঞ্জস্যতার যে কারণটা সেটাতো আগে দূর করতে হবে। যেমন ব্যাংকের ঋণ সবার কাছে তো যাচ্ছে না কিছু লোকের কাছে যাচ্ছে। তারপর যারা ব্যবসা করছে কিছু লোক সুযোগ পাচ্ছেন অন্যরা পাচ্ছে না। এরপর স্কুল-কলেজ, হাসপাতাল এগুলো যাদের রাজনৈতিক প্রভাব আছে তারা করছে। সুতরাং দিনদিন যে অসমতার অবস্থা তৈরি করছেন সেখানে হঠাৎ করে উপর থেকে সমস্যা সমাধান হবে না। স্থায়ী সমাধানের পথ খুঁজতে হবে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, যেকোন টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হলো গণতন্ত্র এবং সুশাসন। এটা ছাড়া কোন উন্নয়ন উন্নয়নই নয়। সেটাকে আমরা টেকসই উন্নয়ন বলতে পারবো না। হতে পারে কিছু উন্নয়ন কিন্তু গণতন্ত্র ও সুশাসন ছাড়া সেটা টেকসই হয় না।
টাঙ্গাইলে মৃত ব্যক্তিদের ‘জীবিত’ দেখিয়ে তোলা হচ্ছে বয়স্ক ভাতা!-দৈনিক যুগান্তর
টাঙ্গাইলের ঘাটাইলে মৃত ব্যক্তিদের কাগজে কলমে জীবিত দেখিয়ে তাদের নামে বছরের পর বছর ভাতা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি বয়স্ক ভাতা বাস্তবায়নের সব নীতিমালাকে উপেক্ষা করে ঘাটাইল ইউনিয়ন পরিষদে প্রণয়ন করা তালিকায় ২৮ মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। এছাড়া ভাতা গ্রহীতার কাছ থেকে অর্থ নেয়া, একই পরিবারে স্বামী-স্ত্রী ভাতা সুবিধা পাওয়া, অপেক্ষাকৃত কম বয়সী ব্যক্তিকে ভাতার কার্ড দেয়ার অভিযোগও উঠেছে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। উপজেলার ২নং ঘাটাইল ইউনিয়নের ২০টি গ্রামে অনুসন্ধানের পর ইউনিয়ন পরিষদের প্রণয়নকৃত বয়স্কভাতা তালিকায় এমন সব দুর্নীতি ও অসঙ্গতি ধরা পড়ে।
খালেদাকে ষড়যন্ত্রমূলকভাবে জামিন দেয়া হচ্ছে না : ফখরুল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে জামিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি এত অসুস্থ যে, তার অসুস্থতার পরেও তাকে জামিন দেয়া হচ্ছে না। এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে দেয়া হচ্ছে না। আমরা চেষ্টা করছি জনগণকে সংগঠিত করে দেশনেত্রীকে মুক্ত করার।
আজ নয়াপল্টন বিএনপপর কার্যালয়ের সামনে পুলিশি অবস্থান দেখে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।তিনি বলেন, সরকার তারা জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না। এর ধারাবাহিতকতায় র্যালি করতে অনুমতি দেয় না। এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণকে দমিয়ে রেখে, মানুষের আকাঙ্খাকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়।
‘পাপিয়ার কললিস্টে পাওয়া ৩৩ এমপি ও ১১ মন্ত্রীর নাম প্রকাশ করতে হবে’-দৈনিক যুগান্তর
জালটাকা, অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার যুবলীগ নেত্রী পাপিয়ার সব অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নেতাদের নাম জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। শনিবার দুপুরে নরসিংদীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। খায়রুল বলেন, ‘মাদক ও অস্ত্র ব্যবসাসহ নানা অপকর্মের হোতা পাপিয়া আওয়ামী লীগেরই সৃষ্টি। তাদের দলে আরও পাপিয়া রয়েছে। এই পাপিয়ার অপকর্ম শুধুমাত্র নরসিংদীকেই খাটো করে নাই, বিশ্বের বুকে বাংলাদেশকেও খাটো করেছে।’
পাপিয়ার মোবাইলের কললিষ্টে ৩৩ জন এমপি ও ১১ মন্ত্রীর নাম পাওয়া গেছে। জনগণের সম্মুখে তাদের নামও প্রকাশ করতে হবে।’ যাদের ছত্রছায়ায় পাপিয়ারা বেড়ে উঠেছে তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির এই নেতা।
দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, পাপিয়ার প্রশ্রয়দাতাদের তালিকা হচ্ছে
আসছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা * নজরদারিতে অনেকে সংকেত পেলেই জিজ্ঞাসাবাদ * পাপিয়ার সঙ্গে জড়িতদের বিষয়েও তদন্ত হচ্ছে।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি
করোনায় মৃত তিন হাজার, ছড়াচ্ছে দক্ষিণ কোরিয়া, মেক্সিকো-সহ ৫৬ দেশে-দৈনিক আনন্দবাজার পত্রিকা
চিন থেকে বিভিন্ন দেশে কার্যত দাবানলের মতো ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। দক্ষিণ কোরিয়ায় শনিবার করোনাভাইরাসে আরও ৫৯৪ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সংক্রমণের নতুন ঘটনাগুলি ঘটেছে দায়েগু শহরে।
এই ভাইরাসের সংক্রমণের ঘটনা ঘটেছে ৫৬টি দেশে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৫ হাজারের বেশি। মৃত্যু হয়েছে প্রায় হাজারতিনেক মানুষের। ইতালিতে মৃত্যু হয়েছে ১৯ জনের। মেক্সিকোয় শুক্রবার আক্রান্ত হয়েছেন এক জন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এই প্রথম ঘটনা ঘটল মেক্সিকোয়। ব্রাজিলের পর মেক্সিকোই লাতিন আমেরিকার দ্বিতীয় দেশ, যেখানে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল।আক্রান্তের খবর মিলেছে নাইজিরিয়া, নিউজিল্যান্ড, লিথুয়ানিয়া, বেলারুশ ও আজারবাইজানে।
ও দিকে, করোনাভাইরাসকে ‘শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর হানাদার’ বলে দাবি করে ‘মাইক্রোসফ্ট’-এর প্রাক্তন কর্ণধার বিল গেটস জানিয়েছেন, এই ধরনের ভাইরাসের আক্রমণ রোখার জন্য আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার গরিব দেশগুলিকে অর্থসাহায্য দেওয়া উচিত উন্নত দেশগুলির।
১৩ হাজার ২০০ ফোন পেয়েও নিষ্ক্রিয় ছিল দিল্লি পুলিশ! প্রকাশ্যে নয়া অভিযোগ-দৈনিক আনন্দবাজার
রাজধানীতে চার দিনব্যাপী সংঘর্ষ চলাকালীন দিল্লি পুলিশের কাছে ১৩ হাজার ২০০টি ফোন গিয়েছিল। কোথাও গুলি চলছে, কোথাও গাড়ি পুলিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ আসছিল। তা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। রাজধানীর পরিস্থিতি নিয়ে এক দিকে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক তখনই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্য সামনে আনল।
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর বিরোধী ও সমর্থকদের সংঘর্ষে গত ২৩ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দফায় দফায় তেতে উঠেছে রাজধানী দিল্লি। তাতে এখনও পর্যন্ত ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০০-র বেশি মানুষ। পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার জন্যই হিংসা এমন চরম আকার ধারণ করে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ফোনে বার বার অভিযোগ করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ।
আনন্দবাজার পত্রিকার অন্য একটি খবরে লেখা হয়েছে, সংঘর্ষের আবহ কেটে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে রাজধানীর উত্তর-পূর্ব অংশ। তবে চার দিন ব্যাপী তাণ্ডবের রেশ এখনও রয়ে গিয়েছে বিভিন্ন জায়গায়। চারদিকের পরিবেশ থমথমে। ১২৩টি এফআইআর করা হয়েছে। আটক করা হয়েছে ৬৩০ জনকে।
বিএসএফ জওয়ানেরও রেহাই নেই! দিল্লির হিংসার দিন বাড়ি পুড়িয়ে হামলাকারীরা বলেছিল, ‘ইধার আ পাকিস্তানি’-দৈনিক আজকাল
খাজুরি খাস এলাকার ৭৬ নম্বর বাড়ির মালিকের নাম মহম্মদ আনিস। বিএসএফের জওয়ান। মূল ফটকের ওপর নেমপ্লেটে নামের পাশে জ্বলজ্বল করছে বিএসএফের প্রতীক। তাতেও হামলাকারীদের হেলদোল হয়নি। বরং নাম পদবি পড়ে হুঙ্কার দেয়, ‘ইধার আ পাকিস্তানি, তুঝে নাগরিকতা দেতে হ্যায়!’ আনিস যে তিন বছর কাশ্মীরে থেকে সীমান্ত পাহারা দিয়েছেন, সেটাও তারা ভুলেছে।
CAA বিরোধী আন্দোলন ঘিরে এবার উত্তপ্ত মেঘালয়, সংঘর্ষে মৃত ১-দৈনিক সংবাদ প্রতিদিন
উত্তর-পূর্ব দিল্লির হিংসা পুরোপুরি থামার আগেই উত্তপ্ত হল মেঘালয়। CAA এবং ইনার লাইন পারমিট নিয়ে অশান্তির জেরে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন একজন। অশান্তি রুখতে উত্তর-পূর্বের এই রাজ্যের ৪৮ ঘণ্টার জন্য ছ’টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। জারি করা হয়েছিল সাময়িক কার্ফুও। রাজ্যে শান্তি বজায় রাখতে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এবং রাজ্যপাল তথাগত রায় আবেদন জানিয়েছেন।
‘কত টাকায় নিজেকে বেচলেন?’, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিকে কটাক্ষ অনুরাগের-সংবাদ প্রতিদিন
“অরবিন্দ কেজরিওয়াল মহাশয়, আপনাকে কী বলা যায় বলুন তো! ‘মেরুদণ্ডহীন’ শব্দটাও আপনার জন্য প্রশংসনীয় হবে। আপনি এবং আপনার দল AAP তো উধাও.. তারপর বলুন, কত টাকায় নিজেকে বিক্রি করলেন?” মন্তব্য অনুরাগ কাশ্যপের। দিল্লির অশান্তিতে এবার জোড়া তীর ছুঁড়লেন কাশ্যপ। বলিউড পরিচালকের নিশানায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তো বটেই, পাশাপাশি বরাবরে মতো বিজেপিকে বিঁধতেও ছাড়লেন না তিনি।
দৈনিক আজকাল লিখেছে, দিল্লির হিংসা নিয়ে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য গ্রেপ্তার করা হল বাঙালি অধ্যাপককে। অসমের শিলচরের গুরুচরণ শীল কলেজের অতিথি অধ্যাপক সৌরদীপ সেনগুপ্তর বিরুদ্ধে পড়ুয়ারাই পুলিশে এফআইআর দায়ের করেন বলে জানা গিয়েছে।
আবার পতন! সাত বছরের মধ্যে সর্বনিম্ন দেশের জিডিপি বৃদ্ধির হার-দৈনিক সংবাদ প্রতিদিন
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের (Nirmala Sitharaman) কৌশল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) আশ্বাস বা সরকারের আর্থিক উপদেষ্টাদের পরামর্শ। কোনও কিছুতেই কোনও কাজ হচ্ছে না। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পরিবর্তে আরও যেন তলিয়ে যাচ্ছে। তার প্রমাণ গত বছরের তৃতীয় কোয়ার্টারের সার্বিক বৃদ্ধির হার। গত ডিসেম্বর ত্রৈমাসিকে দেশের গড় অভ্যন্তরীণ উৎপাদনের হার বা জিডিপি ছিল ৪.৭ শতাংশ। যা গত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯