কথাবার্তা: 'শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না'
পাঠক/শ্রোতা: সবাইকে স্বাগত জানাচ্ছি ৩১ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। আসরের শুরুতেই যথারীতি বাংলাদেশ ও ভারতের দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম জানাব।
প্রথমে বাংলাদেশের পত্র-পত্রিকার কয়েকটি শিরোনাম।
- দৈনিক প্রথম আলো- ঢাকা-আরিচা মহাসড়কের ২০ কিলোমিটার যানজট। এ সম্পর্কে যুগান্তর লিখেছে- পাটুরিয়ায় ২০ কিলোমিটার গাড়ির লাইন।
- ঈদযাত্রায় সড়কে ঝরল ১১ প্রাণ- দৈনিক ইত্তেফাকের শিরোনাম
- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বরাত দিয়ে দৈনিক যুগান্তর পত্রিকার আরেকটি শিরোনাম এমন- ‘শোকের মাসে চাঁদাবাজি করলে কাউকে ছাড় দেয়া হবে না’।
- সামাজিক সমস্যা নিয়ে পুলিশ সূত্রের উল্লেখ করে দৈনিক প্রথম আলো বলেছে- ইয়াবার চালান হাতবদলের সময় বন্দুকযুদ্ধে তিন কারবারি নিহত।
- ভাড়া বাসায় স্বামী-স্ত্রী ও শিশু সন্তানের ঝুলন্ত লাশ- জানিয়েছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা
- দৈনিক মানবজমিনের একটি শিরোনাম- তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুদকের মামলা
- এ পত্রিকায় সাংবাদিক গোলাম মুর্তজার ফেইসবুক পোস্ট থেকে একটি শিরোনাম করা হয়েছে এমন- যে দেশে দশ হাজার টাকা দিয়ে একটি বটি কিনতে চাওয়া যায়।
আন্তর্জাতিক অঙ্গনের খবরাখবরও গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন পত্রিকায়। তবে প্রায় সব পত্রিকায় একটি খবর ছাপা হয়েছে। সেটি হলো- নির্বাচন পেছাতে ট্রাম্পের পরামর্শ, খারিজ করলেন রিপাবলিকানরা।
শ্রোতাবন্ধুরা, এবারে ভারতের কয়েকটি পত্রিকার শিরোনাম জেনে নেয়া যাক-
- ভুটানেও এলাকা দাবি চিনের, ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বেজিং, বলল আমেরিকা-দৈনিক আনন্দবাজার পত্রিকা
- এ পত্রিকার আরেকটি শিরোনাম- লালবাজারের কাছেই জাল স্যানিটাইজারের কারবার, পাকড়াও ২।
- আজকাল পত্রিকার গুরুত্ব দিয়ে শিরোনাম করেছে- প্রতিরক্ষা চুক্তি দুর্নীতিতে জয়া জেটলিসহ তিনজনের চার বছর কারাদণ্ড।
- দৈনিক সংবাদ প্রতিদিনের একটি শিরোনাম- ফের রাজ্যের সঙ্গে সংঘাত, বাংলাকে ‘হীরক রাজার দেশে’র সঙ্গে তুলনা রাজ্যপালের।
শ্রোতাবন্ধুরা শিরোনাম জানানোর পালা শেষ। এবার কয়েকটি সংবাদের বিস্তারিত
অ্যান্টিজেন, অ্যান্টিবডি কিট উদ্ভাবন করলেন দেশের বিজ্ঞানীরা। প্যাচে ফেলে আটকে দিয়ে এখন বিদেশ থেকে কিনে আনার প্রক্রিয়া চলছে। চীনের কোম্পানিকে ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল বিএমআরসি। স্বাস্থ্য মন্ত্রণালয় তা আটকে দিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ঘোষণা দিলেন, চীনের ভ্যাকসিন বাংলাদেশ বিনামূল্যে সবার আগে পাবে। এই বক্তব্য কোন তথ্যের ভিত্তিতে, তা জানা যায় নি।
চীনের ভ্যাকসিন সহজে পাওয়ার সম্ভাবনা তখনই তৈরি হতো, যদি আইসিডিডিআরবি’কে ট্রায়াল করতে দেওয়া হতো। ট্রায়াল করতে দেবেন না, আর চীন বিনামূল্যে এবং সবার আগে আপনাকে ভ্যাকসিন দেবে! আসলে কিটের মত ভ্যাকসিনও সম্ভবত আমরা কিনেই আনতে চাই। ঋণ করে ডলার আনবো। সেই ডলার দিয়ে উচ্চ মূল্যে কেনাকাটা করবো। দাম যত বেশি, বাজেট তত বেশি, লাভ আরও বেশি।
যে দেশে ১০ হাজার টাকা দিয়ে একটি বটি বা একটি ড্রাম কিনতে চাওয়া যায়, সে দেশে কেনার প্রতি আগ্রহ খুব স্বাভাবিক বিষয়।
আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন বা দুদক।
বৃহস্পতিবার সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১ এ উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার মামলাটি করেন। মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ৪২ কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ আনা হয়েছে।
অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার গভীর রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত তিন ঘণ্টা ফেরিতে যানবাহন ওঠানামা বন্ধ ছিল। এ ছাড়া যাত্রী ও যানবাহনের অস্বাভাবিক চাপের কারণে গতকাল মধ্যরাত থেকে পাটুরিয়া ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আজ সকাল ১০টার দিয়ে ঘাট এলাকা ছেড়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রায় ২০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ঈদে ঘরমুখী হাজারো মানুষ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘শোকের মাসে বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না।’ শুক্রবার রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে ঈদ প্রস্ততি বিষয়ক এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এ হুঁশিয়ারি দেন।
মার্কিন নির্বাচন নিয়ে যুগান্তর লিখেছে- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পিছিয়ে দিতে ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ প্রত্যাখ্যান করেছেন তার নিজ দল রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা।
সিনেটের সংখ্যাগরিষ্ঠ অংশের নেতা মিচ ম্যাককনেল এবং প্রতিনিধি পরিষদের শীর্ষ রিপাবলিকান নেতা কেভিন ম্যাককার্থি নভেম্বরের নির্বাচন স্থগিতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। ডাকযোগে ভোটিং ব্যবস্থায় কারচুপি ও ফল জালিয়াতির সম্ভাবনা থাকতে পারে মন্তব্য করে বৃহস্পতিবার ট্রাম্প নভেম্বরের নির্বাচন পিছিয়ে দেয়া যায় কিনা, তা নিয়ে আলাপ তুলেছিলেন। মানুষের ভোট দেয়ার যথাযথ, সুরক্ষিত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত নির্বাচন পিছিয়ে দেয়ার পরামর্শ দেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ডাকযোগে ভোটে জালিয়াতির যে যুক্তি দিচ্ছেন, তার পক্ষে তেমন শক্ত প্রমাণ নেই। রিপাবলিকান এ প্রেসিডেন্ট অবশ্য অনেকদিন ধরেই মেইল-ইন ভোটিংয়ের বিরোধিতা করে আসছেন।
কোলাকাতার পত্রিকা আনন্দবাজারে লেখা হয়েছে- করোনা থেকে বাঁচতে সবাই কিনছেন স্যানিটাইজার। আর সেই সুযোগে জাল স্যানিটাইজারের রমরমা কারবার চলছিল লালবাজার থেকে কয়েক কদম দূরে। বৃহস্পতিবার সেই জাল স্যানিটাইজারের গুদামে হানা দিয়ে ১ হাজার ৪০০ লিটার স্যানিটাইজার বাজেয়াপ্ত করলেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং গুন্ডা দমন শাখার আধিকারিকেরা।
পুলিশ সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তাঁরা ওই জাল স্যানিটাইজারের খোঁজ করছিল। শেষ পর্যন্ত হেয়ার স্ট্রিট থানা এলাকার ৩ নম্বর এবং ৮ নম্বর এজরা স্ট্রিটের দু’টি দোকান থেকে বিপুল পরিমাণ ওই জাল স্যানিটাইজারের হদিস মেলে।
তদন্তকারীরা জানিয়েছেন, দু’টি গুদামেই প্রচুর পরিমাণ বিভিন্ন ধরনের রাসায়নিক উদ্ধার হয়েছে এবং তার অধিকাংশই মানুষের পক্ষে ক্ষতিকারক।
সংবাদ প্রতিদিনের একটি খবর এমন- ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ভিডিও বার্তায় রাজভবনে প্রথম বর্ষপূর্তিতে নজিরবিহীন তোপ দাগলেন রাজ্যপাল। এক বছর কার্যকাল তাঁর কাছে স্মরণীয় তো বটেই, যন্ত্রণাদায়কও বললেন ধনকড়। বৃহস্পতিবারই রাজ্যপাল হিসাবে তাঁর এক বছর পূর্ণ হয়েছে। আর সেই নিয়ে ইউটিউবে ভিডিও পোস্ট করে মমতা সরকারকে একাধিক বিষয়ে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গকে ‘হীরক রাজার দেশ’ বলেও কটাক্ষ করেন ধনকড়।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/আশারাফুর রহমান/জিএআর/৩১