আগস্ট ০৮, ২০২০ ১২:৫৭ Asia/Dhaka
  • কথাবার্তা: আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৮ আগষ্ট শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • সিনহাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন ওসি প্রদীপ-দৈনিক প্রথম আলো
  • দেশে করোনায় আরো ৩২ মৃত্যু: স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক কালেরকণ্ঠ
  • আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
  • পাশে থেকে সবসময় প্রেরণা যুগিয়েছেন মা: প্রধানমন্ত্রী-দৈনিক বাংলাদেশ প্রতিদিন।
  • যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান: দৈনিক মানবজমিন-দৈনিক মানবজমিন

বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন ফজিলাতুন্নেছা’: দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:       

  • বিমানবন্দর নিয়ে আগেও সতর্ক করা হয়েছিল, উদ্ধার হল ব্ল্যাক বক্স-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • যোগীর রাজ্যে অসুস্থ বৃদ্ধাকে ক্রমাগত লাথি মারছে সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভিডিও ভাইরাল: দৈনিক আজকাল
  • সরকার মুক, বধির এবং অন্ধ’, এবার আশাকর্মীদের বেতনবৃদ্ধির দাবিতে সরব রাহুল-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন (৮ আগস্ট)

১. জেলে ফুরফুরে মেজাজে ওসি প্রদীপ! এ খবর দিয়েছে দৈনিক মানবজমিন পত্রিকা। কী বলবেন এ সম্পর্কে?

২. লেবাননের বৈরুত বন্দরের যে গুদামে বিস্ফোরণ ঘটেছে সেখানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র মজুদ ছিল বলে আন্তর্জাতিক কোনো কোনো মিডিয়া খবর দিয়েছে। তবে হিজবুল্লাহ এ খবর নাকচ করে বলেছে- সেখানে তাদের কোনো ক্ষেপণাস্ত্র ছিল না। আপনার পর্যবেক্ষণ কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

সিনহাকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন ওসি প্রদীপ-দৈনিক প্রথম আলো

মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানকে গুলি করার নির্দেশ দিয়েছিলেন টেকনাফ থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। টেকনাফের শামলাপুর চৌকিতে তল্লাশির সময় ওসির নির্দেশেই বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলী সিনহাকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়েন। সব গুলিই সিনহার শরীরে লাগে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ওসির সঙ্গে লিয়াকতের ফোনালাপের সূত্র ধরে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রথম আলোকে এ তথ্য জানান। জানতে চাইলে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ‘ফোনালাপের বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা যাচাই-বাছাই করে দেখছি।’ র‍্যাবের একটি সূত্র জানায়, শামলাপুর তল্লাশিচৌকিতে মেজর (অব.) সিনহাকে গুলি করার ঘটনা ঘটে ৩১ জুলাই রাত ৯টা ২৫ মিনিটের দিকে। এ সময় পরিদর্শক লিয়াকত ও তাঁর দল ‘ডাকাত ধরা’র প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন। সিনহা সেখানে পৌঁছালে লিয়াকত পরিচয় জানতে চান। সিনহা গাড়ির ভেতর থেকে নিজের পরিচয় দেন। লিয়াকত তাঁকে হাত ওপরে তুলে বেরিয়ে আসতে বলেন। সিনহা বেরিয়ে আসার পরপরই লিয়াকত তাঁকে লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের বিজয় মানে ভারতের বিজয়, আমাদের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন। কারণ ভারতের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় থেকেই মধুর সম্পর্ক, নাড়ির সম্পর্ক। তিনি বলেন, ভারতের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন হবার নয়। ভারতের সঙ্গে ইতিমধ্যে পানিচুক্তিসহ বিভিন্ন চুক্তি সম্পন্ন হয়েছে। ছোটখাট কিছু বিষয় আছে। আওয়ামী লীগ সরকারের প্রতি বিশ্বাস রাখুন, অনেক উন্নয়ন হয়েছে। আরও অনেক উন্নয়ন দেখতে পাবেন।

শনিবার মেহেরপুরে মুজিবনগর স্মৃতিসৌধ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা প্রত্যাশা করছি এ বছরই বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত একজনকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো। এর আগেও একজনকে ফিরিয়ে আনতে পেরেছি।

এর আগে শুক্রবার রাতে আবদুল মোমেন মেহেরপুর আসেন। শনিবার সকাল সোয়া ১০ টার দিকে তিনি সড়ক পথে মুজিবনগর পৌঁছান। এরপরই তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।

এসময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মো. জয়নাল আবেদিন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন, মেহেরপুরের পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্রাচার্য, অধ্যাপক হাসানুজ্জামান মালেকসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেন।

কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করা হবে : শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লব হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিপ্লব। যেখানে মানুষের স্বাভাবিক জীবন যাপনের সাথে একান্ত সঙ্গী হয়ে যাবে প্রযুক্তি। চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য একটি চ্যালেঞ্জ। এই শিল্প বিপ্লবের ফলে গতানুগতিক অনেক চাকরি বিলুপ্ত হয়ে যাবে। আবার চাকরি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এই চ্যালেঞ্জকে আমরা একটি সম্ভাবনায় পরিণত করতে চাই। এজন্য আমাদেরকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। আর এ লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কারিগরি শিক্ষায় ভর্তির হার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

শুক্রবার কারিগরি শিক্ষা বোর্ডের আয়োজনে চতুর্থ শিল্প বিপ্লবের সফল অংশীদার হতে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান প্রমুখ।

মন্ত্রী বলেন, আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার দক্ষতা অর্জন করতে হবে।মহিবুল হাসান চৌধুরী বলেন, চতুর্থ শিল্প বিপ্লব আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আর এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের জনশক্তিকে প্রয়োজনে রিস্কিলিং ও আপস্কিলিং করার প্রয়োজন হতে পারে। এজন্য আমরা বিভিন্ন রকম শর্ট কোর্স চালু করতে যাচ্ছি। তিনি আরো বলেন, সবার জন্য কারিগরি শিক্ষার সুযোগ তৈরি করতে কাজ করছে সরকার। মো. আমিনুল ইসলাম খান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ইনকাম বৈষম্য তৈরি হবে। কিছু লোক অল্প সময়ে প্রযুক্তিগত দক্ষতার কারণে অনেক বেশি আয় করবে আর অন্যদিকে কিছু লোক দীর্ঘসময় পরিশ্রম করে ও কোন রকমে জীবিকা নির্বাহ করবে। তাই শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিকুলাম পরিবর্তন করতে হবে।

পাশে থেকে সবসময় প্রেরণা যুগিয়েছেন মা: প্রধানমন্ত্রী

বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামে সবসময় পাশে থেকে প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুকে সঙ্গিনী হয়ে সাহস দিয়েছেন, দেশের জন্য কাজ করার। বঙ্গমাতার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আর্দশকে ধারণ করে বঙ্গমাতা সারাজীবন নিজেকে বিলিয়ে দেয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই ত্যাগ কখনো বৃথা যেতে দেয়া হবে না। বিলাসী জীবন নয়, বরং অসহায় মানুষের পাশে থাকার শিক্ষা প্রধানমন্ত্রী তার মায়ের কাছ থেকেই পেয়েছেন বলে জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৫৮ সালে মার্শল ল’ জারি হওয়ার পর আব্বা আলফা ইন্সুরেন্সে চাকরি করতেন। এই দু’বছর আমার মা সংসারের স্বাদ পেয়েছিলেন। কারণ তখন রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্ত্রী হওয়া স্বত্ত্বেও আমার মায়ের কোনো অহমিকা ছিল না। এরআগে সকালে বনানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা জানানো শেষে, বঙ্গমাতার আত্মার শান্তি ও দেশ জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকদের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান: দৈনিক মানবজমিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে রাশিয়া, চীন ও ইরান। এমন সতর্কতা দিয়েছেন ন্যাশনাল কাউন্টারইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি সেন্টারের পরিচালক উইলিয়াম ইভানিনা। শুক্রবার তিনি বলেছেন, এরই মধ্যে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে নেমে পড়েছে রাশিয়া। গোয়েন্দা সংস্থাগুলোর এমন প্রকাশ্য বিবৃতি অস্বাভাবিক। বলা হচ্ছে, ওই তিনটি দেশ অনলাইনে ভুয়া তথ্য ব্যবহার করছে। এ ছাড়া অন্য উপায়ে তারা ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। বিশৃংখলা উস্কে দেয়ার চেষ্টা করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় মার্কিন ভোটারদের যে আস্থা তাকে খর্ব করে দেখানোর চেষ্টা করছে।

ওদিকে নিউ জার্সিতে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ৩রা নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে হস্তক্ষেপ হলে তিনি ব্যবস্থা নেবেন। তার কথায়, আমরা তাদের সবার দিকে নজর রেখেছি। এ বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে। তিনি আরো বিশ্বাস করেন নির্বাচনে তিনি পরাজিত হোন এমনটা চাইছে রাশিয়া, চীন ও ইরান।

এ ছাড়া এই নির্বাচনে বিদেশি বৈরিতার মুখোমুখি হতে পারে। তারা ভোটিং প্রক্রিয়ায় স্যাবোটাজ করতে পারে। নষ্ট করতে পারে নির্বাচনের ডাটা। এর ফলে নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্নের সৃষ্টি হতে পারে। তাই উইলিয়াম ইভানিনা বলেন, তবে আমাদের ভোটিং ব্যবস্থায় হস্তক্ষেপ করা খুব কঠিন হবে। ওদিকে মেইলে ভোটিং ব্যবস্থার অখ-তা নিয়ে বড় ঝুঁকির কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, এ ব্যবস্থায় তাদের পক্ষে ব্যালট জালিয়াতি করা খুব সহজ হবে। করোনা ভাইরাস সংক্রমণের ফলে ভোটাররা নভেম্বরের নির্বাচনে ভোটকেন্দ্রে কম যাবেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে এক্ষেত্রে মেইলে বা ডাকে ভোট দেয়ার দাবি জোরালো হচ্ছে। কিন্তু এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ট্রাম্প। তিনি মনে করেন এ পদ্ধতিতে ভোট হলে তা বড় রকমের ঝুঁকিতে পড়বে।

যুক্তরাষ্ট্রের বেশ কিছু গোয়েন্দা সংস্থা এরই মধ্যে বলেছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতিয়ে আনতে কাজ করেছে রাশিয়া। তারা নির্বাচনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বিজয়ী হওয়ার সুযোগকে নষ্ট করেছে। এ অভিযোগ রাশিয়া অস্বীকার করেছে। উইলিয়াম ইভানিনা শুক্রবার সতর্ক করেছেন যে, রাশিয়া এরই মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পিছু লেগে পড়েছে। এক বিবৃতিতে জো বাইডেনের প্রচারণা শিবির বলেছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি শক্তিকে প্রকাশ্যে ও বার বার আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে সুবিধা দিতে অথবা নির্বাচনে বিপক্ষকে ক্ষতি করতে।

উইলিয়াম ইভানিনা বলেছেন, রাশিয়াপন্থি ইউক্রেনের রাজনীতিক অ্যান্দ্রিই ডারকাচ দুর্নীতি নিয়ে নানা কথা প্রচার করছেন। এমনকি জো বাইডেনের প্রচারণা শিবির ও ডেমোক্রেটদের ফোনকল প্রকাশ্যে ফাঁস করার মধ্য দিয়ে এসব করছেন। ওদিকে ইউক্রেনে ব্যবসায় লিপ্ত থাকা জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনের বিষয়ে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। ইভানিনা বলেন, ক্রেমলিনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা ট্রাম্পে প্রার্থিতাকে সমুন্নত রাখার চেষ্টা করছেন। এ জন্য তারা সামাজিক মাধ্যম এবং রাশিয়ার টেলিভিশন ব্যবহার করছেন। তিনি বলেন, তার এজেন্সির তদন্তে দেখা গেছে, চীন চাইছে ট্রাম্প যেন নতুন মেয়াদে নির্বাচিত না হন। বেইজিং তাকে খুব বেশি অপছন্দ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে চীনও।

বঙ্গবন্ধুর রাজনৈতিক সহযোদ্ধা ছিলেন ফজিলাতুন্নেছা: দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুর সহধর্মিণীই ছিলেন না। তিনি ছিলেন বঙ্গবন্ধুর সার্বক্ষণিক রাজনৈতিক সহযোদ্ধা। শনিবার সকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে নিজের বাসভবন থেকে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে শুধু বাঙালির জাতির পিতা আর বাংলাদেশের স্রষ্টাই হননি, তিনি হয়ে উঠেছিলেন একজন বিশ্ববরেণ্য রাজনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। আর এর পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তারই সহধর্মিণী ও বাঙালির মুক্তি সংগ্রামের সহযোদ্ধা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

তিনি বলেন, বঙ্গমাতা বেগম মুজিবের সাথে বিশ্বের আরেক খ্যাতিমান নারী এলিনর রুজেভেল্টের অনেক সাদৃশ্য রয়েছে। এলিনর রুজেভেল্ট যুক্তরাষ্ট্রে চারবার নির্বাচিত ও দীর্ঘকালীন প্রেসিডেন্ট ফ্রন্কলিন ডি রুজেভেল্টের স্ত্রী। বেগম মুজিব আর এলিনর রুজেভেল্ট দু’জনেই শৈশবে তাদের বাবা-মাকে হারিয়েছিলেন, দু’জনেই তাদের চাচাতো ভাইকে বিয়ে করেছিলেন আর দু’জনেই তাদের স্বামীর রাজনীতিতে অসামান্য ভূমিকা রেখেছিলেন। তবে দু’জনের মধ্যে পার্থক্য হচ্ছে শেখ ফজিলাতুন্নেছা মুজিব একটা রাষ্ট্রের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে প্রত্যক্ষ অবদান রেখেছিল, আর এলিনর রুজেভেল্টের তা করা হয়নি।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক অর্থাৎ ৭ মার্চের ভাষণের আগমূহুর্তে বঙ্গমাতাই জাতির পিতাকে চূড়ান্ত অনুপ্রেরণা যুগিয়েছিলেন। তিনি বলেন, ‘জাতির পিতার আমৃত্যু সঙ্গী মহীয়সী নারী, দেশের স্বাধীনতাসহ সকল গৌরব অর্জনের নেপথ্য প্রেরণাদাত্রী বঙ্গমাতা মুজিব।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি।

বিমানবন্দর নিয়ে আগেও সতর্ক করা হয়েছিল, উদ্ধার হল ব্ল্যাক বক্স-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কোঝিকোড়ে দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার হল শনিবার সকালে। ডাইরেক্টেরট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) সূত্রে এমনটাই জানানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এ দিন সকালেই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন। ঘটনাস্থল সরেজমিনে দেখার পর তিনি বলেন, “কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।” অন্য দিকে, উদ্ধারকাজের জন্য মালাপ্পুরম এবং ওয়নাড থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর(এনডিআরএফ) দুটি  এবং সিআইএসএফ-এর একটি দল এ দিন সকালেই ঘটনাস্থলে পৌঁছেছে।

শুক্রবার রাতের এই দুর্ঘটনায় পাইলট ও কো-পাইলট-সহ এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৭৩ জন যাত্রী। কোঝিকোড় এবং মালাপ্পুরমের বিভিন্ন হাসপাতালে ১৪৯ জন যাত্রীর চিকিত্সা চলছে। ২২ জনের অবস্থা গুরুতর।

যোগীর রাজ্যে অসুস্থ বৃদ্ধাকে ক্রমাগত লাথি মারছে সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভিডিও ভাইরাল

যত কান্ড যোগীর রাজ্যে। এবার সরকারি হাসপাতালের নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এক বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল। ঘটনার ভিডিও ভাইরাল হতেই গ্রেপ্তার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষীকে। 

প্রয়াগরাজের স্বরূপ রানী নেহরু সরকারি হাসপাতালের ট্রমা সেন্টারের বাইরে আশ্রয় নিয়েছিলেন ৮০ বছরের এক বৃদ্ধা। তিনি যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। সাহায্য চেয়ে কান্নাকাটি করছিলেন। তখনই ঘটনাস্থলে হাজির হয় নিরাপত্তারক্ষী সঞ্জয় মিশ্র। এরপর ওই বৃদ্ধাকে তিনি লাথি মারতে থাকেন। ক্রমাগত ওই নিরাপত্তারক্ষী হেনস্থা করতে থাকে ওই বৃদ্ধাকে। কিছুদূরে দাঁড়িয়ে ঘটনাটি ক্যামেরাবন্দি করছিলেন দুই প্রত্যক্ষদর্শী। তারা কেন বৃদ্ধাকে বাঁচাতে এগিয়ে যাননি, সেই প্রশ্ন উঠেছে। কিন্তু বৃহস্পতিবার রাতের এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। তারপরই ওই বৃদ্ধাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। যে সংস্থা থেকে ওই নিরাপত্তারক্ষীকে নেওয়া হয়েছিল, তাদের বরখাস্ত করা হয়েছে। নিরাপত্তারক্ষীকেও সরিয়ে দেওয়া হয়। শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় সঞ্জয় মিশ্রকে।

টুইটারে কেউ বলেছেন, ‘‌একজন নিরাপত্তারক্ষী প্রয়াগরাজের হাসপাতালে বৃদ্ধাকে মারধর করছে। উত্তরপ্রদেশ পুলিশ জবাব দাও।’‌ একজন বলেছেন, ‘‌সরকারি হাসপাতালে গরিব মানুষকে এভাবে হেনস্থা হতে হচ্ছে চিকিৎসার জন্য।’‌ লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। 

সরকার মুক, বধির এবং অন্ধ’, এবার আশাকর্মীদের বেতনবৃদ্ধির দাবিতে সরব রাহুল-দৈনিক সংবাদ প্রতিদিন

অনেকেই বলেন, করোনা মোকাবিলায় গ্রামীণ স্বাস্থ্যব্যবস্থার ভিত হয়ে দাঁড়াতে পারেন অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট (Accredited Social Health Activist) অর্থাৎ আশাকর্মীরা। মহামারীর আবহে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বৃদ্ধি এবং করোনা রোগীদের শনাক্তকরণ তথা ‘কন্ট্যাক্ট ট্রেসিং’য়ের জন্য আশারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। অথচ, তাদেরই কাজ করতে হচ্ছে নামমাত্র বেতনে। যার প্রতিবাদে এবার সরব হলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, এই সরকার এতদিন শুধু বোবা ছিল, এবার বধির এবং অন্ধও হয়ে গিয়েছে।

করোনা পরিস্থিতিতে আশাকর্মীদের প্রশংসা এর আগে একাধিকবার শোনা গিয়েছে এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, লকডাউনের কয়েকমাসে শুধু বাংলাতেই ১৬ কোটি বার বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিয়ে এসেছেন আশাকর্মীরা। অর্থাৎ রাজ্যের ২ কোটি পরিবারে আটবার করে গিয়েছেন তাঁরা। বাংলার মতো অন্য রাজ্যগুলিতেও একইরকম পরিশ্রম করেছেন আশাকর্মীরা (ASHA)। তাঁদের অভিযোগ, এই বিপদের দিনে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা সত্বেও কেন্দ্র সরকার তাঁদের প্রতি একেবারেই উদাসীন। একে তো নামমাত্র বেতনে কাজ করতে হচ্ছে, তার উপরে পিপিই, মাস্ক, কিছুই সরকার দিচ্ছে না। বারবার দৃষ্টি আকর্ষণ সত্বেও সরকার দাবি না মানায় এবার কর্মবিরতির পথে হেঁটেছেন তৃণমূল স্তরের এই স্বাস্থ্যকর্মীরা।

শ্রোতাবন্ধুরা কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারো আগামী আসরে। #

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।