আগস্ট ২৫, ২০২০ ১২:২৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৫ আগস্ট মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম ও আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে–প্রথম আলো
  • রোহিঙ্গা সংকট সমাধানে সরকার কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে-কাদের-দৈনিক যুগান্তর 
  • বাংলাদেশ-ভারত সম্পর্ক যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে গভীর-সালমান এফ রহমান-দৈনিক মানবজমিন
  • বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা-দৈনিক ইত্তেফাক
  • হাসপাতালে অভিযান নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি কেন বেআইনি নয়-হাইকোর্টের রুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • পিএম কেয়ারের টাকায় কেনা ভেন্টিলেটরের দামে ব্যাপক কারচুপির অভিযোগ-ফাঁস আর টি আইএতে-দৈনিক সংবাদ প্রতিদিন
  • কেরলে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ, ৮৭ ভোটে জয় বিজয়ন সরকারের-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • ভারতে আজ থেকে শুরু অক্সফোর্ডের কোভিড ১৯ টিকার দ্বিতীয় পর্যায়ের প্রয়োগ-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

শুরুতেই বিশ্বজুড়ে  করোনার সর্বশেষ খবর। তারপর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর। 

একনজরে বিশ্ব করোনার খবর: ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২ কোটি ৩৮ লাখ ছাড়াল। আর মোট মৃত্যুর সংখ্যা ৮ লাখ ১৭ ছাড়িয়েছে। ভারতে ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ৬১ হাজার। এ সময় মারা গেছেন ৮৪৮ জন। মোট আক্রান্ত ৩১ লাখ ৬৭ হাজার ৩২৩ জন এবং মোট মৃত্যু ৫৮ হাজার ৩৯০ জন। বাংলাদেশের করোনার সর্বশেষ খবরে বিভিন্ন দৈনিক লেখা হয়েছে, ২৪ ঘন্টায় ৪৫ জন মারা গেছেন। এদিকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে, শীতের আগে ভ্যকসিন না এলে আরো ভয়াবহ রূপ নিতে পারে করোনা-আশঙ্কা বিশেষজ্ঞদের।

 বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে কারা-তদন্তে কমিশন করছে সরকার-দৈনিক ইত্তেফাক

বিস্তারিত খবরে লেখা হয়েছে, আইনমন্ত্রী আনিসুল হক বিবিসিকে জানিয়েছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনের শক্তি এবং রাজনৈতিক উদ্দেশ্য চিহ্নিত করার জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। আনিসুল হক বলেছেন, এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সাবেক সেনা সদস্যদের বিচার হলেও এর পেছনের রাজনীতি এবং ষড়যন্ত্রের ব্যাপারে তদন্ত হয়নি। সেজন্য তারা কমিশন গঠন করছেন। বিরোধীদল বিএনপির নেতারা বলেছেন, তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে টার্গেট করে রাজনৈতিক উদ্দেশ্যে এই কমিশন করা হচ্ছে কিনা-এই প্রশ্ন তাদের রয়েছে।

আর দৈনিক প্রথম আলোর একটি খবরে লেখা হয়েছে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ১৫ ও ২১ আগস্টের ঘটনায় জিয়া-খালেদাকে জড়ানো হচ্ছে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে গভীর-দৈনিক মানবজমিন

বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় যোগাযোগে ব্যাপক উন্নয়ন হলেও যতোটা প্রচার হওয়ার কথা ছিল, ততোটা হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। গতকাল ভারতীয় হাইকমিশনের আয়োজনে বাংলাদেশে ভারতীয় শীর্ষ নির্বাহীদের সঙ্গে এক আলাপচারিতায় তিনি বলেন, যদি দুই দেশের মধ্যে যোগাযোগ ঘটে, তখন অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পায়। এটি দুই  দেশের মধ্যে প্রতিযোগিতার সম্পর্ক নয়, বরং একে-অপরের সহযোগী হওয়ার বিষয়। আর ভারতের ক্ষেত্রে এই কথা আরো বেশি প্রযোজ্য, কেননা দুই দেশের মধ্যে এক ঐতিহাসিক সম্পর্ক বিদ্যমান।”

রুপা হত্যার ৩ বছর আজ, রায় কার্যকর নিয়ে সংশয় পরিবারের-দৈনিক কালের কণ্ঠ, ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে, বহুল আলোচিত জাকিয়া সুলতানা রুপা হত্যার আজ তিন বছর। ২০১৭ সালের ২৫ আগস্ট চলন্ত বাসে গণধর্ষণের পর পৈশাচিক কায়দায় হত্যা করা হয় আইন বিভাগের ছাত্রী রুপাকে। ২৭ আগস্ট রাতেই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছোঁয়া পরিবহনের বাসের চালক, সুপারভাইজার ও ৩ হেলপারকে গ্রেফতার করে মধুপুর থানা পুলিশ। ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি বিচারক আবুল মনসুর মিঞাসহ ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে রায় কার্যকর নিয়ে সংশয় ও ব্যাপক হতাশা দেখা দিয়েছে নিহতের পরিবারের।

শিক্ষা বিষয়ক একটি খবরে বাংলাদেশ প্রতিদিনসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, এ বছর কেন্দ্রীয়ভাবে পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ বিষয়ে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্য বিষয়ক একটি খবরে দৈনিক কালের কণ্ঠ লিখেছে, অনুমতি ছাড়া দেশের যেকোনো সরকারি ও বেসরকারি হাসপাতালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান পরিচালনা করা থেকে বিরত থাকতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া চিঠি কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

কেরলে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ, ৮৭ ভোটে জয় বিজয়ন সরকারের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

প্রায় চার ঘণ্টা ধরে নানা টানাপড়েন এবং বিরোধীদের তুমুল হই-হট্টগোলের মধ্যেই ৮৭ ভোটে জয় এল পিনারাই বিজয়নের সরকারের। দুর্নীতির অভিযোগ তুলে কেরল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস পরিচালিত ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (ইউডিএফ)-সহ বিরোধী দলগুলো। তাদের পক্ষে ভোট পড়ে ৪০টি। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তুলোধোনা করেন কংগ্রেস ও তার শরিক দল মুসলিম লিগকে। মুখ্যমন্ত্রী বলেন, “বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস। ক্ষমতার লালসায় বাম সরকারের বিরুদ্ধে ভুয়ো রটনা করছে তারা।”

ফের সভাপতি হবেন রাহুল! নির্বাচন ঘোষণা করেও প্রত্যাবর্তনের পথ প্রশস্ত করছে কংগ্রেস-দৈনিক সংবাদ প্রতিদিন

২৩ জন প্রথম সারির নেতার লেখা সাত পাতার চিঠি। সেই নিয়ে ৭ ঘণ্টার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। দোষারোপ, পালটা দোষারোপ, উত্তপ্ত বাক্য বিনিময়। কিন্তু নিট ফল সেই যা ছিল তাই-ই। কোনও পরিবর্তন হয়নি কংগ্রেসের নেতৃত্বে। অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়াকেই দিনের শেষে গান্ধীদের প্রতি আনুগত্য দেখিয়েছেন।পরিবর্তন বলতে শুধু একটাই হয়েছে। সেটা হল নির্বাচন ঘোষণা। সোমবারের ৭ ঘণ্টার বৈঠকের পর কংগ্রেস জানিয়েছে, আগামী মাস ছ’য়েকের মধ্যেই সোনিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে, এবং এআইসিসির অধিবেশন ডেকে পূর্ণ সময়ের সভাপতি নিয়োগ করা হবে। কিন্তু এই নির্বাচন ঘোষণা করলেও, দল যে রাহুল গান্ধীকেই ফের সভাপতি পদে চাইছে, তাও জানিয়ে দিয়েছেন কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনাম-লম্ফঝম্পই সার! চিনের সঙ্গে বাণিজ্য চুক্তি কার্যকর করতে ‘রাজি’ আমেরিকা। বিস্তারিত খবরে লেখা হয়েছে, করোনা পরিস্থিতি নিয়ে চিনকে বারবার হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এমনকী, বেজিংয়ের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লাদাখে ড্রাগনের ‘আগ্রাসন’-এর কড়া নিন্দা করেছেন মার্কিন আধিকারিকরা। পিছিয়ে দেওয়া হয়েছে বাণিজ্য চুক্তি আলোচনাও। এমন পরিস্থিতিতে সেই বাণিজ্য চুক্তি বাস্তবায়িত করতে দুদেশের মধ্যে ফোনে একপ্রস্থ কথা হল। বেজিংয়ের দাবি, বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় বাস্তবায়িত করা নিয়ে দুপক্ষের মধ্যে কথা হয়েছে। দ্রুত তা বাস্তবায়িত করতে আগ্রহী দু’দেশেই। এরপরই আমেরিকার চিন বিরোধী মনোভাব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৫