একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১৮ নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরবো।
প্রথমে বাংলাদেশ:
- বাস পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতা-কর্মীর আগাম জামিন- দৈনিক প্রথমআলো
- জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে' :-দৈনিক কালেরকণ্ঠ
- জলবায়ু পরিবর্তন কোভিডের চেয়ে বড় হুমকি: রেডক্রস-দৈনিক যুগান্তর
- বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না: সজীব ওয়াজেদ : দৈনিক ইত্তেফাক
- প্রত্যাবাসনে জোর, আপাতত ১ লাখ রোহিঙ্গা ভাষানচরে যাবে: পররাষ্ট্রমন্ত্রী- দৈনিক মানবজমিন
-
বিবিসি বাংলার প্রতিবেদন-সাকিবের পূজায় যোগ দেয়া নিয়ে যা বলছেন কলকাতার আয়োজকরা- স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন
-
দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু-নতুন শনাক্ত ২,১১১-দৈনিক নয়াদিগন্ত
কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:
- অন্য দলে যান বা নতুন দল গড়ুন, সিব্বলকে হুঁশিয়ারি অধীরের- দৈনিক আানন্দ বাজার
- কী উদার! ত্যাগের কাহিনি লিখতে গিয়ে কলমের কালিও কম পড়বে’, বিজেপিকে খোঁচা শিবসেনার- দৈনিক আজকাল
- মানুষের মনোবল ভেঙে যাচ্ছে, এটা বিকাশ না বিনাশ?’ আবারও কেন্দ্রকে তোপ রাহুলের -প্রতিদিন
এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি
বাস পোড়ানোর মামলায় বিএনপির ১২০ নেতা-কর্মীর আগাম জামিন- দৈনিক প্রথমআলো
বাস পোড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ ১২০ জন নেতা-কর্মী আগাম জামিন পেয়েছেন।
আগামী ৫ জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই ১২০ জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১২০ জনের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন।
পুলিশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট ১১টি বাস পোড়ানো হয়।
এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় ১০টির বেশি মামলা হয়। এর বাইরে পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায়ও মামলা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় যেসব মামলা হয়েছে, তাতে মোট আসামি সাড়ে ছয় শর মতো। এর মধ্যে বাস পোড়ানো মামলার মোট আসামি সাড়ে পাঁচ শর মতো।
গত ১৬ নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানিয়েছিলেন, ১৪টি মামলায় বিএনপির ১৪০ জন নেতা-কর্মী হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। এর ধারাবাহিকতায় আজ পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টে শুনানির জন্য ওঠে।
বিএনপির নেতা-কর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান।আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী, শাহজাহান ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস, মজিবুর রহমান ও কাজী মো. জয়নাল আবেদিন।
জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করছে' :-দৈনিক কালেরকণ্ঠ
জন্মলগ্ন থেকে বিএনপি মানুষের অধিকার হরণের রাজনীতি করে আসছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'দেশের রাজনীতিতে নৈরাজ্য, হত্যা আর সন্ত্রাসের আমদানি ও চর্চা বিএনপি জন্মলগ্ন থেকেই করে আসছে। অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ আজ বিপন্ন।'
বুধবার (১৮ নভেম্বর) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুলের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন, দেশে নাকি আগ্রাসী শক্তি আঘাত হানছে। আগ্রাসী শক্তি বলতে তিনি কী বুঝিয়েছেন? বিএনপির রাজনীতিতে হতাশা আর ব্যর্থতা এতটাই ভর করেছে যে, এখন তারা আর মিথ্যাচার ছাড়া স্বাভাবিক কিছু বলতে পারে না।
জলবায়ু পরিবর্তন কোভিডের চেয়ে বড় হুমকি: রেডক্রস-দৈনিক যুগান্তর
রেড ক্রস জানিয়েছে, বিশ্বব্যাপী উষ্ণায়ন কোভিড ১৯-এর চেয়ে বড় হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব করোনাভাইরাস সংকটের মতো জলবায়ু পরিবর্তনকেও একই ধরনের গুরুত্ব দিয়ে দেখা উচিত বিশ্বকে।
আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) নতুন এক প্রতিবেদনে মঙ্গলবার আরও বলা হয়েছে, এমনকি মহামারীর ভয়াবহ প্রকোপের মতো জলবায়ু পরিবর্তনের ধ্বংসযজ্ঞ বিরতি নেবে না। খবর এএফপির।
জেনেভাভিত্তিক সংস্থাটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মার্চ মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন মহামারীর ঘোষণা দিল, সেই সময় থেকে হিসাব করলে ১৯৬০-এর দশকের পর থেকে বিশ্বে শতাধিক বিপর্যয় ঘটেছে এবং সেসব বিপর্যয়ের বেশিরভাগ ছিল জলবায়ু সম্পর্কিত। ৫ কোটিরও বেশি মানুষ এসব বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন ধর্মনিরপেক্ষতার মূলনীতি থেকে সরে যেতে পারে না: সজীব ওয়াজেদ : দৈনিক ইত্তেফাক
বাংলাদেশ তার প্রতিষ্ঠাকালীন মূলনীতি ধর্মনিরপেক্ষতা থেকে সরে যেতে পারে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ। মঙ্গলবার রাত ৮টায় ইয়াং বাংলা আয়োজিত জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বলেন, আমরা যে ধর্মেরই হইনা কেনো, আমরা সবাই বাঙ্গালী।
অনুষ্ঠানে তরুণ সংগঠকদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ বলেন, প্রতিবার আপনাদের দেখে আমি অনুপ্রাণিত হই। তিনি বলেন, আমাদের দেশে নালিশ করার একটা সংস্কৃতি রয়েছে। কিন্তু এই তরুণদের দেখুন, তারা নালিশ না করে নিজ সমাজের সমস্যা সমাধানে নিজ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করে যাচ্ছে। অন্যের দিকে তাকিয়ে না থেকে নিজে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সিআরআই চেয়ারম্যান সজীব ওয়াজেদ বলেন, যারা এখানে পুরস্কার পেয়েছেন এবং যারা পুরস্কার পাননি তাদের সবাইকে ধন্যবাদ। কেননা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো, তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা সেই কাজটি করছেন। এ সময় তিনি আরো বলেন, করোনা পরিস্থিতিতে যখন বিভিন্ন উন্নত দেশে মৃত্যু হার অনেক বেশি, সেখানে আমাদের মৃত্যু হার কম। একটি মৃত্যুও অবশ্য কাম্য নয়। তারা তাদের মেধাবী ডাক্তারদের কথা শোনেনি। কিন্তু আমরা শুনেছি।
বিবিসি বাংলার প্রতিবেদন-সাকিবের পূজায় যোগ দেয়া নিয়ে যা বলছেন কলকাতার আয়োজকরা- স্বাস্থ্যমন্ত্রী দৈনিক বাংলাদেশ প্রতিদিন
বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের কলকাতায় একটি কালীপূজার উদ্বোধনে থাকা নিয়ে যে সমালোচনা হচ্ছে, তা উগ্র মৌলবাদীদের কাজ বলে মনে করেন ওই পূজা কমিটির প্রধান উদ্যোক্তা ও তৃণমূল কংগ্রেস নেতা পরেশ পাল।
তিনি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সাকিব আল হাসান তাদের পূজোর উদ্বোধন কখনই করেননি। তাই মুসলমান হয়েও হিন্দুদের পূজায় কেন হাজির ছিলেন, সেই প্রশ্ন তুলে তার সমালোচনা করা অন্যায্য। ওই পূজার উদ্বোধন আসলে করেছিলেন এক হিন্দু সন্ন্যাসী, বলছেন পূর্ব কলকাতার বেলেঘাটা অঞ্চলের বিধায়ক পরেশ পাল। পূর্ব কলকাতার কাঁকুড়গাছি এলাকায় যে কালীপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বাংলাদেশে সমালোচনার মুখে পড়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান, সেই মণ্ডপটি এখন ফাঁকা। প্রতিমা বিসর্জন হয়ে গেছে। কিন্তু পূজা মণ্ডপের চারদিকে এখনও বড় বড় হোর্ডিংয়ে সাকিব আল হাসানের ছবি ছড়িয়ে রয়েছে।
প্রত্যাবাসনে জোর, আপাতত ১ লাখ রোহিঙ্গা ভাষানচরে যাবে: পররাষ্ট্রমন্ত্রী- দৈনিক মানবজমিন
চূড়ান্ত লক্ষ্য রাখাইনে ফেরানো (প্রত্যাবাসন)। এ নিয়েই ঢাকার সব তৎপরতা। তবে আপাতত ১ লাখ রোহিঙ্গা ভাষানচরে যাবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, মিয়ানমারে নতুন সরকার গঠনের পরই প্রত্যাবাসন বিষয়ে ফের আলোচনা শুরু হবে। রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া যেকোনো সময় শুরু করতে বাংলাদেশ প্রস্তুত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ এরই মধ্যে চীনসহ প্রত্যাবাসন সংশ্লিষ্টদের মাধ্যমে নতুন করে মিয়ানমারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছে। করোনা মহামারির কারণে গত ২০শে জানুয়ারির পর (গত ১০ মাস) এ নিয়ে আলাপ-আলোচনা বন্ধ ছিল জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তীতে মিয়ানমারে সাধারণ নির্বাচনের ব্যস্ততা শুরু হয়ে যায়। ৮ই নভেম্বর নির্বাচন শেষ হয়েছে। অং সান সুচির জোট নির্বাচনে পুনরায় জয়ী হয়েছে। এখন তারা সরকার গঠনের প্রস্তুতিতে রয়েছে।
দেশে করোনায় আরো ২১ জনের মৃত্যু-নতুন শনাক্ত ২,১১১-দৈনিক নয়াদিগন্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ সময়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ২ হাজার ১১১ জনের দেহে।
এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ২৭৫ জন। আর মোট শনাক্ত হলো ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন করোনা রোগী। বুধবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৩ জন। এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।
অন্য দলে যান বা নতুন দল গড়ুন, সিব্বলকে হুঁশিয়ারি অধীরের- দৈনিক আানন্দ বাজার
বিহার নির্বাচনে ভরাডুবির পর ফের প্রকাশ্যে কংগ্রেসের অভ্যন্তরীণ কাজিয়া। পরিস্থিতি এতটাই চরমে যে, প্রবীণ নেতা তথা সাংসদ কপিল সিব্বলকে দল ছেড়ে বেরিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে বসলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী। তার পিঠোপিঠি বুধবার সন্ধ্যায় দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন দলনেত্রী সনিয়া গাঁধী। তার অব্যবহিত আগে অধীরের এই মন্তব্য ‘তাৎপর্যপূর্ণ’। তাঁদের মতে, এমনিতে গাঁধী পরিবারের আস্থাভাজন হিসেবে পরিচিত অধীর। তাঁর এই মন্তব্যের পিছনে হাইকম্যান্ডের অনুমোদন থাকার সম্ভাবনা। ফলে কংগ্রেসের অন্দরমহলের ধারণা, অধীরের মাধ্যমে সিব্বলকে বার্তা পাঠিয়েছে গাঁধী পরিবারই।
কী উদার! ত্যাগের কাহিনি লিখতে গিয়ে কলমের কালিও কম পড়বে’, বিজেপিকে খোঁচা শিবসেনার- দৈনিক আজকাল
বিহারে নীতীশের জন্য মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেওয়ায় ফের বিজেপিকে খোঁচা ‘একদা প্রিয়’ শরিক শিবসেনা। সম্প্রতি বিহার ভোটে আসন জেতার নিরিখে তৃতীয় স্থান দখল করেছে নীতীশ নেতৃত্বাধীন জেডিইউ। রাজনৈতিক পর্যবেক্ষকদের দাবি, জেডিইউ–র খারাপ ফল সত্ত্বেও বিজেপির ৭৪টি আসনের জোরেই ভোট বৈতরণী পার করেছে এনডিএ। তারপরও নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদে বহাল রাখতে সম্মতি দিয়েছে। গত বছর মহারাষ্ট্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু শিবসেনাকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয়নি বিজেপি। যার জেরে জোটে ভাঙন এবং শেষমেশ কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট গড়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। সেই প্রসঙ্গ তুলেই এবার মুখপত্র ‘সামনা’য় লেখা হল, ‘বিজেপি কী উদার! এই রাজনৈতিক ত্যাগের বর্ণনা করতে গিয়ে কলমের কালিও শেষ হয়ে যাবে। কিন্তু বিজেপির এই আনুকূল্যের ভার নীতীশ কদ্দিন বয়ে বেড়াবেন, তা দেখার বিষয়।’ অন্য রাস্তাও খুঁজে নিতে পারেন তিনি, খোঁচা দিয়ে আশঙ্কা প্রকাশ শিবসেনার।
মানুষের মনোবল ভেঙে যাচ্ছে, এটা বিকাশ না বিনাশ?’ আবারও কেন্দ্রকে তোপ রাহুলের -প্রতিদিন
দেশে মূল্যবৃদ্ধি ও বেকারত্বের হার (Unemployment rate) কোনওদিনই এত বেশি ছিল না, যতটা এই মুহূর্তে রয়েছে। বুধবার সকালে একটি টুইটে এমনই দাবি করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। আবারও তিনি আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকে। এই পরিস্থিতিতে দেশের মানুষের মনোবল তলানিতে পৌঁছেছে বলেও দাবি করেন তিনি।
রাহুল লেখেন, ‘‘ব্যাংকগুলি সমস্যায় রয়েছে। জিডিপিও। মূল্যবৃদ্ধি এত বেশি কোনও দিনই ছিল না। বেকারত্বও। জনতার মনোবল ভেঙে যাচ্ছে। সামাজিক ন্যায়বিচারও দৈনিক নিষ্পেষিত হচ্ছে। এটা বিকাশ না বিনাশ?’’
প্রসঙ্গত, অর্থমন্ত্রী এর মধ্যেই দাবি করেছেন, অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কা সামলে ওঠার পথে দেশ। লকডাউনের পর ধীরে ধীরে তার ইঙ্গিত মিললেও অক্টোবরের হিসেবে আবার দেখা দিয়েছে সংকটের ইঙ্গিত। গত মাসের হিসেব বলছে ইপিএফও-তে নথিবদ্ধ সংস্থা হ্রাস পেয়েছে ৩০ হাজার। মাত্র এক মাসেই কর্মী সংখ্যা ১৮ লক্ষ কমে গিয়েছে! এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলে মনে করছে ওয়াকিবহাল মহল। করোনা সংক্রমণের আগেও দেশে কর্মসংস্থানের পরিস্থিতি মোটেই সুবিধাজনক ছিল না। কিন্তু করোনা আবহে তা ভয়াবহ আকার ধারণ করে। তবে মনে করা হচ্ছিল, সেই বিপদ থেকে হয়তো ঘুরে দাঁড়াচ্ছে দেশ। বর্তমান পরিসংখ্যান আবারও সেই আশার সামনে ভ্রুকুটি তুলে ধরল। এই পরিস্থিতিতে আবারও কেন্দ্রকে কাঠগড়ায় তুললেন রাহুল। সেই সঙ্গে ইস্যু করলেন মূল্যবৃদ্ধিকেও।#
পার্সটুডে/এমবিএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।