কাশ্মীর দখলের পর ভারতে হামলা', শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যে শোরগোল
সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ২৫ডিসেম্বর শুক্রবার। প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার পাতা বিশ্লেষন অনুষ্ঠান কথাবার্তায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রেজওয়ান হোসেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো।
প্রথমে বাংলাদেশ:
আজকের সবগুলো দৈনিকে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের জেলখানা থেকে মুক্তির খবর গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। দৈনিক প্রথম আলো খবর দিয়েছে, ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্যোক্তারা চিন্তায়
- হত্যা মামলা থেকে বাঁচতে ইউপি চেয়ারম্যানের ‘করোনা নাটক!-দৈনিক যুগান্ত
- অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল-দৈনিক নয়াদিগন্ত।
- দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ: ওবায়দুল কাদের-দৈনিক ইত্তেফাক
- এক ঘরে থাকা বৃটেনে আমেজহীন ক্রিসমাস-দৈনিক মানবজমিন
- 'যিশু খ্রিস্ট ছিলেন মানবজাতির মুক্তির দূত' বড়দিনের বাণীতে রাষ্ট্রপতি এবং 'ধর্ম যার যার, উৎসব সবার' বড়দিনের বাণীতে প্রধানমন্ত্রী – এ দুটি খবর দিয়েছে দৈনিক কালের কণ্ঠ
কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:
- শনিবার কলকাতায় শুভেন্দু, নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের -দৈনিক আানন্দ বাজার
- দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, 'দুয়ারে সরকার' এবার তারকাখচিত, দেব-মিমি-নুসরতদের নিয়ে প্রচারের ভাবনা তৃণমূলের
- কাশ্মীর দখলের পর ভারতে হামলা’, শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যে শোরগোল - দৈনিক আজকাল
এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউয়ে উদ্যোক্তারা চিন্তায়-শীর্ষক খবরে দৈনিক প্রথমআলো লিখেছে, যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন (স্ট্রেইন) ছড়িয়ে পড়ার পর আতঙ্কে রয়েছে পুরো ইউরোপ। তার আগেই মহামারি ভাইরাসটির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ইউরোপের বিভিন্ন দেশ কড়া লকডাউন জারি করে। অনেক দেশেই বড়দিন সামনে রেখে পণ্য বিক্রিতে ধস নেমেছে। নতুন ক্রয়াদেশও আসছে কম। আবার প্রস্তুত হওয়া পণ্যের জাহাজীকরণও পিছিয়ে দিচ্ছেন ক্রেতারা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। কয়েকজন উদ্যোক্তা জানান, বসন্ত ও গ্রীষ্মের ক্রয়াদেশ আসার সময় মূলত অক্টোবর থেকে জানুয়ারি। কিন্তু ইউরোপের দেশে দেশে করোনার দ্বিতীয় ঢেউ ও লকডাউনের কারণে দুই মাস ধরে নতুন ক্রয়াদেশ কম আসছে।
হত্যা মামলা থেকে বাঁচতে ইউপি চেয়ারম্যানের ‘করোনা নাটক!- শীর্ষক খবরে দৈনিক যুগান্তর লিখেছে, বগুড়ার শিবগঞ্জে পোনা মাছ ব্যবসায়ী শিমুল মিয়াকে হাত-পা ভেঙে হত্যা মামলা থেকে বাঁচতে প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও বিহার ইউনিয়নের চেয়ারম্যান মহিদুল ইসলাম ‘করোনা নাটক’করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রিপোর্টে নেগেটিভ এলেও তিনি প্রচারণা চালাচ্ছেন হত্যাকাণ্ডের আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে রয়েছেন। মামলার বাদী নিহত শিমুলের ভাই বিহার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার রায়হান আলী যুগান্তরকে জানিয়েছেন, তার ভাইকে অনৈতিক কাজে ব্যবহার ও দলে নিতে ব্যর্থ হয়ে হত্যা করা হয়েছে। মহিদুল চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় মামলা করেছেন।
অবশেষে বাড়ি ফিরলেন সাংবাদিক কাজল -শীর্ষক খবরে দৈনিক নয়াদিগন্ত লিখেছে, প্রায় নয় মাস পর বাড়ি ফিরলেন ঢাকার একটি দৈনিক পত্রিকার আলোচিত ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার বেলা এগারোটায় কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় পৌঁছেছেন বলে জানিয়েছেন ছেলে মনোরম পলক। গত ১১ মার্চ পুরনো ঢাকার চকবাজার এলাকায় বাসা থেকে বের হয়েই নিখোঁজ হয়েছিলেন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজ হওয়ার ৫৩ দিন পর গভীর রাতে যশোরে বেনাপোল সীমান্তের একটি মাঠ থেকে তাকে উদ্ধার করার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তখন এই সাংবাদিককে দুই হাত পেছনে দিয়ে হাত কড়া লাগিয়ে আদালতে নেয়ার ছবি ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছিল।
দলীয় শৃঙ্খলার ব্যাপারে কঠোর আওয়ামী লীগ: ওবায়দুল কাদের - শীর্ষক খবরে দৈনিক ইত্তেফাক লিখেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংগঠনিক শৃঙ্খলার প্রতি অত্যন্ত কঠোর উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন ইতোমধ্যে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহ করেছেন তাদের কোন ভাবেই মনোনয়ন দেওয়া হবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে সতর্ক করে দিয়ে বলেন দলীয় সভাপতির নির্দেশনা প্রতিপালনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যে সকল নেতা বা জনপ্রতিনিধি দলের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধা বা উস্কানি দিবে তাদের বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।
এক ঘরে থাকা বৃটেনে আমেজহীন ক্রিসমাস - শীর্ষক খবরে দৈনিক মানবজমিন লিখেছে, করোনা ভাইরাসের নতুন স্ট্রেইন বদলে দিয়েছে সবকিছু। বড়দিনে উৎসবের আমেজে মেতে ওঠবে বৃটেন এমন প্রস্তুতির মধ্যেই খবর আসে নতুন স্ট্রেইনের। দুনিয়ার অনেক দেশ বৃটেনের সঙ্গে বন্ধ করে দেয় বিমান চলাচল। উদ্বেগ আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র। নতুন স্ট্রেইন সনাক্ত হওয়ার আগেই ভাইরাস নিয়ন্ত্রন করতে বিশ্বে সবার আগে তড়িঘড়ি করে ফাইজারের টিকা আনে বৃটেন। মানুষের মাঝে প্রয়োগও শুরু করা হয় এ মাসের শুরুতে। পরিকল্পনা ছিলো দীর্ঘ দিন ধরে লকডাউন আর নিয়ম শৃঙ্খলায় বন্দি থাকা দেশবাসীকে বড় দিনের আনন্দ ভাগাভাগি করার সুযোগ করে দেওয়া। সবকিছু যখন শেষের দিকে, ঠিক তখনি সব ওলট-পালট হয়ে যায় এক নিমিষে।
মিউজিক
এবারে কোলকাতার দৈনিকের কিছু খবররে বিস্তারিত
শনিবার কলকাতায় শুভেন্দু, নবাগতদের নিয়ে বৈঠক রাজ্য বিজেপি নেতৃত্বের -শীর্ষক খবরে দৈনিক আানন্দ বাজার লিখেছে, গত শনিবার বিজেপি-তে পা রেখেছিলেন শুভেন্দু অধিকারী। এই শনিবার তিনি প্রথম পদার্পণ করবেন রাজ্য বিজেপি-র নির্বাচনী দফতরে। মাঝে দলের হয়ে একাধিক সমাবেশ করলেও শনিবার দুপুরে দক্ষিণ কলকাতার হেস্টিংস মোড়ে রাজ্য বিজেপির প্রধান নির্বাচনী দফতরে প্রথমবার আসছেন শুভেন্দু। শুভেন্দু-সহ সম্প্রতি যাঁরা দলে যোগ দিয়েছেন, ওই দফতরে তাঁদের সংবর্ধনা দেওয়ারও পরিকল্পনা রয়েছে রাজ্য বিজেপি-র।
'দুয়ারে সরকার'এবার তারকাখচিত, দেব-মিমি-নুসরতদের নিয়ে প্রচারের ভাবনা তৃণমূলের -শীর্ষক খবরে দৈনিক সংবাদ প্রতিদিন জানুয়ারি মাস ধরে আপনার ‘দুয়ারে’ তারকা প্রতিনিধিরা। রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার' প্রকল্পে এবার সাংসদ, বিধায়কদের নামাতে চাইছে তৃণমূল (TMC)। সূত্রের খবর, সেইমতো দেব, মিমি, নুসরতদের সঙ্গে কথা বলে দিনক্ষণ স্থির করার প্রক্রিয়া শুরু করেছে শাসকদল। ‘দুয়ারে সরকার’ কর্মসূচির বাকি একটা মাস অর্থাৎ জানুয়ারিতে এঁরাই দুয়ারে ঘুরে ঘুরে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেবেন, এমনই পরিকল্পনা।
কাশ্মীর দখলের পর ভারতে হামলা', শোয়েব আখতারের বিতর্কিত মন্তব্যে শোরগোল - শীর্ষক খবরে দৈনিক আজকাল লিখেছে, উপত্যকা থেকে ৩৭০ ধারা বিলোপের পর বিতর্কিত মন্তব্য করে ভারতীয়দের কটাক্ষের শিকার হয়েছিলেন প্রাক্তন পাক পেসার শোয়েব আখতার। এবার তাঁর ‘গাজওয়া–ই হিন্দ' প্রতিষ্ঠার জন্য মুসলিমদের কাছে আবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। ভাইরাল হওয়া বিতর্কিত ওই পুরনো ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতার সেদেশের একজন মহিলা সাংবাদিককে সাক্ষাৎকার দিচ্ছেন। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলার ফাঁকে শোয়েব আচমকা ভারতে ‘গাজওয়া–ই হিন্দ’ প্রতিষ্ঠার বিষয়ে মুখ খোলেন। বলেন, ‘আমাদের প্রাচীন সাহিত্যে ‘গাজওয়া–ই হিন্দ’ এর স্বপ্ন একদিন সত্যি হবে বলে উল্লেখ করা হয়েছে। ওইদিন দুবার রক্তে লাল হয়ে উঠবে অ্যাটক নদীর জল। আফগানিস্তান থেকে সৈনিকদের দল অ্যাটকে পৌঁছবে। সেনারা আসবে উজবেকিস্তান ও আরব থেকেও। তারপর আফগানিস্তান খোরসান থেকে লাহোর হয়ে কাশ্মীর দখল করবে তারা। আগে মুসলিমরা কাশ্মীর দখল করবে তারপর আক্রমণ করবে ভারতের উপর।’ তাঁর এই মন্তব্যের কথা জানাজানি হতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে।
র্পাটুডে/রেজওয়ান হোসেন২৫