'তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা'-সীমান্ত হত্যায় দোষ কার কতোটা!
শ্রোতা/পাঠক!১৫ ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- সাতদিনে করোনার টিকা নিল নয় লাখ-ইত্তেফাক
- করোনা মহামারি-টিকা ও নিবন্ধন থেকে দূরে শহরের নিম্মবিত্তরা–প্রথম আলো
- টিকায় আগ্রহের সঙ্গে বাড়ছে বিড়ম্বনাও-কালের কণ্ঠ
- জাহাজে চেপে ভাসানচরে আরো ২০১৪ রোহিঙ্গা-কালের কণ্ঠ
- তিন ধাপে ১৪৭ পৌরসভায় মেয়র নির্বাচন-দ্বিতীয় স্থানেও ছিলেন না বিএনপির ৬৮ মেয়র প্রার্থী-যুগান্তর
- পাসপোর্ট জব্দ থাকলেও পিকে হালদার বিদেশে পালালো কিভাবে!-ব্যাখ্যা চাইলো হাইকোর্ট– মানবজমিন
- বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বার্ষিক দুলাখ ডলারের স্কলারশিপ-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০, তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার ৬টি দেহ-আনন্দবাজার পত্রিকা
- সমাজকর্মীদের মুখ বন্ধ করতে চাইছে সরকার! ‘টুলকিট’ কাণ্ডে দিশার গ্রেপ্তারে সোচ্চার নেটদুনিয়া-আজকাল
- বড় ধাক্কা গেরস্থের হেঁশেলে, ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম-সংবাদ প্রতিদিন
শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
পাসপোর্ট জব্দের আদেশ-পিকে হালদারের দেশের বাইরে যাওয়া নিয়ে ব্যাখ্যা চাইলো হাইকোট-ইত্তেফাক/মানবজমিন
পাসপোর্ট জব্দের আদেশ থাকার পরেও পিকে হালদার কিভাবে দেশের বাইরে গিয়েছে তার ব্যাখা চেয়েছে হাইকোর্ট। একইসঙ্গে পিকে হালদারের মামলায় যেসব আসামির জবানবন্দিতে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি পদক্ষেপ নিয়েছেন তা জানাতে দুদককে জানাতে বলা হয়েছে।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ এ আদেশ দেন।
হাইকোর্ট বলেছে, পিকে হালদার যেদিন দেশ ত্যাগ করেন সেদিন বিমানবন্দরের ইমিগ্রেশনের দায়িত্বে কে ছিলেন, গোয়েন্দা সংস্থা ও দুদকের দায়িত্বে কে ছিলেন তার তালিকা দাখিল করতে হবে।
এর আগে সকালে আর্থিক প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা বাংলাদেশ ব্যাংকের গত আট বছরের কর্মকর্তাদের তালিকা হাইকোর্টে দাখিল করা হয়েছে। বাকি দুই বছরের কর্মরতদের তালিকা চার সপ্তাহের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
করোনা ভাইরাসের-টিকা নিয়ে প্রথম আলোর খবরে লেখা হয়েছে, করোনা মহামারি-টিকা ও নিবন্ধন থেকে দূরে শহরের নিম্মবিত্তরা। আর কালের কণ্ঠের খবরে লেখা হয়েছে, টিকায় আগ্রহের সঙ্গে বাড়ছে বিড়ম্বনাও। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, সাত দিনে টিকা নিয়েছেন প্রায় ১০ লাখ, নিবন্ধন ১৭ লাখের বেশি।
তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা : ভারতীয় হাইকমিশনার-কালের কণ্ঠ
তিস্তা চুক্তি না হওয়াটা দুঃখজনক বাস্তবতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি আরো বলেন, তিস্তা নিয়ে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি, তাদের কারণে চুক্তি করা সম্ভব হচ্ছে না।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।
বিক্রম দোরাইস্বামী বলেন, ‘আমরা এই চুক্তি নিয়ে কাজ করছি। তবে, আসন্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময়ে এই চুক্তি হবে কিনা, তা এখনই বলা সম্ভব নয়’।
সীমান্তে হত্যা নিয়ে বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, সীমান্তে সব হত্যা ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ ঘটায় না। এটা রোধ করতে দু’পক্ষকেই সচেষ্ট হতে হবে।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ-নেপাল-ভুটানের মধ্যে যোগাযোগের ব্যাপারে ভারত নীতিগতভাবে একমত। কিন্তু বাংলাদেশের ভেতরে কীভাবে সেটা পরিচালনা হবে, তা এখন বাংলাদেশকে ঠিক করতে হবে।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
উত্তরাখণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০, তপোবন সুড়ঙ্গ থেকে উদ্ধার ৬টি দেহ-আনন্দবাজার পত্রিকা। তবে এনডিটিভি জানিয়েছে এ সংখ্যা বেড়ে ৫৪ হয়েছে।
উত্তরাখণ্ডে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০। এখনও নিখোঁজ দেড় শতাধিক। রবিবার তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গ থেকে ৬টি দেহ উদ্ধার হয়েছে। অন্য দিকে, ৭টি দেহ উদ্ধার হয়েছে রেনি গ্রাম থেকে। এ দিন আরও দেহ উদ্ধারের পর উদ্ধারকাজের গতি আরও বাড়ানো হয়েছে। যত দ্রুত সম্ভব সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। অন্ততপক্ষে ৩৯ জন এখনও সুড়ঙ্গের ভিতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। কৌশল বদল করে যত তাড়াতাড়ি সম্ভব আটকদের কাছে পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন এনটিপিসি-র জেনারেল ম্যানেজার।গত ৭ ফেব্রুয়ারি নন্দাদেবী পর্বত থেকে নেমে আসা হড়পা বানে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় চামোলি, তপোবন।
সমাজকর্মীদের মুখ বন্ধ করতে চাইছে সরকার! ‘টুলকিট’ কাণ্ডে দিশার গ্রেপ্তারে সোচ্চার নেটদুনিয়া-আজকাল/আনন্দবাজার পত্রিকা
পরিবেশ আন্দোলনকর্মী দিশা রবির গ্রেপ্তারে সমালোচনার ঝড় সোশ্যাল মিডিয়া জুড়ে। গ্রেটা থানবার্গের ‘টুলকিট’ শেয়ার করার অভিযোগে দিশার বিরুদ্ধে ‘দেশদ্রোহ’ এবং ষড়যন্ত্রের মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছেন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী থেকে শুরু করে লেখক–কবিরা। দিশা ছাড়াও আরও দু’জন পরিবেশ কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। নিকিতা জেকব এবং শান্তনু। আইনজীবী নিকিতা ‘পলাতক’, দাবি পুলিশের। তাঁর বিরুদ্ধেও জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয়েছে।
কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর টুইটারে লিখেছেন, ‘‘ব্রিটেনের দৈনিক টেলিগ্রাফে লেখা হয়েছে, ‘লক্ষ্য, কৃষক আন্দোলন দমন। তাই করতে দিয়ে দিশার গ্রেপ্তারের মধ্য দিয়ে বাক্স্বাধীনতা ও বিরোধী কণ্ঠরোধের সর্বশেষ অভিযান চালাল ভারত সরকার।’ আন্তর্জাতিক স্তরে ভারতের ভাবমূর্তি যেভাবে নষ্ট হচ্ছে, তাতে কি চিন্তিত নয় কেন্দ্র?’’ ঘটনার তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম এবং জয়রাম রমেশ। দিশা রবির মুক্তির দাবিতে সরব হয়েছে কৃষক সংগঠন সংযুক্ত কিসান মোর্চা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দিশা কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। এখনই তাঁকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক।’
সরব হয়েছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাইঝি মিনা হ্যারিসও। টুইটারে তিনি লিখেছেন, ‘কৃষক আন্দোলনের সমর্থনে টুলকিল শেয়ার করায় আরও একজন মহিলা সমাজকর্মী, ২১ বছরের দিশা রবিকে গ্রেপ্তার করল ভারতের পুলিশ।’’ কেন বার বার সমাজকর্মীদেরই নিশানা করে চুপ করিয়ে দেওয়া চেষ্টা করছে ভারত সরকার, সেই প্রশ্নও তোলেন তিনি। ভোটের মুখে চমক, আজ থেকেই চালু ৫ টাকায় ডিম-ভাত-আজকাল
মাত্র ৫ টাকা দিলেই পেয়ে যাবেন ডিম-ভাত। আজ সোমবার থেকেই কলকাতায় চালু হচ্ছে ‘মায়ের রান্নাঘর’ প্রকল্প। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই আজ উদ্বোধন হবে এই প্রকল্পের। আপাতত কলকাতা পুরসভার ১৬টি বরোতে চালু করা হচ্ছে সর্বসাধারণের জন্য এই পরিষেবা। মাননীয়া মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘মায়ের রান্নাঘর’ এ মাত্র পাঁচ টাকায় মিলবে ডিম-ভাত থালি। থালিতে থাকবে ভাত, ডাল, সবজি এবং ডিম। রাজনৈতিক বিশ্লষকদের মতে, মাননীয়া মুখ্যমন্ত্রীর এই ‘মায়ের রান্নাঘর’ প্রকল্পটি একুশের ভোটের আগে অন্যতম সেরা চমক হতে যাচ্ছে। এই প্রকল্পটির সঙ্গে তামিলনাড়ুর আম্মা ক্যান্টিনেরও মিল পাওয়া যাচ্ছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৫
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।