ফেব্রুয়ারি ১৬, ২০২১ ১৪:৫০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ: সেতুমন্ত্রী-দৈনিক মানবজমিন

অভিজিৎ হত্যাকাণ্ড: ৫ জনকে মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীনব-ইত্তেফাক

খুনের দুই মামলা: হারিছ আনিসের সাজাও মাফ করেছে সরকার-প্রথম আলো

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে- সেনাপ্রধান-কালের কণ্ঠ

পার্লামেন্টে ধর্ষণের ঘটনায় ক্ষমা চাইলের অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী-দৈনিক যুগান্তর

নাইকো মামলা: খালেদা জিয়া অসুস্থ, শুনানি পিছিয়ে ২ মার্চ-বাংলাদেশ প্রতিদিন-মিয়ানমার সেনাবাহিনকে সতর্ক করলো জাতিসংঘ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

বেসরকারিকরণের পথে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক! চলছে জোর জল্পনা -দৈনিক সংবাদ প্রতিদিন

নয়া রেকর্ড, টানা ৮ দিন বাড়ল পেট্রল –ডিজেলের দাম, মধ্যবিত্তের নাভিশ্বাস-আনন্দবাজার পত্রিকা

অধিকারের লড়াই চালাচ্ছেন কৃষকরা, ব্যারিকেডের ওপারে তখন পুলিশের উর্দিতে কর্তব্যে অবিচল সন্তান -দৈনিক আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যেকোনো আঘাত মোকাবিলায় সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যখনই দেশ এগিয়ে যেতে থাকে, যখন মানুষ ভালো থাকার স্বপ্ন দেখতে শুরু করে তখনই একটা আঘাত আসার সম্ভাবনা থাকে। এবারও সেটা মোকাবিলার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এনইসি সম্মেলন কক্ষে শুরু হওয়া সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে বাংলাদেশ শুরু করেছে। যখন গবেষণা চলছিল আমরা তখন অগ্রিম টাকা দিয়ে রেখেছিলাম। মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল বলেই এগুলো করতে পেরেছি।’

সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ

আল-জাজিরার প্রতিবেদন নিয়ে সেনা প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিভিন্ন দৈনিকে ছাপা হয়েছে। প্রথম আলোর শিরোনাম-সবাই সতর্ক আছি: সেনাপ্রধান- বিস্তারিত খবরে লেখা হয়েছে, সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনীর মতো একটি প্রতিষ্ঠান, যেটা জাতির গর্ব, দেশের গর্ব, এই প্রতিষ্ঠানকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চলছে। সেনাবাহিনীর ‘চেইন অব কমান্ড’ অত্যন্ত কার্যকর এবং সেনাবাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে এ ধরনের অপচেষ্টাকে প্রত্যাখ্যান করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন আইনি ব্যবস্থা নেয়া হবে।

আনিস আহমেদ-হারিছ আহমেদ-জোসেফ আহমেদ

তবে প্রথম আলোর অপর এক খবরে লেখা হয়েছে, বহুল আলোচিত দুই সহোদর হারিছ আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফ করেছে সরকার। হারিছ দুটি এবং আনিস একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ২৮ মার্চ তাঁদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরায় প্রচারিত অল দ্য প্রাইম মিনিস্টারস মেন তথ্যচিত্রে এই দুই ভাইকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশেও গতকাল পর্যন্ত সবাই জানত তাঁরা সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তবে প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে এসেছে সম্পূর্ণ ভিন্ন তথ্য। প্রথম আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে, ২০১৯ সালে তাঁদের সাজা মওকুফের প্রজ্ঞাপন জারি হয়। প্রজ্ঞাপনের অনুলিপি সরকারের বিভিন্ন দপ্তরে গেলেও এত দিন তা গোপন ছিল। অন্যদিকে আলোচিত দুই ভাই হারিছ আহমেদ ও আনিস আহমেদের সাজা মওকুফের বিষয়টি নিয়ে পুরোপুরি ওয়াকিবহাল নন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

পদ্মা সেতুর ৯২ ভাগ কাজ শেষ: সেতুমন্ত্রী-মানবজমিন

বাংলাদেশের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মূল পদ্মা সেতুর ৯২ ভাগ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ ৮৪ ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি। আজ সকালে মাওয়া প্রান্তে পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বরেন। সেতুমন্ত্রী বলেন, ২০২২ সালের জুনের মধ্যে সেতু প্রকল্পের সম্পূর্ণ অবকাঠামোর কাজ শেষ করে তা যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এ সেতুকে ঘিরে দেশের আগামী দিনের উন্নয়ন আবর্তিত হবে। পদ্মাসেতু নির্মাণ কাজ হলে বাংলাদেশে যোগাযোগ খাতে এক বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে। ওবায়দুল কাদের জানান, তার প্রথম স্বপ্ন সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। দ্বিতীয়ত, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের পথযাত্রায় ভিশন ২০২১, ৪১ ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে উপযুক্ত শক্তি হিসেবে আওয়ামী লীগকে সুশৃঙ্খল রাজনৈতিক সংগঠনে পরিণত করা।

আইন-আদালত বিষয়ক খবরে দৈনিক ইত্তেফাকের শিরোনাম-অভিজিৎ হত্যাকাণ্ড: ৫ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন। বিস্তারিত খবরে লেখা হয়েছে, ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় ছয় আসামির মধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১২ টার দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

কালের কণ্ঠের-খবর-কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে হত্যা মামলায় নিহতের বড় ভাইসহ ছয়জনের  মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

 এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

বিধানসভায় আব্বাসের সঙ্গে আসন সমঝোতা করে লড়তে চায় বাম-কংগ্রেস, ঘোষণা বিমান-অধীরদের-সংবাদ প্রতিদিন

যাবতীয় জল্পনার অবসান। একুশের নির্বাচনে বাম-কংগ্রেস জোটে শামিল হচ্ছে পিরজাদা আব্বাস সিদ্ধিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টও। মঙ্গলবার আলিমুদ্দিনে জোটে বৈঠক শেষে একযোগে একথা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বাম ও কংগ্রেস নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে আসন সমঝোতা করেই লড়বে বাম কংগ্রেস এবং আইএসএফ। তবে, আব্বাসের তরফে এদিনের সাংবাদিক বৈঠকে কেউ হাজির ছিলেন না। তাছাড়া, কোন অঙ্কে তিন শিবিরের আসন সমঝোতা হচ্ছে, সেটাও ঘোষণা করেনি জোট শিবির।

নীতীশের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিপিআই-এ ‘কোণঠাসা’ কানহাইয়ার, জল্পনা দলবদলের-আনন্দবাজার পত্রিকা

দলবদলের স্রোতে এ বার কি তিনিও গা ভাসাচ্ছেন? দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা তথা সিপিআই নেতা কানহাইয়া কুমারকে নিয়ে এমন জল্পনাতেই এ বার সরগরম দেশীয় রাজনীতি। রবিবার বিহারে নীতীশ কুমার ও বিজেপি-র জোট সরকারের মন্ত্রী অশোক চৌধরির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার পর থেকেই কানহাইয়ার ভবিষ্যৎ পরিকল্পনা জোর চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিহারের রাজনৈতিক মহলে। দেশদ্রোহ মামলায় আগামী ১৫ মার্চ দিল্লির পটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার কথা প্রাক্তন ছাত্র নেতার। তার আগে বিহারে বিজেপির শরিক সংযুক্ত জনতা দলের (জেডিইউ) প্রতিনিধির সঙ্গে কানহাইয়ার এই সাক্ষাৎ তাই ‘তাৎপর্যপূর্ণ’। তবে কানহাইয়ার দলবদলের জল্পনার পিছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করছে, তা হল সিপিআই নেতৃত্বের সঙ্গে তাঁর সম্পর্কের ক্রম অবনতি।

পার্শ্ব শিক্ষকদের সমস্যা নিয়ে অমিত শাহকে চিঠি মুকুলের, আশ্বাসের পর উঠল অনশন-আজকাল

কেন্দ্রের হস্তক্ষেপের আশ্বাস পেয়েই আন্দোলন প্রত্যাহার করল পার্শ্ব শিক্ষকরা। সল্টলেকের বিকাশ ভবনে চলা ১০ দিনের ধর্নার ইতি পড়ল মুকুল রায় ধর্নামঞ্চে এলেই। রাজ্যের পার্শ্ব শিক্ষকদের দাবিপূরণে সরব বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন তিনি। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছিলেন পার্শ্বশিক্ষকরা। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চেও যান বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনিও। এরপর আজ দুপুরে মুকুল রায় ধর্নামঞ্চে গেলেই আন্দোলন প্রত্যাহার করে অনশনকারীরা।

প্রাথমিক টেটে

রাজ্যে গতি পেল প্রাথমিক টেটের নিয়োগ প্রক্রিয়া, প্রকাশিত ১৫ হাজারের বেশি প্রার্থীর ফলাফল-সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে ২ মাসের মধ্যেই প্রাথমিক টেটে (Primary TET) শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ করল প্রাথমিক শিক্ষা সংসদ। ১৬,৫০০ শূন্যপদের মধ্যে প্রথম ধাপে ফল প্রকাশিত হল ১৫,২৮৪ জনের। সোমবার গভীর রাতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে সংসদের ওয়েবসাইটে। তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের দ্রুত নিয়োগ করা হবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অনেকটাই গতি পেল নিঃসন্দেহে।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।