ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১৪:৪৩ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৯ ফেব্রুয়ারি শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু- দৈনিক প্রথম আলো- 
  • বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র : আমীর খসরু- দৈনিক কালেরকণ্ঠ
  • একদফা আর ১১ দফা, মরা গাঙ্গে জোয়ার আসবে না: কাদের’-দৈনিক যুগান্তর
  • বাংলাদেশ-ভারতের নেতৃত্ব খুব পরিপক্ক: মোমেন: দৈনিক মানবজমিন
  • ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দু'টি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন-বাংলাদেশ প্রতিদিন
  • দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু-নতুন শনাক্ত ৪০৬-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • রাজ্যে ‘পরিবর্তন আসা উচিত’, ভোটমুখী বাংলায় আহ্বান রাজ্যপাল ধনখড়ের -আনন্দবাজার পত্রিকা    
  • ভোটের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর!‌ ঘোষণা করল নবান্ন -দৈনিক আজকাল
  • অভিষেককে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত-দৈনিক সংবাদ প্রতিদিন
  • পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে প্রথম মৃত্যু- দৈনিক প্রথম আলো- 

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভকালে গুলিতে আহত নারী মারা গেছেন। আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ২০ বছর বয়সী ওই নারীর নাম মিয়া থতে থতে খাইং। মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে চলমান বিক্ষোভে এই প্রথম কোনো বিক্ষোভকারী মারা গেলেন।

৯ ফেব্রুয়ারি রাজধানী নেপিডোতে সেনাশাসনবিরোধী বিক্ষোভকালে আহত হন মিয়া থতে থতে খাইং। এদিন বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান, রাবার বুলেট ও গুলি করে। মিয়া থতে থতে খাইংয়ের অবস্থা শুরু থেকেই গুরুতর ছিল। তিনি নেপিডোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

আজ স্থানীয় সময় বেলা ১১টার দিকে হাসপাতালটি থেকে নিশ্চিত করা হয়, মিয়া থতে থতে খাইং মারা গেছেন। তাঁর লাশের ময়নাতদন্ত হবে। একটি মেডিকেল বোর্ড এই পরীক্ষা করবে। হাসপাতালটির এক চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা বিচার চাই। তার জন্য আমরা অগ্রসর হব।’

বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র : আমীর খসরু- দৈনিক কালেরকণ্ঠ

বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই মাফিয়া রাষ্ট্র দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আদালত সবাইকে সম্পৃক্ত করে বেআইনিভাবে দেশের জনগণকে জেলে রাখা হচ্ছে। দেশে আইনের শাসন বলতে কিছু নেই। একটি রেজিম ক্ষমতায় থাকার জন্য রাষ্ট্রের সকল ইউনিটকে ব্যবহার করছে।'

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে দলের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর মুক্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসলাম চৌধুরীর মুক্তি দাবি করে আমীর খসরু বলেন, ‘বাংলাদেশে আইনের শাসনের নামে যে অপশাসন চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত আসলাম চৌধুরী। তাকে নিয়ে যে অন্যায় চলছে, সেটা একদিন আল-জাজিরার মতো বিশ্বের সব সংবাদমাধ্যমে খবর হয়ে উঠে আসবে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে।’

একদফা আর ১১ দফা, মরা গাঙ্গে জোয়ার আসবে না: কাদের’-দৈনিক যুগান্তর

একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নিয়ে বিএনপি নেতাদের নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একদফা আর ১১ দফা যাই বলুন, বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।

ওবায়দুল কাদের শুক্রবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপির আন্দোলন সুদূরপরাহত, তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। তাদের একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  তিনি বলেন, যে কোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষে সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।

বাংলাদেশ-ভারতের নেতৃত্ব খুব পরিপক্ক: মোমেন: দৈনিক মানবজমিন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক নতুন মাত্রা অর্জন করেছে। ঢাকায় প্রসার ভারতীর বিশেষ প্রতিনিধির সাথে এক এক্সক্লুসিভ আলোচনায় মোমেন বাংলাদেশ এবং ভারতের মাঝে পাথরের ন্যায় মজবুত সম্পর্ক বিদ্যমান বলেও মন্তব্য করেন।তিনি বলেন, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করার পর থেকেই দুই দেশের মধ্যে চমৎকার বন্ধুত্ব রয়েছে। বাংলাদেশ মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশাপাশি ভারতীয়দের ত্যাগের কথা সর্বদা স্মরণ করে। দূরদর্শনের খবরে একথা জানানো হয়।বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা বলতে গিয়ে মোমেন বলেন, দুই দেশ একসাথে বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করছে। বিশ্বজুড়ে আয়োজিত ১৮ টি ইভেন্টের মধ্যে অর্ধেক ভারত ও এবং বাকি অর্ধেক বাংলাদেশ করেছে।তিনি বলেন, প্রতিবেশী হিসেবে উভয় দেশের নেতৃত্ব খুব পরিপক্ক। বাংলাদেশ ও ভারত সংলাপ এবং আলোচনার মাধ্যমে সব কঠিন ও জটিল বিষয়ের সুস্পষ্ট সমাধান করছে। তিনি আশা প্রকাশ করেন, দু'দেশের মধ্যের সব অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হয়ে যাবে।

ইরান বিরোধী ট্রাম্পের গুরুত্বপূর্ণ দু'টি সিদ্ধান্ত বাতিল করলেন বাইডেন-বাংলাদেশ প্রতিদিন

ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত পদক্ষেপ নেয়া হয়েছে তার মধ্যে দু'টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাতিল করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পাশাপাশি তিনি ইরান এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর সঙ্গে এ ইস্যুতে আলোচনায় অংশ নেয়ার প্রস্তাব দিয়েছেন।

গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেয়ার পর ইরান ইস্যুতে এই প্রথম জো বাইডেন ট্রাম্প প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করলেন। 

বাইডেনের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত রিচার্ড মিলস বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া তিনটি চিঠি প্রত্যাহার করছে ওয়াশিংটন। তিনটি চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন জাতিসংঘকে জানিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আগের নিষেধাজ্ঞা পুনর্বহাল করলো আমেরিকা।  মার্কিন রাষ্ট্রদূতের দেয়া চিঠি বার্তা সংস্থা এপির হাতে পড়েছে। তাতে মিলস বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার সিদ্ধান্ত বাদ দিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয়েছিল কিন্তু তা আর পুনরুজ্জীবিত হচ্ছে না।

দেশে করোনায় আরো ৮ জনের মৃত্যু-নতুন শনাক্ত ৪০৬-দৈনিক নয়াদিগন্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো আটজন। আর এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৩৭ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। শুক্রবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৫৩৬ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন। এর আগে বৃহস্পতিবার দেশে আরো ৩৯১ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৫ জন।

রাজ্যে ‘পরিবর্তন আসা উচিত’, ভোটমুখী বাংলায় আহ্বান রাজ্যপাল ধনখড়ের -আনন্দবাজার পত্রিকা  

এ বার রাজ্যে ‘পরিবর্তন’-এর ডাক দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল। সেখানে স্বাধীনতা আন্দোলনে পশ্চিমবঙ্গের ঐতিহ্য এবং ইতিহাসের কথা টেনে এনে তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘‘স্বাধীনতার ৭৫ বছরে পরিবর্তন আসা উচিত।’’ প্রসঙ্গত, ২০২১-এ স্বাধীনতার ৭৫ বছর। রাজ্যপালের দাবি, এই মুহূর্তে গোটা দেশ এগিয়ে চলেছে। তার সঙ্গে তাল মিলিয়েই রাজ্যে ‘পরিবর্তন’ আনার পক্ষে সওয়াল করেছেন ধনখড়। বাঙালির ঐতিহ্যের আবেগে ‘ঘা’ দিয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যপাল আসলে গেরুয়াশিবিরের কথা আরও স্পষ্ট করে তুলে ধরছেন বলে অভিযোগ তৃণমূলের। ধনখড়ের এ হেন মন্তব্যের পর রাজ্যপালের পদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তারা

ভোটের আগে সরকারি কর্মীদের জন্য সুখবর!‌ ঘোষণা করল নবান্ন -দৈনিক আজকাল

ভোটের আগে স্বস্তিতে সরকারি কর্মচারীরা। খুব শিগগিরই তাঁদের দেওয়া হবে করোনার টিকা। ঘোষণা করল মমতা ব্যানার্জির সরকার। আর কীভাবে দেওয়া হবে, সেই পরিকল্পনাও শুরু করে দিয়েছে নবান্ন। বৃহস্পতিবার নবান্নে দাঁড়িয়ে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, যে এর আগে স্বাস্থ্যকর্মী, পুলিশ, পুরকর্মী, সামনের সারির করোনা যোদ্ধা সহ সাত লক্ষ কর্মচারির তালিকা তৈরি করা হয়েছে। এবার রাজ্যের সরকারি কর্মীদেরও করোনা টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। নাম নথিভুক্ত করার কাজ শুরু হচ্ছে। দেশে প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী, ডাক্তারদের। এর পর বেশ কয়েক জন অসুস্থ হলে সাময়িকভাবে বন্ধ করা হয় টিকাকরণ। সম্প্রতি ফের তা শুরু হয়েছে। পুলিশ, স্বাস্থ্য দফতরের কর্মী, পুরসভার কর্মচারীদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ চলছে।

অভিষেককে নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, অমিত শাহকে হাজিরার নির্দেশ দিল আদালত-দৈনিক সংবাদ প্রতিদিন

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন অমিত শাহ (Amit Shah)। যার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেই মামলাতেই এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সমন পাঠাল বিশেষ আদালত। আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০টায় অমিত শাহ অথবা তাঁর কোনও প্রতিনিধিকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনা ২০১৮ সালের ২৮ আগস্টের। কলকাতার মেয়ো রোডের জনসভায় অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন অমিত শাহ। ডায়মন্ড হারবারের সাংসদকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করেন তিনি। সেই অভিযোগের প্রেক্ষিতেই শাহর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন অভিষেক।

 পার্সটুডে/এমবিএ/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।