মার্চ ০১, ২০২১ ১৮:১১ Asia/Dhaka

শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান পরিবেশনায় রয়েছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: চিঠিপত্রের দিকে নজর দেয়ার আগে আজও আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, বিনয়ীর চি‎হ্ন চারটি: ১. প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা, ২. ভালো ও সুন্দর ধারণা করা, ৩. পরকালের চিন্তা ও ৪. আল্লাহর কাছে মোনাজাত।

আকতার জাহান: খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস শুনলাম। আমরা সবাই যেন বিনয়ী হতে পারি- এ কামনা করে চিঠির ঝাঁপি হাতে তুলে নিচ্ছি।

বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার পূর্ব নলছিয়ার জাগো রেডিও লিসেনার্স ক্লাব থেকে হারুন অর রশীদ পাঠিয়েছেন আসরের প্রথম চিঠিটি। তিনি লিখেছেন, গত ২৩ জানুয়ারি ২০২১ তারিখের সান্ধ্য অধিবেশনে রেডিও তেহরান থেকে প্রচারিত অন্যান্য নিয়মিত পরিবেশনার সাথে শুনলাম 'ইরান ভ্রমণ' অনুষ্ঠানটি। রেজোয়ান হোসেন ও নাসির মাহমুদের সাবলীল উপস্থাপনায় হরমুজগান প্রদেশের প্রবাল দ্বীপ কিশ্-এর মনোমুগ্ধকর বর্ণনা শুনে নিমিষেই ছুটে গিয়েছিলাম পার্সিয়ান উপসাগরের মুক্ত খ্যাত কিশ্ দ্বীপে। নয়নাভিরাম কিশ্ দ্বীপের বর্ণনায় আমি যেন হারিয়ে গিয়েছিলাম স্বপ্নের রাজ্যে। ভালোলাগার এই চমৎকার অনুষ্ঠানটি উপহার দেবার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ ও শুভেচ্ছা।

নাসির মাহমুদ: কিশ দ্বীপ সম্পর্কে ভালোলাগার অনুভূতি জানিয়ে রাজবাড়ী জেলার খোশবাড়ী থেকে শাওন হোসাইন পাঠিয়েছেন এই চিঠিটি। তিনি লিখেছেন, "গত ৩০ জানুয়ারি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে ইরান ভ্রমণ অনুষ্ঠানে কীশ দ্বীপে সম্পর্কে আলোচনা করা হয়। এ দ্বীপ সম্পর্কে যতই জানছি ততই মুগ্ধ হচ্ছি। বাংলাদেশে থেকেও আমার মন যেন চলে গিয়েছে সুদূর ইরানের কীশ দ্বীপে। উপস্থাপকদের বর্ণনায় মনের চোখ দিয়ে ঘুরে আসি ইরান থেকে।''

‌আশরাফুর রহমান: কীশ দ্বীপ সম্পর্কে আলোচনাটি আপনাদের ভালো লেগেছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও মতামত জানাবেন।

আসরের পরের মেইলটি পাঠিয়েছেন নওগাঁ জেলার মান্দা উপজেলার সেতু রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুলতান মাহমুদ সরকার।  

তিনি লিখেছেন, "রেডিও তেহরানের বাংলা সংবাদে জানতে পারলাম যে, মিয়ানমার সেনাবাহিনী সেদেশের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি নেত্রী অং সান সুচি ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক এবং দেশটিতে সামরিক শাসন জারি করেছে। আমার মনে হয়- এই সংবাদে পৃথিবীর সকল মুসলমান আনন্দিত হয়েছে।  যেভাবে আনন্দিত হয়েছিল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিদায়ে। মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর উপর যখন জুলুম নিপীড়ন করছিল তখন অং সান সুচি সেটাকে সমর্থন করেছিল। কিন্তু তার শেষ রক্ষা হল না। ডোনাল্ড ট্রাম্পসহ পৃথিবীর সকল স্বৈরশাসকদের এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত।"

আকতার জাহান: ভাই, সুলতান মাহমুদ সরকার, আপনার মতামত তুলে ধরা হলো। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

বাংলাদেশের পর ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে আসা বেশকিছু মেইলের দিকে নজর দিচ্ছি। এগুলো পাঠিয়েছেন বিধান চন্দ্র সান্যাল। একটি মেইলে তিনি লিখেছেন, "এ বছর একের পর এক সামরিক মহড়া চালিয়ে নিজেদের শক্তির সক্ষমতা জানান দিয়ে আসছে ইরান। এবার নিজস্ব প্রযুক্তিতে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কারখানা উদ্বোধন করল দেশটি। গত ৬ ফেব্রুয়ারি ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আমির হাতামি এবং সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ বাকেরি এটির উদ্বোধন করেন। একদিকে ইরানের সামরিক শক্তির উত্থান অন্যদিকে পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের আশার আলো দেখা যাওয়ায় আমরা অত্যন্ত খুশি।"

নাসির মাহমুদ: ইরানের সামরিক শক্তি ও পরমাণু সমঝোতা নিয়ে মন্তব্যের জন্য ‌আপনাকে ধন্যবাদ। আশা করি আবারো লিখবেন।

কুয়েত সিটি থেকে শাহজালাল হাজারীর পাঠানো একটি মেইল আমার হাতে রয়েছে।  তিনি লিখেছেন,  "রেডিও তেহরান যত শুনছি ততই মুগ্ধ হচ্ছি। রেডিও তেহরানের প্রতি শ্রোতাদের এই যে জাগরণ তা কেবল সম্ভব হয়েছে নানান বৈচিত্র্যময় মার্জিত ও ইসলামী বিনোদনমূলক অনুষ্ঠান, শ্রোতাদের মূল্যায়ন এবং আপনাদের নান্দনিক উপস্থাপনার কারণে। ইসলামের মধ্যেও যে সুস্থ বিনোদন আছে তার জ্বলন্ত প্রমাণ রেডিও তেহরান। আমি মনে করি রেডিও তেহরান নানান বিনোদনের আঙ্গিকে ইসলামকে যেভাবে তুলে ধরেছে তা ইকামতে দ্বীন প্রতিষ্ঠার কাজ করছে। রেডিও তেহরানের একজন গর্বিত শ্রোতা হতে পেরে নিজেকে ধন্য মনে করছি।"

আশরাফুর রহমান: ভাই শাহজালাল হাজারী, আপনার চিঠি সবসময় আমাদের প্রেরণা জোগায়। আশা করি নিয়মিত লিখবেন।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে তানজিলুর রহমান পাঠিয়েছেন ছোট্ট এই চিঠিটি। লিখেছেন, "আমরা জানি, বায়েজিদ বোস্তামি ইরান থেকে বাংলাদেশে আসেন এবং তার মাজার চট্টগ্রামে আছে। কিন্তু অনেকেই বলেন তিনি নাকি ইরানেই মারা গিয়েছিলেন। তাহলে আসল ইতিহাস কি?"

আকতার জাহান: আপনার এ প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলেছি- ইরানের ধর্মীয়নগরী কোমে অধ্যয়নরত বাংলাদেশি গবেষক ও ইসলামি চিন্তাবিদ মুহাম্মাদ আনওয়ারুল কবির আরিফের সঙ্গে। তিনি জানালেন-

নাসির মাহমুদ: তানজিলুর রহমান, আপনার প্রশ্নের জবাব দেয়া হলো। আশাকরি কৌতুহল মিটেছে।

আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলা বেতার জগতের অত্যন্ত পরিচিতি মুখ এবং রেডিও তেহরানের বাংলাদেশ মনিটর আবু তাহেরের সঙ্গে।

নাসির মাহমুদ: আসরের পরের মেইলটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার নওপাড়া থেকে। আর পাঠিয়েছেন ভি আর এল ক্লাবের সভাপতি এস এম জাকির হোসেন। তিনি লিখেছেন, "আমি রোজ ভোরবেলায় উঠে ফজরের নামাজ পড়ে পাড়ার চায়ের দোকানে বসে ভিন্ন ধরনের আলোচনা শুনি। জানতে পারি- অনেকেই রেডিও তেহরানের সংবাদ শুনে থাকে। আমাদের ক্লাবের সদস্যরাও খুব মনোযোগ সহকারে শুনে থাকে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান।

পবিত্র কুরআন তেলওয়াত, বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, কুরআনের আলো, মজার মজার গল্প নিয়ে ছোটদের অনুষ্ঠান রংধনু এবং নতুন আঙ্গিকে সাজানো প্রিয়জন অনুষ্ঠান আমাদের ভালো লাগে।"

সবশেষে এ শ্রোতা ভাই, ইসলামি আদর্শ অনুযায়ী জীবন গড়ে তুলতে রেডিও তেহরান শোনার আহ্বান জানিয়েছেন।

আশরাফুর রহমান: ভাই জাকির হোসেন, চিঠি লেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ক্লাব সদস্যদের প্রতি আমাদের সালাম ও শুভেচ্ছা রইল।

ঢাকার মোহম্মদপুর থেকে প্রকৌশলী আবদুল মতিন মিয়াজী পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, "ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, তিনি আমেরিকা ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনায় ‘সৎ মধ্যস্থতাকারীর’ ভূমিকা পালন করতে চান। আমার অনুরোধ- এদেরকে কখনও বিশ্বাস করবেন না। এরা বড় শয়তান, নানা ধরনের ছলছাতুরীর আশ্রয় নিয়ে মুসলমানদের বারোটা বাজানোর জন্য যা যা দরকার এরা তাই করবে- কোনো নৈতিকতা, বিবেক নেই। এদেরকে বিশ্বাস করবেন না।"

আকতার জাহান: আসরের শেষ চিঠি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। ৪ ফেব্রুয়ারি তারিখে প্রচারিত অনুষ্ঠানগুলো শোনার পর তিনি এই চিঠিটি লিখেছেন।

শাহাদত ভাইয়ের মতে, "ওই দিনের প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ শিক্ষণীয় ও উপভোগ্য। তবে ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী এবং রংধনু আসর অসাধারণ হয়েছে। রংধনু আসরে রাগ নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে একটি গল্প প্রচারিত হয়। গল্পটি আমাদের খুব ভালো লেগেছে।আমাদের প্রত্যেকের উচিত রাগ নিয়ন্ত্রণ করা।"

নাসির মাহমুদ: শাহাদত ভাইকে ধন্যবাদ মতামতসমৃদ্ধ চিঠিটির জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে কিছু চিঠির প্রাপ্তিস্বীকার করছি।

  • ভারতের রাজস্থান থেকে কৃপারাম কাগা
  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএস নাজিম উদ্দিন
  • আনন্দ মোহন বাইন ছত্তিশগড়ের দুর্গ থেকে
  • মোঃ জাকির হাসান শোভন মতিহার, রাজশাহী থেকে।
  • আতাউর রহমান রঞ্জু রংপুরের পীরগাছা থেকে।
  • এবং ইশতিয়াক আহমেদ খান মোহাম্মদপুর ঢাকা থেকে।

আশরাফুর রহমান: চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো শ্রোতাবন্ধুরা, এবারে রয়েছে একটি গান। গানের কথা, সুর ও শিল্পী আমিরুল মোমেনীন মানিক। 

আকতার জাহান: আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই চিঠিপত্রের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।