মশার রাজধানী ঢাকা: মেয়র আতিক যা বললেন...
শ্রোতা/পাঠক!১৩ মার্চ শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- আমাকে হত্যার জন্য গুলি করা হয়েছে-কাদের মির্জা-ইত্তেফাক
- শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পেছাতে পারে: দীপু মনি-ইত্তেফাক
- ‘অনুমানের’ ওপর ৮৮০ কোটি টাকার প্রকল্প –প্রথম আলো
- খুলনার ৩৩ ইউপিতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী প্রায় দু’শ-কালের কণ্ঠ
- খালেদা জিয়াকে বিদেশেই নিতে হবে কেন, চিকিৎসা তো বাংলাদেশেও আছে-তথ্যমন্ত্রী-যুগান্তর
- রাতভর গুলি, মিয়ানমারে আরও ৫ হত্যা– মানবজমিন
- জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের বিশ্বাসঘাতক: প্রাণিসম্পদ মন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- ‘আমাকে মানুষের কাছে যেতেই হবে’, সোমবার থেকে ফের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা -আনন্দবাজার পত্রিকা
- মুখ্যমন্ত্রীর আঘাত লাগার কারণ খুঁজতে মরিয়া কমিশন! নতুন রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে -আজকাল
- বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত যোগ দিলেন তৃণমূলে, বিজেপি-কে ‘ব্যক্তিকেন্দ্রিক’ বলে আক্রমণ-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. নিজেকে হত্যা চেষ্টার আশঙ্কা প্রকাশ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বলেছেন, শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এ খবর সম্পর্কে আপনি কি বলবেন?
২. জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের বিরুদ্ধে কয়েকটি দেশ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। এই ইস্যুতে কথা বলেছে ইহুদিবাদী ইসরাইলও। এসব দেশের বক্তব্যকে আপনি কিভাবে দেখেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
শিক্ষা প্রতিষ্ঠান খোলার সময় পেছাতে পারে: দীপু মনি-ইত্তেফাক
করোনার সংক্রমণ বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। দেশে টানা তৃতীয় দিনের মত হাজারের বেশি করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ দৈনিক শনাক্তের হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। দৈনিক শনাক্তের হার গত ৫ জানুয়ারি ছিল ৬ দশমিক ৮৫ শতাংশ। এরপর কমতে কমতে তা ৩ শতাংশের নিচেও নেমেছিল। তবে মার্চের শুরু থেকে করোনা শনাক্তের হার বাড়ছে।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা ছিল।
মশা বৃদ্ধির পেছনে কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে: মেয়র আতিক-কালের কণ্ঠ
রাজধানীতে মশা বৃদ্ধির পেছনে ওয়ার্ড কাউন্সিলরদের দায়িত্বে অবহেলা রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
আজ শনিবার (১৩ মার্চ) সকাল ৯টার দিকে ডিএনসিসির মশক নিধন কর্মসূচির পঞ্চম দিনের কার্যক্রম পরিদর্শনে নগরীর ভাটারা এলাকায় এসে এ মন্তব্য করেন তিনি।
এর আগে শনিবার সকাল ৮টায় ভাটারা থানার সামনের ১০০ ফুট সড়ক থেকে মশক নিধনে ক্রাশ কর্মসূচি শুরু করে ডিএনসিসি। অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে আসেন মেয়র আতিকুল।
এসময় এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'দ্রুতই মশার উপদ্রব থেকে রেহাই পাচ্ছে না নগরবাসী। তবে উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।' তিনি বলেন, 'রাজধানীতে এখন কিউলেক্স মশার উপদ্রব বেড়ে গেছে। ফলে গত ৮ মার্চ থেকে আমরা মশা নিধনে ডিএনসিসির বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছি। এই অভিযানে এক হাজার ৪০০ মশক কর্মী একযোগে কাজ করছেন।
আমাকে হত্যার চেষ্টা চলছে: কাদের মির্জা-মানবজমিন
নিজেকে হত্যা চেষ্টার আশঙ্কা প্রকাশ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। বলেছেন, শুক্রবারও এমপি একরামের বাড়িতে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রতিনিয়ত আমার নেতাকর্মীদের হয়রানি করছে প্রশাসন। আজ সকাল সাড়ে ১০টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মেয়র মির্জা। তিনি বলেন, গত কয়েক দিনে আমার ৭-৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমার প্রত্যেক নেতাকর্মীর বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালাচ্ছে। তাদের পরিবারের লোকজনকে নির্যাতন করছে। এখানে সবকিছু একতরফা হচ্ছে।
প্রশাসনও আমার বিরুদ্ধে কাজ করছে। মেয়র আরও বলেন, আমি নিজে নিরাপত্তাহীনতায় না ভুগলেও আমার নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে প্রসাশন ও সরকার কী ব্যবস্থা নেবে, তা তারা জানে। আমার শরীরে এক ফোটা রক্ত থাকা অবস্থায় আমি এখান থেকে নড়ব না। সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির ও সিএনজিচালক আলাউদ্দিন হত্যার ঘটনার যে তদন্ত তা তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দীকে দিয়ে এবং বিচার বিভাগীয় তদন্ত গোয়েন্দা সংস্থা, এনএসআই ও ডিজিএফআইকে দিয়ে করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব। তদন্তে যদি আমি বা আমার কোনো কর্মীর অপরাধ প্রমাণ হয়, তাহলে তিনি (প্রধানমন্ত্রী) যে শাস্তি দেবেন তা আমরা মাথা পেতে নেব।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে নানাখবর পরিবেশিত হয়েছে কোলকাতার বাংলা দৈনিকগুলোতে।
এ সম্পর্কে সংবাদ প্রতিদিন ও আননন্দবাজার পত্রিকার প্রধান খবর হচ্ছে-
বাজপেয়ী সরকারের অর্থমন্ত্রী যশবন্ত যোগ দিলেন তৃণমূলে, বিজেপি-কে ‘ব্যক্তিকেন্দ্রিক’ বলে আক্রমণ করলেন তিনি। বিস্তারিত খবরে লেখা হয়েছে,
ভোটের আগে জোড়াফুল ছেড়ে পদ্মশিবিরে যোগদানের হিড়িক পড়েছে। কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার হাত ধরে এ বার তার উলট পুরাণ ঘটল বাংলায়। বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন অটল বিহারি বাজপেয়ী সরকারের মন্ত্রী। শনিবার তৃণমূল ভবনে সুব্রত মুখোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন তাঁকে দলে স্বাগত জানান। সুব্রত জানান, মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যশবন্তকে দলে স্বাগত জানাতে চেয়েছিলেন। কিন্তু অসুস্থতার জন্য আসতে পারেননি তিনি। তৃণমূলে যোগ দিয়ে যশবন্ত তৃণমূলকে আরও সমৃদ্ধই করলেন। নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ‘স্বেচ্ছাচার’ মেনে নিতে না পেরেই ২০৮-য় বিজেপি ছেড়ে বেরিয়ে আসেন যশবন্ত। শনিবার তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়ে তিনি বলেন, ‘‘মোদী সরকার স্বেচ্ছাচার চালাচ্ছে। এদের বাধা দেওয়ার মতো কেউ নেই। দেশের গণতন্ত্র আজ বিপন্ন।এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে দেশ। সমস্ত প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়েছে। গণতন্ত্র বজায় রাখতেই একজোট হওয়া প্রয়োজন।’’
‘আমাকে মানুষের কাছে যেতেই হবে’, সোমবার থেকে ফের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা-আনন্দবাজার পত্রিকা
চিকিৎসকদের পরামর্শ পুরোপুরি না মেনেই সোমবার থেকে ফের নির্বাচনী প্রচারে নেমে পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সব কিছু ঠিকঠাক থাকলে তাঁর সফর শুরু হবে ঝাড়গ্রাম জেলা থেকে। আর তিনি চলাফেরা করবেন হুইলচেয়ারে।
সফরে বেরোনোর আগে রবিবার, নন্দীগ্রাম দিবসে (১৪ মার্চ) বাড়ি থেকে তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইস্তাহার প্রকাশের কথা ছিল। কিন্তু তাঁর আকস্মিক দুর্ঘটনায় কর্মসূচির পরিবর্তন করতে হয়। এসএসকেএম হাসপাতাল থেকে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরেন মুখ্যমন্ত্রী।
বাংলায় ‘দিদি’কেই সমর্থন! প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে এল হেমন্ত সোরনের JMM-সংবাদ প্রতিদিন
বাংলার নির্বাচনে এবছর প্রার্থী দিচ্ছে না ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রুখতে তৃণমূলকেই সমর্থন করার কথা ঘোষণা করলেন জেএমএমের কার্যকরী সভাপতি হেমন্ত সোরেন (Hemant Soren)। জানিয়ে দিলেন, তৃণমূল সুপ্রিমো তাঁদের চিঠি লিখে সমর্থন প্রার্থনা করেছেন। আর সাম্প্রদায়িক শক্তিকে রুখে দেওয়ার স্বার্থে মমতার পাশে থাকারই সিদ্ধান্ত নিয়েছে তাঁদের দল।
মুখ্যমন্ত্রীর আঘাত লাগার কারণ খুঁজতে মরিয়া কমিশন! নতুন রিপোর্ট তলব মুখ্যসচিবের কাছে-আজকাল
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঘাত লাগার কারণ সংক্রান্ত যে রিপোর্ট কমিশনে জমা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নির্বাচনে কমিশনে রিপোর্টটি জমা দেন। কিন্তু সেই রিপোর্টে কিভাবে মমতা ব্যানার্জির আঘাত লাগল সেই বিষয়ে নির্দিষ্ট কোনও কারণ খুঁজে পাননি রাজ্যে নির্বাচনের দায়িত্বে থাকা বিশেষ পর্যবেক্ষক অজয় নায়ক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তাই ফের নতুন করে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট চেয়ে পাঠাল কমিশন।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩
- বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।