একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৬ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম:
- সহিংসতার পর এবার হেফাজতের বিষয়ে কঠোর সরকার- প্রথম আলো
- বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে: কাদের- দৈনিক কালেরকণ্ঠ
- ১ লাখ প্রবাসীকে ফিরিয়ে আনতে কাল থেকে বিশেষ ফ্লাইট- দৈনিক যুগান্তর
- করোনায় বেশি আক্রান্ত যুবকরা, মৃত্যু বয়স্কদের- ইত্তেফাক
- প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না: ভিপি নূর- বাংলাদেশ প্রতিদিন
- ৬ মাস থেকে ১ বছরের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেয়ার প্রয়োজন হতে পারে- বললেন ফাইজার প্রধান- দৈনিক মানবজমিন
ভারতের শিরোনাম:
- শীতলখুচি-কাণ্ডের তদন্তে সিআইডি, রিপোর্ট দিতে হবে ৫ মে-র মধ্যে, নির্দেশ হাইকোর্টের-আনন্দবাজার পত্রিকা
- সঙ্কট মেটাতে পিএম-কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন তৈরির সিদ্ধান্ত, করা হবে আমদানিও-আজকাল
- ‘সিনেমার গোখরো দেখেছ, আসল গোখরো দেখনি’, মিঠুনকে তাঁর সংলাপেই বিঁধলেন মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।
প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
সহিংসতার পর এবার হেফাজতের বিষয়ে কঠোর সরকার- প্রথম আলো
হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান নেতৃত্ব সরকারের পছন্দের নয়। তাঁদের ওপর সরকারের সেভাবে নিয়ন্ত্রণও ছিল না। তারপরও সরকার হেফাজতকে পুরোপুরি বৈরী অবস্থানে ঠেলে দিতে চায়নি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতার পর এবার সংগঠনটির ব্যাপারে সরকার কঠোর অবস্থান নিয়েছে। এর মধ্য দিয়ে চাপে ফেলে সংগঠনটির নেতৃত্বে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও লক্ষ্য রয়েছে বলে সরকারি দল আওয়ামী লীগের উচ্চপর্যায়ে কথা বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরই মধ্যে সহিংসতার ঘটনায় করা মামলায় সারা দেশে তিন শতাধিক হেফাজত নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় ও মাঝারি সারির কিছু নেতাকেও আইনের আওতায় এনে শীর্ষ নেতাদের প্রতি একটা বার্তা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে: কাদের- দৈনিক কালেরকণ্ঠ
লকডাউন নিয়ে বিএনপির দ্বিচারিতামূলক বক্তব্য মানুষকে ঘরে থাকতে নিরুৎসাহিত করতে পারে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভ্যাকসিন নিয়ে অপরাজনীতি করে ব্যর্থ হয়ে বিএনপি এখন লকডাউন নিয়ে অপপ্রচারে নেমেছে। বিএনপি কি চায় না করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসুক।
শুক্রবার (১৬ এপ্রিল) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত কয়েকটি সাংবাদিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভিডিও কনফারেন্সর মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন ওবায়দুল কাদের।
দেশে গণতন্ত্র নেই বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে এগিয়ে নিতে কী ভূমিকা পালন করেছে? পদে পদে বাধা সৃষ্টি করে অগণতান্ত্রিক চর্চা করে তারা এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে।
১ লাখ প্রবাসীকে ফিরিয়ে আনতে কাল থেকে বিশেষ ফ্লাইট- দৈনিক যুগান্তর
কোভিড-১৯ মহামারিতে আটকে পড়া প্রায় এক লাখ প্রবাসীকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। চালু হচ্ছে আন্তর্জাতিক বিশেষ ফ্লাইট। আগামীকাল শনিবার থেকেই এই ফ্লাইট চালু করা হবে।

প্রবাসী কর্মীদের বিষয়টি মাথায় রেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুরের জন্য এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার দিনভর বেবিচক কার্যালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিকভাবে পাঁচটি দেশে ১০০ থেকে ১২০টি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
করোনায় বেশি আক্রান্ত যুবকরা, মৃত্যু বয়স্কদের- ইত্তেফাক
বাংলাদেশে করোনা ভাইরাসে যুবকরা বেশি আক্রান্ত হচ্ছেন। আর আক্রান্তদের মধ্যে বয়স্করা বেশি মৃত্যুবরণ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, যুবকরা বাইরে বেশি বের হচ্ছে, তাই করোনায় আক্রান্তও বেশি হচ্ছে। অন্যদিকে নানা শারীরিক জটিলতার কারণে বয়স্কদের মৃত্যুর হার বেশি।

বাংলাদেশে এ পর্যন্ত আক্রান্ত ৭ লাখ মানুষের মধ্যে প্রায় ৪ লাখই যুবক, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আর ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন, তাদের ৮ হাজারের বেশির বয়স পঞ্চাশের বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে গত বছরের মার্চে প্রাদুর্ভাবের পর বুধবার পর্যন্ত ৭ লাখ ৭ হাজার ৩৬২ জনের দেহে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মারা গেছেন ১০ হাজার ৮১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ১৪ এপ্রিল পর্যন্ত বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্তদের সবচেয়ে বেশি ৫৪ দশমিক ৭ শতাংশের বয়স ২১ থেকে ৪০ বছর। সংখ্যার হিসাবে তা ৩ লাখ ৮৪ হাজার ৬৩৪ জন।
কোনো প্রকৃত মুসলমান আওয়ামী লীগ সমর্থন করতে পারে না: ভিপি নূর- বাংলাদেশ প্রতিদিন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)'র সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, বর্তমানে এই বিনা ভোটের সরকার যেভাবে ভিন্নমতের উপর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় আছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মোদি বিরোধী আন্দোলনে মানুষ হত্যা করেছে, পবিত্র রমাজান মাসে অন্যায়ভাবে মানুষকে গ্রেফতার করছে, আলেম-ওলামা ও ইসলাম নিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে তাতে কোন প্রকৃত মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগকে সমর্থন করতে পারে না। মুসলমানদের উচিত আওয়ামী লীগ ত্যাগ করা।

গত ১৪ এপ্রিল নিজের ফেসবুক পেজে লাইভে এসে এসব মন্তব্য করেন ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নূর। ফেসবুক লাইভে নূর আরো বলেন, আওয়ামীলীগ মুখে অসাম্প্রদায়িকতার কথা বললেও সুনামগঞ্জের শাল্লার মতো অসংখ্য সাম্প্রদায়িক ঘটনা ঘটাচ্ছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি দাবি করে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে, দেশে একদলীয় শাসন কায়েম করে মুক্তিযুদ্ধের বিরোধী কাজ করেছে। কাজেই কোন বিবেক সম্পন্ন মানুষ এই বিনা ভোটের সরকারকে সমর্থন করতে পারে না।
৬ মাস থেকে ১ বছরের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেয়ার প্রয়োজন হতে পারে- বললেন ফাইজার প্রধান- দৈনিক মানবজমিন- দৈনিক মানবজমিন
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বৌরলা বলেছেন, তাদের উৎপাদিত টিকা একজন ব্যক্তিকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ নেয়ার প্রয়োজন হতে পারে। বৃহস্পতিবার তিনি এক সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, ফাইজারের টিকা ৬ থেকে ১২ মাসের মধ্যে তৃতীয় ডোজ নেয়ার প্রয়োজন হবে। তবে এ বিষয়টি এখনও নিশ্চিত হতে হবে বলে তিনি মন্তব্য করেন। কারণ এক্ষেত্রে করোনার ভ্যারিয়েন্ট একটি বড় ভূমিকা রাখবে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। উল্লেখ্য, গবেষকরা এখনও পর্যন্ত নিশ্চিত নন যে, করোনা ভাইরাসের টিকাগুলো কতদিন পর্যন্ত সুরক্ষা দেবে। এ মাসের শুরুর দিকে ফাইজার একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে।
শীতলখুচি-কাণ্ডের তদন্তে সিআইডি, রিপোর্ট দিতে হবে ৫ মে-র মধ্যে, নির্দেশ হাইকোর্টের-আনন্দবাজার পত্রিকা
চতুর্থ দফার নির্বাচনে শীতলখুচি গুলি-কাণ্ডের তদন্তভার হাতে নিল সিআইডি। দায়িত্ব হাতে পাওয়ার পর ওই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে ওই সংস্থা। পাশাপাশি, মাথাভাঙা থানা থেকে এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়ে পাঠিয়েছেন তদন্তকারীরা। শীঘ্রই শীতলখুচিতেও যাবেন তাঁরা। গোটা ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে আগামী ৫ মে-র মধ্যে সিআইডি-র কাছ থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট।
১০ এপ্রিল কোচবিহারের মাথাভাঙা থানার অন্তর্গত শীতলখুচিতে ২টি আলাদা বুথে গুলিচালনায় মোট ৫ জন নিহত হন। আহত হন বেশ কয়েক জন।
সঙ্কট মেটাতে পিএম-কেয়ার ফান্ডের টাকায় অক্সিজেন তৈরির সিদ্ধান্ত, করা হবে আমদানিও-আজকাল
এবার অক্সিজেন তৈরি হবে হাসপাতালে। আর পি-এম কেয়ার ফান্ডের টাকা দিয়েই তৈরি হবে এগুলি। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে এ কথা ঘোষণা করা হয়েছে। অনেক কোভিড রোগীদের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিচ্ছে। সেই সমস্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য অক্সিজেন আবশ্যক। সেই জন্য নির্দিষ্ট পরিমাণে অক্সিজেন মজুত রাখতে হচ্ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মজুত থাকা অক্সিজেনের ভাঁড়ারে টান পড়ছে। গত কয়েকদিনে অক্সিজেনের অভাবে বিভিন্ন রাজ্যে একাধিক রোগীর মৃত্যুর ঘটনাও সামনে এসেছে। সেই পরিস্থিতিতে প্রত্যন্ত এলাকা-সহ দেশের ১০০টি হাসপাতালে অক্সিজেন তৈরির সিদ্ধান্ত নিল কেন্দ্র। আর তা তৈরিতে ব্যবহার করা হবে পিএম-কেয়ার ফান্ডের টাকা।
‘সিনেমার গোখরো দেখেছ, আসল গোখরো দেখনি’, মিঠুনকে তাঁর সংলাপেই বিঁধলেন মমতা-দৈনিক সংবাদ প্রতিদিন
বিজেপিতে যোগ দিয়েই মহাগুরু মনে করিয়ে দিয়েছিলেন, তিনি ‘জাত গোখরো’। এবার তাঁর সিনেমার সংলাপকে হাতিয়ার করেই তাঁকে উত্তর দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, রিল আর রিয়েল লাইফ গোখরোর পার্থক্য অনেকটা। অভিযোগ করলেন মিথ্যাচার করছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।
পঞ্চম দফায় হাবড়া আসনে নির্বাচন। তার আগে শুক্রবার হাবড়ায় (Habra) নির্বাচনী জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই মিঠুন চক্রবর্তীকে সরাসরি আক্রমণ করেন তিনি। বলেন, “সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি।” মহাগুরুকে তোপ দেগে মমতা বললেন, “ছেলেকে বাঁচাতে আজ মিথ্যে কথা বলছেন।” এদিনের সভা থেকে কেন্দ্রের একাধিক নীতির বিরোধিতা করেন তিনি। প্রশ্ন তোলেন মোদির বাংলাদেশ সফর নিয়ে।#
পার্সটুডে/এমবিএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।