৮০০ কোটি টাকার মালিক ‘গোল্ডেন মনির, আছে রাজউকে ২০ টি প্লট
শ্রোতা/পাঠক! ১০ মে সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- রাজউকের ২০ প্লট ও ৮০০ কোটি টাকার মালিক ‘গোল্ডেন মনির’ -প্রথম আলো
- টঙ্গিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১৫-ইত্তেফাক
- উপহার হিসেবে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন, ১২ মে পৌঁছাবে ঢাকায় -কালের কণ্ঠ
- ‘সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার নজির আছে’-মাহমুদুর রহমান মান্না -যুগান্তর
- করোনার মধ্যেও সন্তানকে স্কুলে পাঠাতে চান ৯৭ শতাংশ অভিভাবক -সমকাল
- কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে খারাপ করবে: চীনা রাষ্ট্রদূত -মানবজমিন
- হাসপাতাল থেকে পালানো সেই ১০ করোনা রোগীর ৭ জনকে গ্রেফতার -বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- জল্পনার অবসান, রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারীই -সংবাদ প্রতিদিন
- অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্ব শর্মার-আজকাল
- ৫০ জনকে নিয়ে ধর্মীয় অনুষ্ঠানে ছাড়, ইদের মুখে ঘোষণা মমতার-এইসময়
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. খালেদা জিয়ার কিছু হলে এর দায়ভার সরকারকেই নিতে হবে- একথা বলেছেন নাগরিক ঐক্যের নেতা মাহমুদুর রহমান মান্না। আপনার কি মনে হয় যে সরকার দায়িত্ব নেবে?
২. ইরানের পররাষ্ট্রনীতিতে ফিলিস্তিন অগ্রাধিকার পায়। ইরান আরব দেশ না হয়েও ফিলিস্তিনকে এত বেশি গুরুত্ব দেয় তার কারণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পায়নি। এসম্পর্কে ইত্তেফাকে প্রকাশিত তিনটি খবরের শিরোনাম এরকম-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার অনুমতি না দেওয়ায় আমরা হতাশ ও ক্ষুব্ধ।
দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে আইন মন্ত্রণালয়ের এ মতামত বেআইনি বলে অভিহিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না। কারণ সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ আইনে নেই।
‘খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’-হাছান মাহমুদ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে সর্বোচ্চ চিকিৎসাসুবিধা সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার আবেদন বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
‘সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার নজির আছে’-মাহমুদুর রহমান মান্না-যুগান্তর
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার বিষয় নিয়ে গত কয়েক দিনে সরকারের পক্ষ থেকে যা করা হয়েছে, তাতে আমি বিস্মিত এবং উদ্বিগ্ন। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সাজাপ্রাপ্ত আসামির বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে আইনি বাধার কথা আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, তার ব্যত্যয় ঘটিয়ে সাজাপ্রাপ্ত আসামির বিদেশে চিকিৎসার নজির এ দেশে রয়েছে।
‘সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পরও জেএসডির সভাপতি আ স ম আব্দুর রবকে ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য জার্মানিতে পাঠানো হয়েছিল। এ ক্ষেত্রে মানবিক বিষয়টি প্রাধান্য পেয়েছিল সবার আগে। বেগম জিয়ার ক্ষেত্রেও তেমনটি আমি আশা করেছিলাম।‘
কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে খারাপ করবে: চীনা রাষ্ট্রদূত-মানবজমিন
যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কৌশলগত জোট কোয়াডে বাংলাদেশের অংশগ্রহণ ঢাকা-বেইজিং সম্পর্ককে ‘যথেষ্ট খারাপ’ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেন, কোয়াডকে চীনবিরোধী একটি ছোট গোষ্ঠী হিসেবে বিবেচনা করে বেইজিং। আজ সোমবার সকালে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ডিকাব আয়োজিত এক ভার্চুয়াল মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।লি জিমিং বলেন, চীন সব সময় মনে করে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কোয়াড হচ্ছে চীনবিরোধী একটি ছোট গ্রুপ। আমি খুব স্পষ্ট করেই বলতে চাই, অর্থনৈতিক প্রস্তাবের কথা বললেও এতে নিরাপত্তার উপাদান আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে জাপানও এখানে চীনের বিরুদ্ধে বলছে। কোয়াডে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশকে সতর্ক করে চীনের রাষ্ট্রদূত বলেন, এই প্রেক্ষাপটে বলব, এ ধরনের ছোট গোষ্ঠী বা ক্লাবে যুক্ত হওয়ার ভাবনাটা ভালো না। বাংলাদেশ এতে যুক্ত হলে তা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক যথেষ্ট খারাপ করবে।
উপহার হিসেবে ৫ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন, ১২ মে পৌঁছাবে ঢাকায়-কালের কণ্ঠ
উপহার হিসেবে বাংলাদেশকে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে চীন। এই টিকার চালান আগামী ১২ মে বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।সোমবার (১০ মে) ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ- ডিকাব আয়োজিত 'ডিকাব টক'-এ অংশ নিতে এ কথা জানান তিনি। অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চীনা রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারি মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা দেবে। এই লক্ষ্যে পাঁচ লাখ সিনোফার্ম টিকা দেবে। এই টিকা আগামী ১২ মে আসবে। কদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই টিকার অনুমোদন দিয়েছে বলে জানান তিনি। গত কদিন আগেই দেশে চীন ও রাশিয়ার ভ্যাকসিন উৎপাদনের অনুমোদন দেয় সরকার। এ প্রক্রিয়া সম্পর্কে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়া ডকুমেন্ট পাঠিয়েছে, আমাদের রাষ্ট্রদূতের মাধ্যমে তারা তাগাদা দিচ্ছে। রাশিয়ার ডকুমেন্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। আমরা রাশিয়া এবং চীনেরটা যৌথভাবে উৎপাদন করতে চাই, তবে এটা সময় লাগবে; আজ চুক্তি হলো কাল হয়ে যাবে এমনটা না। তবে আমরা খুব দ্রুত পেতে চাই।
রাশিয়া ও চীনের সঙ্গে যৌথ ভ্যাকসিন উৎপাদনে বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কম্পানিগুলোর সক্ষমতার মাধ্যমে দেশেই মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন সম্ভব বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।
পিপিআরসি ও বিআইজিডির গবেষণা-করোনার মধ্যেও সন্তানকে স্কুলে পাঠাতে চান ৯৭ শতাংশ অভিভাবক-সমকাল
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ চললেও এ মুহূর্তে স্কুল খুলে দিলে দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রায় সকল শিক্ষার্থীর অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে আগ্রহী। প্রাথমিকের ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং ৯৫ দশমিক ৫০ শতাংশ শিক্ষার্থীর অভিভাবক এমন মতামত দিয়েছেন।
গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্স সেন্টার (পিপিআরসি) এবং বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইন্সটিটিউট অব গর্ভন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিজিআইডি) পরিচালিক এক সমীক্ষা প্রতিবেদনে এসব তথ্য উঠেছে।
সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠান দুইটি। ২০২০ সালের এপ্রিল এবং চলতি বছরের মার্চে ছয় হাজারের অধিক প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এ সমীক্ষা করা হয়েছে।
মহামারির এ সময়ে মরণঘাতি করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকার পরও সন্তানদের স্কুলে পাঠানোর কারণ হিসেবে তারা বলছেন, স্কুল বন্ধ থাকলেও সন্তানদের বাইরে যাওয়া বন্ধ নেই, শিক্ষার ক্ষতি পোষাতে কোচিং সেন্টারে পাঠাচ্ছেন তারা।
তাছাড়া প্রাতিষ্ঠানিক শিক্ষা দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকার কারণে সন্তানদের শিক্ষায় অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, যা তারা বাড়াতে চান না। বাধ্য হয়ে এ ক্ষতির কিছুটা কমাতে কোচিং সেন্টারে সন্তানদের পাঠাতে বাধ্য হচ্ছেন। এতে নিয়মিত খরচের তুলনায় বর্তমানে শিক্ষায় খরচ ১১-১৩গুন পর্যন্ত বেড়েছে।
অভিভাবকা জানিয়েছে, দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় তাদের সন্তানদের শিক্ষায় আগ্রহ কমছে। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ‘অটো পাস’ এর কারণে ভবিষ্যতে চাকরি জীবনে গিয়ে সন্তানরা কোনো সমস্যায় পড়েন কি-না, তা নিয়েও তারা ভীষণ উদ্বিগ্ন।
এ সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান এবং বিজিআইডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন।
গবেষণা প্রতিবেদন তুলে ধরে হোসেন জিল্লুর রহমান বলেন, সমীক্ষা প্রতিবেদনের মূল বার্তা হলো- যেহেতু স্কুল বন্ধ থাকলেও প্রাথমিকের ৫১ শতাংশ এবং মাধ্যমিকের ৬১ শতাংশ শিক্ষার্থী কোচিং সেন্টারের মাধ্যমে পড়াশুনা চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
গবেষণায় আরো উঠে এসেছে, শিক্ষায় পিছিয়ে থাকলে ভবিষ্যত জীবনে সন্তান সমস্যায় পড়বে, এমন আশঙ্কা থেকে অতি দরিদ্র ৫৯ শতাংশ বাবা-মা তাদের ছেলেমেয়ের কোচিং সেন্টারে পাঠিয়েছেন। আবার স্কুল খোলা থাকার সময়ে কওমি মাদ্রাসা খোলা থাকায় এখানে ৪ শতাংশ শিক্ষার্থী বেড়েছে।
এ অবস্থায় আগামী বাজেটে প্রাথমিকের শিক্ষার্থী প্রতি মাসিক ৫০০ টাকা করে মোট ২ হাজার ৯৬০ কোটি টাকা নগদ সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে সুপারিশ করেছে পিপিআরসি এবং বিআইজিডি।
রাজউকের ২০ প্লট ও ৮০০ কোটি টাকার মালিক ‘গোল্ডেন মনির’-প্রথম আলো
ঢাকায় ২০টি সরকারিসহ ২৩টি প্লট ও সাত ভবনের মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনির। ব্যাংকে তাঁর রয়েছে ৭৯১ কোটি টাকা। ঢাকায় রয়েছে একটি আবাসন প্রতিষ্ঠান ও দুটি গাড়ির শোরুম। ঢাকার অদূরে কেরানীগঞ্জে তিনি আরও এক একর জমির মালিক।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অনুসন্ধানে মনির হোসেনের এত সব সম্পদের তথ্য বেরিয়ে এসেছে। সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন গত জানুয়ারি থেকে পাঁচ মাস এ বিষয়ে অনুসন্ধান করেছেন। সিআইডি বলছে, মনিরের সব সম্পদই অপরাধের মাধ্যমে অর্জিত।
মুমূর্ষু নবজাতকের এম্বুলেন্সও পেল না ফেরি, ফিরলো নিস্তেজ হয়ে-মানবজমিন
কয়েক ঘণ্টা আগেই জন্মেছে নবজাতক শিশুটি। শ্বাসকষ্টে মুমূর্ষু পরিস্থিতি হওয়ায় মা আঁখিকে হাসপাতালে রেখেই নবজাতকটিকে নিয়ে স্বজনরা ছুটছেন ঢাকায় উন্নত চিকিৎসার জন্য। কিন্তু বাংলাবাজার ঘাটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিললো না ফেরির দেখা। উন্নতির বদলে ঘাটে দীর্ঘ সময় আটকে থেকে আরো নিস্তেজ হয়ে পড়া শিশুটিকে নিয়ে শেষ পর্যন্ত শরীয়তপুরেই ফিরে যেতে বাধ্য হলো স্বজনরা। রোববার বাংলাবাজার ঘাটে এম্বুলেন্সের ক্ষেত্রেও এমন কঠোর ভূমিকা দেখায় বিআইডব্লিউটিসির কর্মকর্তারা। এদিকে মাছ, তরমুজসহ কাঁচামালে পচন ধরায় বাংলাবাজার ঘাটে বিআইডব্লিউটিসি ও পুলিশকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছে। জরুরি রোগীরা ঢাকা ও দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে মোটরসাইকেল, ৩ চাক্কার যানবাহনে এসে ঘাটে ও গন্তব্যে কয়েকগুণ ভাড়া গুনে পৌঁছাচ্ছেন।
বিআইডব্লিউটিসিসহ ঘাট সূত্রে জানা যায়, যাত্রী নিয়ন্ত্রণে যেন কোন বিধি নিষেধই মানতে চাইছেন না দক্ষিণাঞ্চলের যাত্রীরা। রোববার সকাল থেকে বিকেলে বাংলাবাজার ঘাট থেকে ২টি ফেরি জরুরি এ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন নিয়ে পার হয়।
তবে যাত্রীদের চাপে জরুরি যানবাহন তোলা পুলিশ ও বিআইডব্লিউটিসিকে বেগ পেতে হয়। শিমুলিয়া থেকে যে কয়টি ফেরি এসেছে সেগুলোতে যাত্রী চাপে পা ফেলানোর জায়গা ছিল না। সকাল থেকেই উভয় পাড়ে যাত্রী ও যানবাহনের প্রচ- ভিড় শুরু হয়। বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনে সয়লাব হয়ে যায় ঘাট এলাকা। ঘাট থেকে ঘণ্টার পর ঘণ্টা ফেরির জন্য অপেক্ষা করছেন যাত্রী ও যানবাহনগুলো। অনেকে এম্বুলেন্সে যাত্রী বেশে পার হওয়ার চেষ্টা করেন।
শরীয়তপুরের আটং এলাকার নবজাতকটির খালা বলেন, কয়েক ঘন্টা আগে শিশুটির জন্ম হয়েছে। ওর মা এখনো বেডে। বাচ্চাটির শ্বাস কষ্ট হওয়ায় ওকে ঢাকা নিচ্ছিলাম। কিন্তু কোন কিছুতেই ফেরি ছাড়লো না। বাচ্চাটি আরো নিস্তেজ হয়ে যাচ্ছে। তাই আবার শরীয়তপুর হাসপাতালেই ফিরে যাচ্ছি।১৫ দিনের আরেক নবজাতক রেদোয়ানের মা লাবনী বেগম বলেন, বাচ্চাটি খুব অসুস্থ তাই ঢাকায় যাচ্ছি। কিন্তু ফেরি ছাড়ছেই না। কি যে করবো, এসে ভুল করলাম মনে হয়। রোগীরাও পার হতে পারবে না । এটা কেমন নিয়ম ?
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
রাজভবনে শপথ নিলেন মন্ত্রীরা, ৪৩ জনকে নিয়ে শুরু তৃতীয় মমতা সরকারের পথ চলা-সংবাদ প্রতিদিন
করোনা পরিস্থিতিতে অনাড়ম্বরভাবেই মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য মন্ত্রিসভার শপথেও দেখা গেল না কোনও আড়ম্বর। কোভিড বিধি মেনে সোমবার রাজভবনে অনুষ্ঠিত হল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। মোট ৪৩ জনকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এদিন খোশমেজাজে দেখা গেল মমতা ও ধনকড়কে।
আজকালের খবরে লেখা হয়েছে,মন্ত্রিসভার শপথগ্রহণের পরেই দপ্তর বন্টন করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অবশ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও স্বরাষ্ট্র দপ্তর নিজের কাছেই রেখেছেন মমতা। এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং তথ্য সংস্কৃতি দপ্তর নিজের হাতেই রেখেছেন মমতা। এমনকি উদ্বাস্তু উন্নয়ন দপ্তরও থাকছে মমতার হাতে। অভিজ্ঞতায় ভরসা রেখেই দপ্তর বন্টন করেছেন মমতা।
করোনায় বেসামাল ভারত, সমবেদনা জানিয়ে মোদিকে চিঠি হাসিনার-সংবাদ প্রতিদিন
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। মহামারীর কোপে ভারতে নজিরবিহীন ক্ষয়ক্ষতিতে ভুক্তভোগীদের জন্য শোক ও প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)।মহামারীর শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে দ্বিতীয় ধাক্কায় বিপন্ন দেশ। এহেন সংকট কালে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন বলে সোমবার জানিয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। মন্ত্রকের ফেসবুক পেজে আরও বলা হয়, “বাংলাদেশের সর্বাত্মক সহযোগিতায় একসঙ্গে করোনা মোকাবিলার বিষয়েও অঙ্গীকার করেন শেখ হাসিনা। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মোট সংক্রমিত ও মৃতদের প্রায় অর্ধেকই ভারতের। এই সময়ে দেশটিতে ৩ লক্ষ ৬৬ হাজার ৪৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪৮ জনের। অক্সিজেনের অভাবে বহু রোগী মারা গিয়েছেন।
জল্পনার অবসান, রাজ্যের বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারীই-সংবাদ প্রতিদিন/আনন্দবাজার পত্রিকা
তৃণমূলের তৃতীয়বারের জমানায় বিরোধী দলনেতা হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিরোধী দলনেতার নাম ঘোষণা করে দিল বিজেপি। গত বছর ডিসেম্বরে তৃণমূল থেকে বেরিয়ে এসে গেরুয়া শিবিরে যোগ দেওয়া শুভেন্দুই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের বিরোধী মুখ। দায়িত্ব নিয়ে শুভেন্দু বলেন, “বৈঠক হল। আমার নাম ঘোষণা হল। হাততালি পড়ল। কিন্তু মন ভাল নেই। কারণ বাংলা ভাল নেই। দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। আমার তিনটে লক্ষ্য, হিংসামুক্ত বাংলা। যে কোনও অন্যায় হলে সাংবিধানিক রীতিনীতি মেনে প্রতিবাদ করা। এবং যে কোনও ধরনের গঠনমূলক কাজ।”
অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ হিমন্ত বিশ্ব শর্মার-আজকাল
অসমের মুখ্যমন্ত্রী (Assam CM Himanta Biswa Sarma) হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সোমবার শ্রীমন্ত শঙ্করদেব কলাকেন্দ্রে কোভিড বিধি মেনেই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। অ-কংগ্রেসি সরকার হিসেবে এই নিয়ে টানা দু'বার অসমে BJP ক্ষমতা দখল করে নজির তৈরি করল।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।