সাউথ এশিয়া রেডিও ক্লাবের উদ্যোগে আইআরআইবি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
https://parstoday.ir/bn/news/bangladesh-i100836-সাউথ_এশিয়া_রেডিও_ক্লাবের_উদ্যোগে_আইআরআইবি_প্রীতি_ফুটবল_ম্যাচ_অনুষ্ঠিত
বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কাড়াবাল্লা সুরমা বাজার মাঠে কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দল বনাম দনা টাইগার দলের মধ্যে আইআরআইবি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২১ ১৭:৪৬ Asia/Dhaka
  • বিজয়ী দলের অধিনায়ক সাহেদ আহমদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ড. মির শাহ আলম
    বিজয়ী দলের অধিনায়ক সাহেদ আহমদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ড. মির শাহ আলম

বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের কাড়াবাল্লা সুরমা বাজার মাঠে কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দল বনাম দনা টাইগার দলের মধ্যে আইআরআইবি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

'রেডিও তেহরান'-এর প্রচারণার অংশ হিসেবে শুক্রবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এই ফুটবল ম্যাচের আয়োজন করে দেশ-বিদেশের অন্যতম বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। 

রানার্স-আপ ট্রফি তুলে দেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী

ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবালের সভাপতিত্বে ও পরিচালনায় এই প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের মেম্বার মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম, সুরতুন্নেছা মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক সাজ উদ্দীন সাজু।

বক্তব্য রাখছেন ড. মির শাহ আলম

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা কঠিন কিছু সময় পার করছি। করোনা মহামারির কারণে বিশ্বে নানা পরিবর্তন ঘটে গেছে। এসময়ে নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে না পেরে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন। মহামারি পরবর্তী নতুন বাস্তবতায় এখন সে ধকল সামলে সকলেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। তাই চ্যালেঞ্জিং এই সময়ে মানসিকভাবে সুস্থ থাকতে আমাদের প্রত্যেকেরই খেলাধূলার সাথে সম্পৃক্ত থাকা জরুরি। এমন কঠিন পরিস্থিতিতে মানসিক সুস্থতা বজায় রাখতে নিয়মিতভাবে খেলাধূলার মতো বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।’

তিনি আরো বলেন, ‘খেলাধূলা এমন এক শরীর চর্চা যা আপনার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর মুভমেন্ট এর মাধ্যমে আপনার শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সতেজ রাখে। শুধু তাই নয় মানসিক বিকাশেও খেলাধূলার গুরুত্ব অপরিসীম।’ 

বিশেষ অতিথি কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী বলেন, ‘খেলাধূলা প্রাচীনকাল থেকেই আমাদের জীবনে জড়িয়ে রয়েছে। বর্তমান যুগে খেলাধূলা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আমাদের শরীরের শিরা, ধমনী, শ্বাসনালী, এসব ভালো রাখার জন্য খেলাধূলা অতি প্রয়োজন। খেলাধূলা না করলে শরীরে চর্বি জমতে থাকে যা সুস্থ জীবনের জন্য ক্ষতিকর। তাই খেলাধূলা করে শরীরের প্রতিটি অংশকে সতেজ রাখাটা খুবই দরকার। এছাড়া দুই দেশের মধ্যে যখন খেলাধুলা নিয়ে প্রতিযোগিতা হয়, খেলোয়াড়দের মনে তখন জাতীয়তাবোধ তৈরি হয়। তারা দেশকে আরও বেশী ভালবাসতে শেখে যখন তারা দেখে যে দেশের কোটি কোটি জনসাধারণ তাদের জয়ের আশায় মুখ চেয়ে আছে।’

বক্তব্য রাখছেন দিদারুল ইকবাল

অনুষ্ঠানের সভাপতি দিদারুল ইকবাল বলেন, ফুটবল ইরানের সবচেয়ে জনপ্রিয় একটি খেলা। ফুটবলে এশিয়ার অন্যতম সেরা দল ইরান। ১৯৪১ সালের ২৬শে আগস্ট ইরান প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করে আফগানিস্তানের কাবুলে। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্য ইরান ১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত ৫ বার বিশ্বকাপে অংশগ্রহণ করেছে।  

প্রীতি ফুটবল ম্যাচটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা, সিলেটের সভাপতি মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন ও কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দীন চৌধুরী। খেলার ধারাবিবরণী করেন মো. ফয়ছল আহমদ চৌধুরী এবং খেলার রেফারি ছিলেন মো. রুহেল আহমদ।

দীর্ঘদিন পর এই প্রীতিম্যাচ এলাকায় একটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে খেলা দেখতে আসা বিপুল দর্শক মাঠের চারপাশে সমাগম হয়ে তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছে। খেলায় কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দল ১-০ গোলে দনা টাইগার দলকে পরাজিত করে। কাড়াবাল্লা-বড়চাতল সুরমা দলের হয়ে সালেক আহমদ একটি গোল করতে সক্ষম হন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ১নং লক্ষী প্রসাদ পূর্ব ইউনিয়নের মেম্বার মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক সাহেদ আহমদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও ক্লাবের প্রধান উপদেষ্টা ড. মির শাহ আলম এবং পরাজিত দলের মধ্যে রানার-আপ ট্রফি তুলে দেন কানাইঘাটের সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী। রেফারি এবং দুইজন সহকারী রেফারিকে ক্লাবের জার্সিসহ খেলায় অংশগ্রহণকারী দল এবং দলের সকল সদস্যকে সার্টিফিকেট প্রদান করা হয়।#

 

বার্তা প্রেরক,

তাছলিমা আক্তার লিমা

ভাইস চেয়ারম্যান, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।