র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা : আনুষ্ঠানিক জবাব দিয়ে চিঠি পাঠাল ঢাকা
https://parstoday.ir/bn/news/bangladesh-i101986-র_্যাব_কর্মকর্তাদের_ওপর_মার্কিন_নিষেধাজ্ঞা_আনুষ্ঠানিক_জবাব_দিয়ে_চিঠি_পাঠাল_ঢাকা
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষ‌য়ে আমেরিকাকে আনুষ্ঠানিক জবাব পা‌ঠি‌য়ে‌ছে বাংলা‌দেশ। আজ (শুক্রবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ সংক্রান্ত একটি চি‌ঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ০২, ২০২২ ০৯:৩০ Asia/Dhaka
  • র‍্যাব কর্মকর্তাদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা : আনুষ্ঠানিক জবাব দিয়ে চিঠি পাঠাল ঢাকা

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞার বিষ‌য়ে আমেরিকাকে আনুষ্ঠানিক জবাব পা‌ঠি‌য়ে‌ছে বাংলা‌দেশ। আজ (শুক্রবার) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে এ সংক্রান্ত একটি চি‌ঠি পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, ২০২২ সালের ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন আবদুল মোমেন। ওই চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া চিঠিতে সন্ত্রাস, জঙ্গি, মাদকবিরোধী কর্মকাণ্ডে র‌্যাবের ভূমিকাও তুলে ধরেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমানসহ সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দফতর।

নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদ রয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এ ছাড়া র‍্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মো. আনোয়ার লতিফ খানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে বাংলাদেশ সরকার মার্কিন যুক্তরাষ্ট্রে  ল’ফার্ম নিয়োগ দেওয়ার কথা ভাবছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। এটিকে আমেরিকার পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখছে সরকার।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।