বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সহিংসতার মাঝে শেষ হলো ৫ম দফা ইউপি নির্বাচন
সারা দেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী, প্রার্থীর এজেন্ট-সমর্থক ও তাদের সমর্থনে স্থানীয় ক’জন সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘নির্বাচনী আইন ভঙ্গ করে আচরণবিধি লঙ্ঘন সুষ্ঠু নির্বাচনের গোড়া কর্তনের নামান্তর।’
আজ বুধবার পঞ্চম দফার ইউপি নির্বাচনে সাভারের আশুলিয়য় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এক লিখিত প্রতিক্রিয়ায় এ কথা বলেন মাহবুব তালুকদার। ইউপি নির্বাচনে পছন্দের প্রার্থীকে সমর্থন দিতে বেশ কয়েকজন সংসদ সদস্য নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে নির্বাচন কমিশন তাদের সতর্ক করে চিঠিও দিয়েছে। কিন্ত ইসির অনুরোধ, নির্দেশ উপেক্ষা করে তারা আইন ভঙ্গ করে চলেছেন বলে অভিযোগ রয়েছে তৃণমূল থেকে।
এ অবস্থায় ক্ষোভ প্রকাশ করে ইসি কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘মাননীয় সংসদ সদস্যরা সরাসরি আচরণবিধি লঙ্ঘন করে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কলুষিত করেছেন। কেবল চিঠি দেওয়া ছাড়া তাদের সম্পর্কে আর কোনো ব্যবস্থা নেয়া যায়নি। কেউ কেউ সেই চিঠি উপেক্ষা করেছেন। এজন্য আইনের কঠোর প্রয়োগ অনিবার্য ছিল। কিন্তু নির্বাচন প্রক্রিয়া সংস্কার না করা হলে তাদের সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণ সম্ভব নয়। অন্যান্য যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদেরকে সামান্য অর্থদণ্ড প্রদান ব্যতিত অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ছাড়া আইনের কঠোর বাস্তবায়ন অসম্ভব।’
ইতোমধ্যে সারাদেশে পাঁচ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে সংঘাত-সংঘর্ষে প্রাণ হারিয়েছেন স্থানীয় রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিরীহ গ্রামবাসী। ব্যালট বাক্স ছিনতাই, নির্বাচনী কর্মকর্তাদের মারধর, কেন্দ্র দখল ও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভোটকেন্দ্রে হামলার অভিযোগও রয়েছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতে মাহবুব তালুকদার বলেন, ‘সন্ত্রাস ও সংঘর্ষ যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনুসঙ্গ হয়ে উঠেছে। এখন ভোটের মাঠে যুদ্ধ আছে, ভোট নেই। ইউপি নির্বাচনে এখন উৎসবের বাদ্যের বদলে বিষাদের করুণ সুর বাজছে। কিন্তু নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’
তিনি বলেন, ‘নির্বাচনী সন্ত্রাস প্রতিহত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের প্রতিঘাত আরও জোরদার করতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সন্ত্রাসের কারণ অনুসন্ধান করে তা থেকে অব্যাহতির উপায় উদ্ভাবন অপরিহার্য। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রথা উঠিয়ে না দিলে সন্ত্রাস ও সংঘর্ষ উত্তরোত্তর বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাসমুক্ত নির্বাচন চাই।’
দেশের বেশ কয়েকটি এলাকায় নির্বাচনের ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা নিয়ে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচনের মৌলিক শর্ত ভোটের আগে ও পরে ব্যালট পেপারের নিরাপত্তা বিধান। আমরা যথাযথভাবে তা দিতে ব্যর্থ হয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী এর দায় এড়াতে পারবে বলে মনে হয় না। যেকোনো মূল্যে ব্যালট পেপারের সুরক্ষা দিয়ে এই অবস্থার অবসান ঘটানো প্রয়োজন।
তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্ব রাতে ব্যলট পেপারের ঘটনাটি গনমাধ্যমে প্রকাশ পাবার পর নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করে বলে আমরা প্রশ্নবিদ্ধ হই। এটি কোনোভাবেই কাম্য ছিল না।’
অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘মানবাধিকারের আলোচনা এখন তুঙ্গে। মানবাধিকার উৎসারিত হয় ভোটের অধিকার থেকে। আমাদের সংবিধানের স্পিরিটই হচ্ছে তাই। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা ও রক্ষা করা এখনও সুদূরপরাহত। গণতন্ত্র ও মানবাধিকার একই মুদ্রার এপিঠ-ওপিঠ। একমাত্র নির্ভেজাল গণতন্ত্রই মানবাধিকারের গ্যারান্টি দিতে পারে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও এর প্রতিষ্ঠানিক রূপদানের জন্য অবাধ সুষ্ঠু নিরপেক্ষ আইনানুগ গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই।’
সহিংসতার মাঝে নির্বাচন
এদিকে, আজ পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। ৭০৮টি ইউনিয়নের মধ্যে ৪০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয়েছে। বাকিগুলোতে কাগজের ব্যালটে ভোট হয়েছে।
আজ বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে।
এ যাবৎ প্রাপ্ত তথ্য মতে, চট্টগ্রাম, ভোলা, ফেনী, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি জেলায় নির্বাচনী অনিয়ম, সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া এবং খুনের ঘটনা ঘটেছে। অনেক স্থানে ভোটগ্রহণ বন্ধ করাসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রত্যাহার করে নেওয়ার হয়েছে।
পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। তাঁদের মধ্যে চেয়ারম্যান তিন হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য সাত হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য ৩৯ হাজার ৩৯১ জন।
তবে এবারের ধাপেও ইতোমধ্যে ৪৮ চেয়ারম্যানসহ ১৯৩ জন জনপ্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে সংরক্ষিত সদস্য ৩৩ এবং সাধারণ সদস্য ১১২ জন রয়েছেন।
চলমান ইউপি নির্বাচনে পরবর্তী ধাপে (ষষ্ঠ ধাপে ) ২১৯ ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে আগামী ৩১ জানুয়ারি, সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ৮ ইউপিতে আগামী ১০ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজকের সহিংসতাঃ মানিকগঞ্জ
আজকের পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় ভোটকেন্দ্রে সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম সমেলা খাতুন (৫১)। বুধবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁচামারা ইউনিয়নের বাঁচামারা ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার তানিয়া সুলতানা জানান, ভোটকেন্দ্রের পাশে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ওই নারী সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেরুরচর হাসেন আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন হক ও আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। সংঘর্ষ থামাতে গিয়ে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনার পর ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দীন আহমেদ ঘটনাস্থল
গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলায় দুই ইউপি মেম্বর প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দুই মেম্বর প্রার্থীসহ ৩ জন আহত হয়েছেন। বুধবার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে ভোটগ্রহণ চলাকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার জুম্মাবাড়ি ইউনিয়নের দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।
সংঘর্ষ ও সহিংসতা ঠেকাতে দুপুর ২টার পর থেকে এই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে।
চট্টগ্রাম
চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে ওংকার দত্ত (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রের কয়েকশ গজ দূরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকাল ১১ টায় ভোট চলাকালে দু' মেম্বার প্রার্থী লঘু নাথ সরকার ও ধনঞ্জয় দত্ত ভোলার সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ওংকার দত্ত নামে এক যুবক গুরুতর আহত হন। প্রথমে তাকে আনোয়ারা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ওংকারকে চমেক হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় ৬নং সারুটিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় অখিল সরকার (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ইউনিয়নটিতে নির্বাচনী সহিংসতায় তিনজন মারা গেলেন।
ব্রাহ্মণবাড়িয়া
ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দতাইসাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। সংঘর্ষের পর সদস্য প্রার্থী মোরগ প্রতীকের বাবুল মিয়া ও অপর প্রার্থী ফুটবল প্রতীকের শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/ বাবুল আখতার /৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।