বিরোধীদল দমনে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i102184-বিরোধীদল_দমনে_পুলিশকে_অন্যায়ভাবে_ব্যবহার_করছে_সরকার_মির্জা_ফখরুল
দেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধীদল দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৬, ২০২২ ১৬:০১ Asia/Dhaka
  • বিরোধীদল দমনে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে সরকার: মির্জা ফখরুল

দেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধীদল দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করছে।

আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনকে দেখতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। গত ২২ ডিসেম্বর হবিগঞ্জে বিএনপির সমাবেশে পুলিশের গুলিতে আহত হন রিংগন।

মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার মূলত এক নায়কতন্ত্রে বিশ্বাসী একটি সরকার। তারা কোনো ধরনের ভিন্নমত বা ভিন্ন চিন্তাভাবনা সহ্য করে না। যার ফলে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধবংস করে দিয়ে এবং বেআইনিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে পুলিশকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায়, দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা আবারও বলছি, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে সরানো হবে এবং এই নির্যাতন-নিপীড়নের প্রতিউত্তর জনগণ দেবে।’

এর আগে সম্প্রতি এক আলচনা সভায় বিএনপি মহাসচিব দাবি করেছেন, আওয়ামীলিগের দুঃশাসন কবলিত গত একযুগে বিএনপির ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।  

মানবাধিকার সংগঠনগুলো হিসাব উদ্ধৃত করে মির্জা ফখরুল বলছেন গত কয়েকবছরে প্রায় ৬০৭ জন গুম হয়ে গেছে। আমাদের প্রায় সহস্রাধিক রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন, তাদের হত্যা করা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা কোর্টে যান, জেলা আদালতগুলোতে যান দেখবেন, যারা আসামি হয়ে আসছেন তাদের ৯০ ভাগ বিএনপির নেতাকর্মী।

ওদিকে, চট্টগ্রাম নগরীর প্রেস ক্লাবের সামনে বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৭৫ জন নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।