র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: আমেরিকায় লবিস্ট নিয়োগ দিল বাংলাদেশ সরকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i104328-র_্যাবের_ওপর_নিষেধাজ্ঞা_আমেরিকায়_লবিস্ট_নিয়োগ_দিল_বাংলাদেশ_সরকার
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। আমেরিকা নেলসন মুলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ২০:২৬ Asia/Dhaka
  • র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা: আমেরিকায় লবিস্ট নিয়োগ দিল বাংলাদেশ সরকার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাবের সাবেক-বর্তমান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে মার্কিন সরকারের সঙ্গে সম্পর্কোন্নয়নে একটি লবিস্ট সংস্থাকে নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। আমেরিকা নেলসন মুলিন্সকে এই দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “মার্কিন ‍যুক্তরাষ্ট্রের ঘটনাপ্রবাহে আমরা ১০ ডিসেম্বর থেকে যে কাজ করে যাচ্ছি, আপনাদের সাথে প্রতিনিয়ত সেগুলো নিয়ে কথা হয়, সরকারের সাথে সরকারের সম্পর্ক মেনটেইন করার জন্য আমরা নেলসন মুলিন্স নামক একটি সংস্থাকে নিয়োগ দিয়েছি, অতি সম্প্রতি। এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও গভীর এবং বেগবান করতে সহায়তা করবে বলে আমরা আশা করি, সামনের দিনে।”

শাহরিয়ার আলম আরও বলেন, “মার্কিন প্রশাসন অনেক বড় ও বিস্তৃত একটা জায়গা। তাদের সাথে যোগাযোগ রক্ষা করা কেবল একটি দূতাবাসের পক্ষে সম্ভব না। এ কারণে লবিস্ট নিয়োগ করে সম্পর্ক বজায় রাখা হয়। এই প্রতিষ্ঠান সরকারের সাথে সরকারের সম্পর্ক রক্ষায় কাজ করবে। যাতে মিথ্যা তথ্য বা মিস ইনফরমেশন যেগুলো যায়, সেগুলোর জবাব দেওয়া যায়।”

নেলসন মুলিন্সের সঙ্গে এক বছরের চুক্তি হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ”এজন্য সরকারি খাত থেকে মাসে ২০ হাজার ডলার করে যাবে।”

এতদিন সরকারের হয়ে ‘গণসংযোগের’ কাজ করা লবিস্ট সংস্থা বিজিআর আগের মতোই কাজ করে যাবে বলে জানান প্রতিমন্ত্রী।

শাহরিয়ার আলম

এর আগে ২২ ফেব্রুয়ারি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, তারা তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছেন এবং সেসময় তিনি এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয়ার ইঙ্গিত দেন।

তিনি এও স্পষ্ট করেন যে এই বিষয়টি (নিষেধাজ্ঞা) মোকাবিলায় তাদের যথেষ্ট সক্ষমতা রয়েছে। এটা হতে পারে আইনি প্রক্রিয়ায় বা কূটনৈতিকভাবে। বাংলাদেশ সরকার এর জন্য তৃতীয় কোনো রাষ্ট্রকে জড়িত করতে চায় না।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক মহাপরিচালক ও বর্তমান পুলিশ প্রধান বেনজীর আহমদসহ বাহিনীর সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করে সরকারের অবস্থান জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৪