জি-৭ আউটরিচ মিটিংয়ে যোগ দিতে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i10435-জি_৭_আউটরিচ_মিটিংয়ে_যোগ_দিতে_জাপানে_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা
বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
মে ২৬, ২০১৬ ১৬:৩৪ Asia/Dhaka
  • শেখ হাসিনা
    শেখ হাসিনা

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি-৭ শীর্ষ সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দিতে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে জাপানের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান প্রধানমন্ত্রী। তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট বিজি ১০৭৮ ‘আকাশ প্রদীপ’ জাপানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় নাগোয়া প্রদেশের চুবু সেন্ট্রায়ার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা ও স্ট্যাটিক গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন জাপান সংসদের পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার মিজ মিকি ইয়ামাদা, জাপানের রাষ্ট্রাচার (হেড অব প্রটোকল) প্রধান কাউরু শিমাজাকি ও টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজ রাবাব ফাতিমা।

বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও আনুষ্ঠানিকতার পর মোটর শোভাযাত্রা সহকারে নাগোয়ার হোটেল হিলটনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। সে সময় সড়কে উড়ছিল বাংলাদেশ-জাপানসহ সম্মেলনে অংশ নেয়া দেশগুলোর পতাকা। জাপান সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

হোটেল হিলটনে রাত্রিযাপনের পর শুক্রবার সকালে সম্মেলনের আউটরিচ মিটিংয়ে যোগ দেবেন প্রধানমন্ত্রী। কাশিকো দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত শিমা পেনিনসুলার সম্মেলনকেন্দ্রে আউটরিচের দু’টি অধিবেশনে অংশ নেবেন তিনি। এরপর একই দিন আউটরিচ লিডারদের সঙ্গে মধ্যাহ্নভোজ ও আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আগামী শনিবার শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও ওই দিন তার বৈঠকের কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী জাপানের রাজধানী টোকিওর উদ্দেশে নাগোয়া ত্যাগ করবেন। সন্ধ্যায় তিনি টোকিওতে নবনির্মিত চ্যান্সেরি কমপ্লেক্স উদ্বোধন করবেন।

আগামী রোববার সকালে প্রধানমন্ত্রী জাপানি ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে মিলিত হবেন। সেখানে বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই ও জাপানের ব্যবসায়ীদের সংগঠন জেটরোর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানপ্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৬