সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i106984-সুইডেনে_কুরআন_পোড়ানো_ও_আল_আকসায়_হামলা_মেনে_নেব_না_চরমোনাই_পীর
সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও বায়তুল মোকাদ্দাসের আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।  
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
এপ্রিল ২২, ২০২২ ১১:২১ Asia/Dhaka
  • সুইডেনে কুরআন পোড়ানো ও আল আকসায় হামলা মেনে নেব না: চরমোনাই পীর

সুইডেনে পবিত্র কুরআনে অগ্নিসংযোগ ও বায়তুল মোকাদ্দাসের আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।  

আজ (শুক্রবার) জুমার নামাজ শেষে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সমাবেশ আয়োজন করে ইসলামি আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর শাখা।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেন, মুসলমানরা এমন একটি জাতি যে জাতি কোনোদিন কারও ওপর অন্যায় করেছে-এমন কোনো ইতিহাস কোথাও নেই। কিন্তু বিশ্বজুড়ে মুসলমানদের বারবার আঘাত করা হচ্ছে।

বক্তব্য রাখছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম

তিনি বলেন, সুইডেনে কুরআন পুড়িয়ে যে আঘাত দেওয়া হয়েছে, ক্ষত দেওয়া হয়েছে, এই আগুনে তারা পুড়ে ছারখার হয়ে যাবে। সরকারকে বলব, নিন্দা জ্ঞাপন করুন। অবিলম্বে প্রতিবাদ করুন।

মুফতি রেজাউল করিম আরও বলেন, আল আকসা মসজিদে আমাদের মুসলিম ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে। আমরা এটা কোনোভাবেই মেনে নেব না। বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাব, আপনারা ইসরাইলকে বয়কট করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছেলে-মেয়েদের নামাজ পড়তে বাধা দেওয়া হলে কঠোর আন্দোলন করা হবে বলে জানিয়ে চরমোনাই পীর বলেন, "টিএসসিতে ইমানবিধ্বংসী কাজ হয়। সেখানে ছেলেদের ও মেয়েদের নামাজে বাধা দেওয়া হয়েছে। আমাদের নামাজ পড়তে দেওয়া হবে না, আর আমরা বসে থাকব— তা হবে না। এক বিন্দু রক্ত থাকতেও তা বাস্তবায়ন করতে দেবো না।"

সমাবেশে ইসলামি আন্দোলনের নেতারা বলেন, সুইডেনে কুরআন পুড়িয়ে দেওয়া হয়েছে। আল আকসা মসজিদে হামলা চালানো হয়েছে। কিন্তু বাংলাদেশ সরকার এই ঘটনায় প্রতিবাদ জানায়নি। এই সরকার মুসলমানদের সরকার নয়। খাঁটি মুসলমানদের রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

সরকারের উদ্দেশে বক্তারা বলেন, মুসলমানদের পক্ষে অবস্থান নিন। সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করুন। তা না হলে সুইডেন দূতাবাস ঘেরাও করা হবে।

সমাবেশে ইসলামি আন্দোলনের ঢাকা মহানগর ও কেন্দ্রীয় কমিটির নেতাসহ বিভিন্ন ইউনিটের কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।