আবার বাড়তে পারে করোনা, সবাইকে সতর্ক থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
https://parstoday.ir/bn/news/bangladesh-i107120-আবার_বাড়তে_পারে_করোনা_সবাইকে_সতর্ক_থাকার_আহ্বান_স্বাস্থ্যমন্ত্রীর
দেশে যেকোনো সময় করোনার সংক্রমণ ফের বাড়তে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৫, ২০২২ ১৩:২৭ Asia/Dhaka

দেশে যেকোনো সময় করোনার সংক্রমণ ফের বাড়তে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশে করোনায় মৃত্যুহার এখন শূন্যের কোটায়। সংক্রমণের হারও শূন্যের কোটায় চলে গেছে। এটা যদি ধরে রাখতে হয়, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অর্থাৎ আমাদের মাস্ক পড়তে হবে, যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ যারা এখনও করোনার টিকা নেননি তাদের টিকা নেওয়ার জন্য আহ্বান জানান মন্ত্রী।

এদিকে, সরকারের কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি জানিয়েছে, দেশে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও প্রতিবেশী দেশসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ আবারও বাড়ছে। ভাইরাসের এই ঊর্ধ্বমুখীকে উদ্বেগজনক বলে জানিয়েছে সরকারের জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। একইসঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারকে ৬ দফা সুপারিশ জানিয়েছেন তারা। সোমবার (২৫ এপ্রিল) কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়েছে।

জাতীয় কারিগরি কমিটি আশংকা করছে, এখন থেকেই সতর্ক না হলে বাংলাদেশেও সংক্রমণ বাড়তে পারে। তাই সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি অনুসরণের সুপারিশ করেছে কারিগরি কমিটি। একইসঙ্গে সবার মধ্যে সচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা বৃদ্ধির সুপারিশ করা হয়।

তাছাড়া, যেসব দেশে সংক্রমণের হার বেশি, সেই দেশগুলো থেকে বাংলাদেশে আগমনের ক্ষেত্রে টিকা নেওয়া থাকলেও কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিশ্চিত করা এবং সব বন্দরে জনগণের প্রবেশ পথে স্ক্রিনিং জোরদারকরণের পরামর্শ দেওয়া হয়। এদিকে,  আসন্ন ঈদুল ফিতরে বাজার, কেনাকাটা এবং ঘরমুখী মানুষের যাতায়াতের সময় মাস্ক পরিধান নিশ্চিত করার সুপারিশ করা হয়। এছাড়া তারাবির নামাজ ও ঈদ জামাতে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার পরামর্শ দেওয়া হয়।

২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত

সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। সোমবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৯৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৩ হাজার ৭৫৯ জন। বিগত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৬ হাজার ২৫১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৩ শতাংশ। ##

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।