বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i110402-বিএনপি_গণতন্ত্রের_প্রকাশ্য_শত্রু_ওবায়দুল_কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ১১, ২০২২ ১৩:২৮ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা।

আজ (সোমবার) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে মানুষের আনন্দ-বেদনার সাথে একাত্ম হতে পারে না তার প্রমাণ পবিত্র ঈদের দিনে তাদের মিথ্যাচার এবং বিষোদগার। পবিত্র ঈদের দিনে সরকারের বিরুদ্ধে বিষোদগার করে বিএনপি নেতারা ঘৃণ্য এবং পরশ্রীকাতর রাজনীতির পরিচয় স্পষ্ট করেছে।

‘সুশাসনের অন্যতম অনুষঙ্গ হচ্ছে দায়িত্বশীল বিরোধী দল। যারা দিনরাত সরকারের বিরোধিতাকে রাজনীতির লক্ষ্য করে নিয়েছে তারা সুশাসন নিশ্চিত করতে এ পর্যন্ত কি করেছে’- বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি গণতন্ত্রের প্রকাশ্য শত্রু, সাম্প্রদায়িক রাজনীতির ধারক ও উসকানিদাতা, মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রশ্রয়দাতা।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মর্মান্তিকগ্রেনেড হামলার পরিকল্পনাকারি বিএনপি, এদেশের রাজনীতিতে সন্ত্রাস, দুর্নীতি, জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারা যাদের ঐতিহ্য এবং নিয়মিত চর্চার অংশ তাদের মুখে সুশাসনের কথা মানায় না। এসব কথা বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখুন।

আত্মস্বীকৃত দুর্নীতিবাজ বিএনপি’র সময়কালে দেখানো তথাকথিত সুশাসন মানে জনগণের কন্ঠরোধ, ভোটারবিহীন নির্বাচন, ভোটাধীকার হরণ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের সুশাসন মানে বিদ্যুৎহীন খাম্বা, সার আর বিদ্যুতের জন্য মানুষ হত্যা, বিদেশে পাচার, সংখ্যলঘু নির্যাতন।

‘বিদ্যুৎ খাতের ইনডেমনিটি দিয়ে মূলত আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতি করার সুযোগ করে দেয়া হয়েছে’ বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিদ্যুৎ খাতের ইনডেমনিটির কথা বলার আগে বিএনপি কি ভুলে গেছে- তারাই বঙ্গবন্ধুর খুনীদের রক্ষার জন্য ইনডেমনিটি দিয়েছিল।  অপারেশন ক্লিন হার্টের সময়বেগম খালেদা জিয়াও ইনডেমনিটি দিয়েছিলেন। বিএনপির ইনডেমনিটি খুনীদের রক্ষা করার জন্য আর শেখ হাসিনা সরকার ইনডেমনিটি দিয়েছে উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে, জনগণের কল্যাণে।

বিএনপিই এদেশে চিহ্নিত লুটেরা এবং অর্থপাচারকারী দল মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, বিদেশের আদালত কর্তৃক প্রমাণিত সন্ত্রাসী দল বিএনপি। তারাই চায় এদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক,- কিন্তু দেশের জনগণ তা হতে দিবে না।

প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মানুষকে স্বপ্ন দেখতে শিখিয়েছেন বলে ওবায়দুল কাদের বলেন, বিএনপি তার দেশি-বিদেশি দোসরদের নিয়ে যত অপচেষ্টাই করুক, যত ষড়যন্ত্রই করুক এ দেশকে আর কখনো দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১১