বিএনপি পতিত দল হলে ভয় কেন: কাদেরের প্রতি মির্জা আব্বাস
রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে: বিএনপির প্রতি কাদের
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিরোধী দল বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগুন নিয়ে খেলবেন না, রাজনীতি ও নির্বাচনের মাঠেই খেলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।
আজ (শনিবার) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর কারাবন্দী দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন ওবায়দুল কাদের। রাজনীতিতে এখন খুব ঝুঁকিপূর্ণ সময়ে চলছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। ভীতি থেকেই বিএনপি আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। যেকোনো ষড়যন্ত্র রাজপথে মোকাবিলা করা হবে।
ওদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘বিএনপি পতিত দল হলে ভয় কেন আপনাদের?’ আমাদের মিছিল-মিটিং করতে দিন। একটা পতিত দল মিছিল করবে, মিটিং করবে আপনাদের ভয়ের কী আছে?'
যশোর জেলা যুব দলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধনিকে হত্যার প্রতিবাদে আজ (শনিবার) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।
ঢাকা মহানগর উত্তর এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এ বিক্ষোভ সমাবেশ মির্জা আব্বাস বলেন, “আওয়ামী লীগের এক নেতা কাল বলেছেন বিএনপি নাকি পতিত দল। এই ‘পতিত’ শব্দের অর্থ আমি ভালো করে বুঝতে পারি নাই। তবে একটু একটু বুঝেছি। যিনি এই কথা বলেছেন, তার সঙ্গে আমরা একই সঙ্গে কারাগারে ছিলাম। তিনি প্রতিদিন কান্না করতেন। একদিন হঠাৎ করে বললেন ‘আমি আর কোনো দিন রাজনীতি করব না। আজ তিনি বলছেন বিএনপি পতিত দল।”
মির্জা আব্বাস বলেন, ‘উনারা (আওয়ামী নেতারা) দেশ থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছেন। কারণ, যত লুট, যত গুম, যত খুন তারা করেছে এর বিচার একটা একটা করে আমরা করব। যুদ্ধাপরাধীর বিচার যদি চল্লিশ বছর পরে হতে পারে, আপনাদের বিচারও চল্লিশ বছর পরে হবে, দরকার পড়লে মরণোত্তর বিচার হবে। এ দেশের মানুষকে যে কষ্ট আপনার দিয়েছেন, এই কষ্টের কথা মানুষ কোনো দিন ভুলবে না।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৬