সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি
https://parstoday.ir/bn/news/bangladesh-i113156-সংসদ_সদস্য_পঙ্কজ_দেবনাথকে_আওয়ামী_লীগ_থেকে_অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১২, ২০২২ ১৩:৫৭ Asia/Dhaka
  • পঙ্কজ দেবনাথ
    পঙ্কজ দেবনাথ

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে আগামী ১৫ দিনের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক চিঠিতে অব্যাহতি দেয়া হয় পঙ্কজ নাথকে। চিঠিতে বলা হয়, ‘সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী অর্পিত ক্ষমতাবলে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আপনাকে আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য পদসহ অন্যান্য পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ। উপরিউক্ত বিষয়ে আপনার লিখিত জবাব আগামী ১৫ দিনের মধ্যে কেন্দ্রীয় দপ্তর বিভাগে জমা দেওয়ার জন্য সাংগঠনিক নির্দেশক্রমে অনুরোধ জানানো যাচ্ছে।’

জানা যায়, বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দুটি পক্ষের দ্বন্দ্ব চলছে। এ নিয়ে প্রায়ই পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। এর জেরে গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় কয়েকটি খুনের ঘটনাও ঘটে। দুই পক্ষের মধ্যে এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পৌর মেয়র কামাল খান। পক্ষটি জেলা আওয়ামী লীগের সমর্থনপুষ্ট। অপর পক্ষে আছেন স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।

সর্বশেষ ২৮ আগস্ট মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিবদমান একটি পক্ষ আরেক পক্ষকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকে মারধর ও কুপিয়ে জখম করে। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে কুপিয়ে আহত করা হয়। আহত নেতাকর্মীদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছিল। আহত নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী। অন্যদিকে ঘটনার অভিযুক্ত ব্যক্তিরা সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী।

পংকজ নাথ বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য। এ ছাড়া তিনি স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকও ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে সেই পদ থেকেও অব্যাহতি দেয়া হয়েছিল তাকে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।