সরকার যেখানে ভালো মনে করবে সেখানেই বিএনপিকে সমাবেশের অনুমতি দেবে: স্বরাষ্ট্রমন্ত্রী
-
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
বিএনপিকে সমাবেশের জন্য সরকার যেখানে ভাল মনে করবে সেখানেই অনুমতি দিবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকরা জানতে চান যে, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আগামী ১০ ডিসেম্বর তারা নয়াপল্টনে সমাবেশ করবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ সম্ভব নয়।
তিনি দাবী করেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে, বিএনপি বলছে, সরকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সব থেকে যেখানে ভালো হবে সেখানেই সমাবেশ করতে অনুমতি দেয় সরকার। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি অনুমতির জন্য এসেছিল। তখন তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোহরাওয়ার্দী উদ্যান।
সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এতো বড় গ্যাদারিং তারা কোথায় করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। #
পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।