ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই তাকে হতাশ করেছে!
ডেমোক্র্যাটিক পার্টি ছাড়লেন অ্যারিজোনা সিনেটর কির্স্টেন সিনেমা
-
অ্যারিজোনা সিনেটর কির্স্টেন সিনেমা
আমেরিকার অ্যারিজোনা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সিনেটর কির্স্টেন সিনেমা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক দল ছেড়ে তিনি স্বতন্ত্র রাজনীতিক হিসেবে কাজ করবেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে সিনেমা এ কথা জানান। তার এই দলত্যাগের ঘোষণার ফলে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটিক দলের আসন সংখ্যা কমে ৫০টি হলো। বিরোধী রিপাবলিকান পার্টির হাতে রয়েছে ৪৯টি আসন।
কির্স্টেন সিনেমা সিএনএন-কে জানান যে, তিনি অ্যারিজোনা থেকে স্বতন্ত্র সিনেটর হিসেবে কাজ করবেন। তার এই সিদ্ধান্তে কিছু মানুষ আশ্চর্য হতে পারেন কিন্তু এর পক্ষে অনেক যুক্তি রয়েছে।
সিনেমার ডেমোক্রেটিক দল ছাড়ার কারণে সিনেটে এ দলটির ক্ষমতার ভারসাম্য তেমন কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ সিনেটে যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে এখনো ডেমোক্র্যাটিক দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।
২০১২ সালে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক দল থেকে সদস্য নির্বাচিত হন কির্স্টেন সিনেমা। তার আগে তিনি গ্রিন পার্টির মাধ্যমে তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। ২০১৮ সালে কির্স্টেন সিনেমা মার্কিন সিনেটর নির্বাচিত হন।
তিনি গতকাল অ্যারিজোনা রিপাবলিক নামে একটি পত্রিকায় মন্তব্য কলামে একটি নিবন্ধ লিখেছেন। তাতে তিনি বলেছেন, ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই দলই তাকে হতাশ করেছে। তিনি বলেন, যখন প্রতিদিন মানুষ নানাভাবে বিপদগ্রস্ত হচ্ছে, কষ্টের মুখে পড়ছে তখন দুই দল জন-মানুষের জীবনের উন্নতি না করে পরস্পরের বিজয়কে অস্বীকার করছে। এ কারণে অ্যারিজোনা বহু মানুষ দ্বিদলীয় রাজনীতি প্রত্যাখ্যান করে স্বতন্ত্র রাজনীতিকে বেছে নিয়েছেন। একই কারণে তিনি ডেমোক্র্যাটিক পার্টি ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কির্স্টেন সিনেমা এমন সময় ডেমোক্র্যাটিক দল ছাড়ার ঘোষণা দিলেন যখন মার্কিন প্রতিনিধি পরিষদ ও সিনেটে সমকামী এবং ধর্ম-বর্ণ ভেদে বিয়ের প্রতি সম্মান জানানোর জন্য বিল পাস করা হয়েছে। এছাড়া মারাত্মক রকমের অভিবাসন-প্রত্যাশীদের সংকট সত্ত্বেও সীমান্ত এলাকা সফরে যেতে প্রেসিডেন্ট বাইডেন অস্বীকৃতি জানিয়েছেন যার কারণে দেশে বিতর্ক সৃষ্টি হয়েছে। অন্যদিকে, গর্ভপাত ও প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করা নিয়ে দেশে চলছে দুই দলের তুমুল বিতর্ক। এগুলোর কোনোটির সাথে ক্রির্স্টেন সিনেমার দল থেকে সরে যাওয়ার সম্পর্ক রয়েছে কিনা তা অবশ্য পরিষ্কার নয়।#
পার্সটুডে/এসআইবি/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।