এমন বাংলাদেশ চাননি বুদ্ধিজীবীরা-বিএনপি; পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন-আওয়ামী লীগ
https://parstoday.ir/bn/news/bangladesh-i117224-এমন_বাংলাদেশ_চাননি_বুদ্ধিজীবীরা_বিএনপি_পরাজিত_শক্তির_বিরুদ্ধে_সতর্ক_থাকুন_আওয়ামী_লীগ
দেশে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের রাজনীতির অধিকার নেই, অর্থনৈতিক সুবিচার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোট দেয়ার অধিকার নেই, সেই বাংলাদেশকে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০২২ ১৪:২৫ Asia/Dhaka
  • এমন বাংলাদেশ চাননি বুদ্ধিজীবীরা-বিএনপি; পরাজিত শক্তির বিরুদ্ধে সতর্ক থাকুন-আওয়ামী লীগ

দেশে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার নেই বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, যে বাংলাদেশে গণতন্ত্র নেই, মানুষের রাজনীতির অধিকার নেই, অর্থনৈতিক সুবিচার নেই, মানুষের কথা বলার অধিকার নেই, ভোট দেয়ার অধিকার নেই, সেই বাংলাদেশকে মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীরা দেখতে চাননি।

আজ বুধবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানী ঢাকার মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, যে উদ্দেশ্য নিয়ে বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, দেশ সেভাবে পরিচালিত হচ্ছে না। স্বাধীনতার মূলমন্ত্রে গণতন্ত্র ও গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা হওয়ার কথা, কিন্তু ৫১ বছরেও সেটা না হয়ে দেশে এখন অর্থনীতিতে ধনী-গরিবের বৈষম্য প্রকট হয়েছে।

এদিকে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বিএনপি এদেশের বিজয়কে, স্বাধীনতাকে বির্তকিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য, সুকৌশলে তাদের প্রভুদের ইঙ্গিতে সব অপচেষ্টা করেছে। জনগণ অপশক্তিকে সবসময় প্রতিরোধ করেছে।  তাই অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার আহবান জানিয়েছেন আ ক ম মোজাম্মেল হক। আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আবারও সক্রিয় হয়ে উঠেছে,সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের পরাহত করতে হবে।

আর জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন,বাংলাদেশের আদর্শের বাইরে ধর্মভিত্তিক দল নিষিদ্ধ করা উচিৎ। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বেনামে হোক আর স্ব নামে হোক, বাংলাদেশের আদর্শ ও উদ্দেশ্যের বাইরে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক দল নিষিদ্ধ করা এখন  সময়ের দাবী বলে মন্তব্য করেন সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।

 

পার্সটুডে/ নিলয় রহমান/এমবিএ /১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।