বিএনপির অভিযোগ
'লুটপাটের উদ্দেশ্যে নিত্যপন্যসহ তেল-গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার'
বাংলাদেশে লুটপাটের উদ্দেশ্যেই নিত্যপণ্যসহ তেল-গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার, এমন অভিযোগ করছেন বিএনপি নেতারা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নিঃশর্ত মুক্তি দাবী অবস্থান কর্মসূচি থেকে এ সব অভিযোগ করেন দলের সিনিয়র নেতারা। লক্ষকোটি টাকা পাচার করে ক্ষমতাসীন আওয়ামীলীগের নেতারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন বলেও অভিযোগ করেন দলটির নেতারা।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, দেশের অর্থনীতি যখন গভীর সংকটে তখন ৫২ হাজার কোটি টাকার পাতাল রেল প্রকল্প নেয়ার উদ্দেশ্য লুটপাটের। আর বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকার গ্যাস বিদ্যুতে লাভজনক অবস্থায় থাকলেও দাম বাড়িয়ে জনগনের পকেট কাটার পথ করে দিচ্ছে। অনুষ্ঠানের অন্য বক্তারা বলেন, একমাস যেতেই, এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডার প্রতি দাম একলাফে বাড়ানো হয়েছে ২৬৬ টাকা। যার প্রভাবে সার্বিক জীবন যাত্রার ব্যয় আরো বেড়ে যাবে বলে মনে করছেন আলোচনায় যোগ দেয়া বক্তারা। #
পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।