সরকার উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i119384-সরকার_উসকানি_দিয়ে_দেশকে_অস্থিতিশীল_করতে_চাচ্ছে_মির্জা_ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকায় আবারো দুইদিন পদযাত্রা করবে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২৩ ১৬:২৪ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

বাংলাদেশের ক্ষমতাসীন সরকারের পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানী ঢাকায় আবারো দুইদিন পদযাত্রা করবে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত সোমবার রাতে অনুষ্ঠিত দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম-স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে গোপীবাগ ব্রাদার্স ক্লাব মাঠ থেকে থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রা হবে। আর ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে শ্যামলী ক্লাব মাঠ থেকে রিং রোড, শিয়া মসজিদ, তাজমহল রোড, নুরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করা হবে।

বিএনপির আন্দোলনকে ঘিরে সরকার প্রথম থেকেই উসকানি দিয়ে সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে। বিএনপির ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি দেওয়ার পর এখন আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায়ে পাল্টা কর্মসূচি দিচ্ছে।

বিএনপির কর্মসূচির দিনে আওয়ামী লীগকে তাদের ঘোষিত ইউনিয়ন পর্যায়ের পাল্টা কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপি শান্তিপূর্ণ আন্দোলন করতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, জনগণ যখন চাইবে তখন হরতাল-অবরোধের মতো সব ধরনের কর্মসূচি হবে। আশা করি, সরকারের শুভবুদ্ধির উদয় হবে। শান্তিপূর্ণভাবে বিএনপির ১০ দফা দাবি তারা মেনে নেবে। #

পার্সটুডে/ মো: বাদশাহ মিয়া/গাজী আবদুর রশীদ/৭