রাজনৈতিক সংকট উত্তোরণের দায়িত্ব সরকারি দলকেই নিতে হবে: প্রিন্স
বিএনপি আওয়ামীলীগের মুখোমুখি কর্মসূচি বাড়ছেই, উৎকণ্ঠায় সাধারণ নাগরিকসহ বিশ্লেষক মহল
দেশের বড় দুটি রাজনৈতিক সংগঠন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মাঠের বিরোধী দল বিএনপি আবারো মুখোমুখি কর্মসূচিতে। নিত্যপণ্যের দাম কমানো এবং ১০ দফার ভিত্তিতে চলমান গণআন্দোলনের যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও সমমনা দলগুলো আজ শুক্রবার পদযাত্রা করে রাজধানী ঢাকায়। এদিকে, বিএনপি জামাতের সহিংস রাজনীতির প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্পটে অবস্থান করে সরকারি দল আওয়ামীলীগ।
কর্মসূচি ঘিরে দু’দলের ব্যাপক শোডাউনের মাধ্যমে নিজেদের সাংগঠনিক শক্তির প্রমাণ দেয়ার চেষ্টায় উদ্বিগ্ন রাজনৈতিক বিশ্লেষক মহল আর দু:শ্চিন্তায় সাধারণ মানুষ। যদিও দুটি দলই বলছে, তারা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে। ইতোমধ্যেই ক্ষমতাসীন দলটিকে পাল্টা কর্মসূচি থেকে সরে আসার আহ্বানও জানিয়েছে বিএনপি।
এবিষয়ে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার মনে করেন, আওয়ামীলীগ বিএনপির কর্মসূচি ধরে ধরে তাদের কর্মসূচি দিচ্ছে। যাতে সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেনী পেশার মধ্যে উদ্বিগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই দেশ ও জনগনের স্বার্থে ক্ষমতাসীন আওয়ামীলীগকে আগামীতে অবশ্যই ভিন্ন তারিখে কর্মসূচি দেয়ার আবারো অনুরোধ জানান এ বিএনপি নেতা। তিনি রাজনৈতিক শিষ্টাচার ফেরাতে উদ্যোগী হওয়ারও আহবান জানান ক্ষমতাসীনদের প্রতি।
আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ মনে করেন, বিএনপির রাজনৈতিক আগুন সন্ত্রাসী কর্মকান্ডের কারনে সাধারণ মানুষ বেশি আতংকিত থাকে। যে কারনে বিএনপির কোন কর্মসূচি থাকলেই আওয়ামীলীগের নেতাকর্মীরা জনস্বার্থে রাজপথে অবস্থান নেন।
এদিকে, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তাদের রাজনৈতিক ধৃষ্টতার ফসল হচ্ছে এধরনের পরিস্থিতি। তাদের সৃষ্ট পথকে আরো নৃশংস করছে বর্তমান ক্ষমতাসীনরা। মূলত প্রধান দুই রাজনৈতিক দলের অগনতান্ত্রিক চর্চার কারনেই দেশের রাজনীতির এমন দুরবস্থা বলেই মনে করেন এই বাম নেতা। তবে পরিস্থিতি উন্নয়নে অবশ্যই সরকারি দলকে ভূমিকা পালনের আহবান জানান সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।