অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি
https://parstoday.ir/bn/news/bangladesh-i120326-অস্তিত্বহীন_রাজনৈতিক_দলে_পরিণত_হয়েছে_বিএনপি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৩, ২০২৩ ১৩:১৪ Asia/Dhaka
  • অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

 তিনি বলেছেন, বিএনপি দেউলিয়া হয়ে গেছে। তাদের নিজেদের চেহারা আয়নায় দেখা দরকার। আজ শুক্রবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি তাকে সঙ্গে নিয়ে এ শ্রদ্ধা জানায়।

বাহাউদ্দিন নাছিম বলেন, যে যার রাজনীতি করবে, এটা গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে ষড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ। তবে সময়ই বলে দিবে,জনগণ আন্দোলনকারী নাকি সরকারের সাথে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে আছে।

বিএনপিকে সতর্ক করে বাহাউদ্দিন নাসিম বলেন, আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে। বিএনপি নৈরাজ্য,অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায় এমন অভিযোগ করে তিনি আরো বলেন,তারা ক্ষমতায় থাকতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে দেশকে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে ফেলেছিল।

জনগণের সাথে সম্পৃক্ত থাকলে বিএনপি নির্বাচনে আসবে উল্লেখ করে বাহাউদ্দিন নাছিম বলেন, নির্বাচনে গিয়ে সরকার পরিচালনার সুযোগ থাকে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে সঠিক জবাব দেওয়া হবে। #

পার্সটুডে/বাদশা রহমান/গাজী আবদুর রশীদ/৩

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।