নতুন কোন নিষেধাজ্ঞা আসবে কিনা জানেন না পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্রের সতর্কতা: তথ্যমন্ত্রী
বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতির আন্দোলনের কারনে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার দেশের নাগরিকদের ওপর সতর্কতা জারী করেছে। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের কারণেই যুক্তরাষ্ট্র তাদের জনগণকে বাংলাদেশে চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করে দিয়েছে।
আজ (সোমবার) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করছে। তারা যেটা পরিকল্পনা করছে, সেটি তাদের নেতাদের মুখ ফসকে বেরিয়ে গেছে। এর দ্বারাই প্রমাণ পায় বিএনপি হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিতে মত্ত।
উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই সময়ে তাদের বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, বাংলাদেশের ওপর আরও মার্কিন কোন নিষেধাজ্ঞা আসবে কিনা, সে বিষয়ে কিছু জানেন না পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার প্রধানমন্ত্রীর কাতার সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা হবে কিনা সে বিষয়ে কোনও ধারণা নেই। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন সময়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, তারা খুব ইতিবাচক ছিল। #
পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।