বিরোধীদল ও মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট,অভিযোগ মির্জা ফখরুলের
'নির্বাচনকালীন সরকারের আকার ঠিক করবেন প্রধানমন্ত্রী,থাকছে না বিএনপি'
নির্বাচনকালীন সরকারের আকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারণ করবেন বলে জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএনপি যেহেতু সংসদে নেই সেক্ষেত্রে দলটির নির্বাচনকালীন সরকারে থাকার কোন যৌক্তিকতা নেই। সংলাপেরও কোন প্রশ্ন আসে না।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালীন সরকারে শরিকদের নেয়া হবে কিনা সেটাও প্রধানমন্ত্রী নির্ধারণ করবেন। আইনশৃঙ্খলা বাহিনী শুধু সন্ত্রাসী, আসামিদের ধরছে। কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে না। এসময় এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতা নুরের কোনো যোগাযোগ নেই। তথ্যমন্ত্রী বলেন, নুরের বিরুদ্ধে এ রকম অভিযোগ তো বিভিন্ন সময় বিভিন্নজন করেছেন। সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে নুরের বিরুদ্ধে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সংবাদ সম্মেলন করে বলেছেন যে, তিনি ইজরায়েলি গোয়েন্দা সংস্থার এজেন্টের সঙ্গে অন্তত তিনবার বৈঠক করেছেন এবং সেটির কোনো ইফেকটিভ প্রতিউত্তর নুরের কাছ থেকে আসেনি। সাম্প্রতিক নুর ও রেজা কিবরিয়ার যে বাহাস, এগুলো আমরা উপভোগ করছি। সেগুলো কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়। কারণ তাদের কোনো জনভিত্তি নেই। তারা শুধু টেলিভিশনে আর নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। জনগণের সঙ্গে তাদের কোনো সংযোগ নেই বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
এদিকে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ চলছে এক দুর্বিনীত দুঃশাসনের সর্বনাশা প্রতাপ। বিরোধী দল ও মত এখন নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট বলে অভিযোগ করেন তিনি । আজ সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপির গ্রাম থেকে শহরে কোনো নেতাকর্মীরই স্বাভাবিক জীবন-যাপনের নিরাপত্তা নেই। সর্বত্রই মনে হয় আওয়ামী পুলিশ বাহিনী বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে ধরার জন্য ওৎ পেতে আছে। বর্তমানে দুঃশাসনের প্রকোপ চরমমাত্রায় উপনীত হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই আওয়ামী সরকারের আমলে সমাজে নারী, পুরুষ নির্বিশেষে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিরাপত্তা চরমভাবে বিপন্ন। এক বেপরোয়া স্বৈরাচারের কবলে পড়ে দেশের মানুষ শুধু জান-মালের নিরাপত্তার জন্য সার্বক্ষণিক শঙ্কিত হওয়ার পাশাপাশি শুধুমাত্র ডাল ভাত খেয়ে বেঁচে থাকার অধিকারও ক্রমান্বয়ে হারাচ্ছে। #
পার্সটুডে/বাদশাহ রহমান/০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।