ক্ষমতায় টিকিয়ে রাখতে, কিছু ব্যবসায়ীকে লোভ দেখানো হচ্ছে: অভিযোগ সালামের
বিদেশিরা কিছু বলেনি, ১/১১’র কুশিলবরাই সংলাপের প্রেসক্রিপশন দিচ্ছে: তথ্যমন্ত্রী
-
ড. হাছান মাহমুদ
সংলাপ নিয়ে বিদেশিরা কিছু বলেনি, ১/১১'র কুশিলবরাই রাজনৈতিক সংলাপ চাচ্ছে বলে জানিয়েছেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ রোববার সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, দেশ চলবে সংবিধান ও জনগণের প্রত্যাশা অনুযায়ী, অন্য কারও প্রত্যাশা কিংবা প্রেসক্রিপশনে নয়। ইইউ প্রতিনিধিরা দেশের আইন ও সংবিধানের আলোকে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চেয়েছেন।
শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ব্যবসায়ীরা, এ বিষয়ে তথ্যমন্ত্রীর মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ব্যবসায়ীরা দেশে শান্তি-স্থিতিশীলতা চাইবে সেটিই স্বাভাবিক। তাদের বক্তব্যে সেটি উঠে এসেছে। তারা জানে এবং বোঝে যে সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
এদিকে, সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে, কিছু ব্যবসায়ীকে বিনিয়োগের লোভ দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।
সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৮ এবং ১৯ জুলাই বিএনপির পদযাত্রা কর্মসূচির লিফলেট বিতরণকালে এ মন্তব্য করেন তিনি। আব্দুস সালাম বলেন,আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে আবারো জোর কোরে নির্বাচন করতে চায়। কিন্তু দেশের জনগণ তা কখনও মেনে নেবেনা। তিনি আরো বলেন, সাধারন মানুষ তাদের অধিকার রক্ষায়,দলমত নির্বিশেষে রাজপথে নেমে এসেছে,কঠোর আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার প্রতিষ্ঠিত করে গণতন্ত্র পুণরুদ্ধার করা হবে।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।