বিএনপি-আ. লীগের দ্বিতীয় দিনের কর্মসূচিতে নগরীতে জনভোগান্তি
আঘাত এলে সহ্য নয়, প্রতিহত করা হবে: দ্বিতীয় দিনের পদযাত্রায় মির্জা আব্বাস
-
মির্জা আব্বাস
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার পতনের একদফা দাবী আদায়ে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনের পদযাত্রা করেছে বিএনপি নেতাকর্মীরা।
আজ বুধবার সকালে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে পদযাত্রা শুরু করেছে বিএনপি। কর্মসূচী শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সংক্ষিপ্ত সমাবেশে বলেন, নির্দলীয় তত্ত্বাবধায়কের দাবী থেকে কোনভাবেই সরে যাবেনা তারা। এবিষয়ে কোন ছাড় দেয়া হবে না জানিয়ে তিনি বলেন, কোন আঘাত এলে সহ্য করা নয়, প্রতিরোধ গড়ে তোলা হবে। জনগণ রাম্তায় নেমে এসেছে, সরকার অবিলম্বে পদত্যাগ না করলে, গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন নিশ্চিত কোরে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলেও ঘোষণা দেন বিএনপির শীর্ষ নেতারা।
এর আগে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রাজধানীর আব্দুলাহপুরে জড়ো হন বিএনপি নেতা-কর্মীরা। এতে অংশ নেন, দলটির স্থায়ী কমিটির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় সরকার পতনের একদফা দাবি আদায়ে, তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা বলেন, গণ আন্দোলনের মাধ্যমে সরকারকে হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।
সংবিধান থেকে একচুলও নড়বেনা ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্দলীয় তত্বাবধায়কের দাবী থেকেও নড়বে না বিএনপি ও সমমনা দলগুলো। পদযাত্রাটি রামপুরা হয়ে যাত্রাবাড়ী গিয়ে শেষ হয়। এদিকে, যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে ছিল পুলিশ। তবে সকাল থেকে রাজধানীতে গণপরিবহনের অভাবে ভোগান্তি পোহাতে হয়েছে অফিসগামী নগরবাসীকে। সংকটে পড়েন স্কুলগামী শিক্ষার্থী অভিভাবকরাও ।
বিকেলে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা মোড় এলাকায় শান্তি সমাবেশ করে আওয়ামীলীগ। পরে সেখান থেকে দলটির নেতাকর্মীরা মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেয়। ফলে পাশের সড়কে দেখা দেয় যানজট। #
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।