পাল্টা রাজনৈতিক সমাবেশে সংঘাত সৃষ্টির শংকা,রাজনৈতিক নেতাদের বক্তব্য চালাচালি
https://parstoday.ir/bn/news/bangladesh-i125952-পাল্টা_রাজনৈতিক_সমাবেশে_সংঘাত_সৃষ্টির_শংকা_রাজনৈতিক_নেতাদের_বক্তব্য_চালাচালি
বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগের সমাবেশ ডাকাকে সংঘাত সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন বিশৃঙ্খলা হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৪:৩৪ Asia/Dhaka

বাংলাদেশের রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশের দিন যুবলীগের সমাবেশ ডাকাকে সংঘাত সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোন বিশৃঙ্খলা হলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।

আজ সোমবার দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি বলেন,সরকারের বিশেষ বিশেষ ব্যক্তিরা বিএনপির সমাবেশ ঘিরে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। এ সময় আওয়ামী যুব লীগকে ২৭ তারিখের সমাবেশ পরিবর্তনের আহ্বান জানান বিএনপি মহাসচিব। 

তবে,যুবলীগের শান্তি সমাবেশের কারনে আগামী ২৭ জুলাই বিএনপির সমাবেশে সংঘাতের কোন আশঙ্কা নেই বলে জানিয়েছেন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটির পরিচিতি সভায় তিনি বলেন, জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ মাঠে থাকবে।কারণ আওয়ামী লীগ সংঘাত নয় শান্তিতে বিশ্বাস করে।

এদিকে, দেশের বিভিন্ন স্থানে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে ২৭ জুলাই রাজধানীতে যৌথ শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন।

২৭ জুলাই শান্তি সমাবেশ ডেকেছে আ.লীগের ৩ সংগঠন।  বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে গত ১২ জুলাই শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ

আজ  সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ। তারা বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে দেশবিরোধীচক্র,প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আবারও ষড়যন্ত্রে লিপ্ত।

এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন প্রতিহতের ঘোষণা,নির্বাচন বানচাল বা নষ্ট করার শামিল। সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর নব নির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন,এক অদৃশ্য শক্তির কারণে বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নিতে পারছে না। এ সময় আওয়ামী লীগ সরকারের তৈরি ডিজিটাল প্রযুক্তিকে, বিএনপি মিথ্যাচার চালাতে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।#

পার্সটুডে/বাদশা রহমান/বাবুল আখতার/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।