কৃষক লীগের রক্তদান-আলোচনা সভায় প্রধানমন্ত্রী
'শেখ হাসিনা-আওয়ামী লীগ কখনো পালায় না'
-
শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দল, সংসদে না থাকলেও তারা বক্তব্য দেয়—আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না। আমি এমন বক্তব্যদাতাদের উদ্দেশে বলি—শেখ হাসিনা-আওয়ামী লীগ কখনো পালায় না।
আজ (মঙ্গলবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।
বিএনপির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা সহনশীলতা দেখাচ্ছি। কিন্তু আবার দেখলাম সেই অগ্নিসন্ত্রাস। ২০০১ এর নির্বাচনের পর তারা যেভাবে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করেছে আমরা যদি তার একভাগ প্রতিশোধ নিতাম তো তাদের হদিসই পাওয়া যেত না। আমরা তো প্রতিশোধে বিশ্বাস করিনি।’
শেখ হাসিনা আরও বলেন, এরশাদ আর খালেদা জিয়া, এরা তো রীতিমতো একাত্তরের পাকিস্তানি হানাদার বাহিনীর মতো গণহত্যা চালিয়েছে। ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। চোখ তুলে নিয়েছে। হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে মেরেছে। ঘরবাড়ি জ্বালিয়েছে। দখল করেছে। বসতবাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে আবার কলাগাছের চারা পুঁতেছে। এইরকম অপকর্ম বিএনপি বাংলাদেশে করেছে। আর তাদের দোসর হলো জামায়াত, তারা এতো করেও তাদের শেষ রক্ষা হয়নি। হাজার হাজার কোটি টাকা লুট করেছে। পাচার করেছে বিদেশে, সম্পদের পাহাড় করেছে। জিয়া মরার সময় ৪০ দিন টেলিভিশনে দেখাল জিয়ার কিচ্ছু নাই একেবারে গবীর ফকির ভাঙ্গা স্যুটকেস আর ছেঁড়া গেঞ্জি। আর ক্ষমতার আসার পর দেখলাম তাদের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। মনে হল সেই ভাঙ্গা স্যুটকেসটা জাদুর বাক্স আর ওখান থেকে শুধু বের হচ্ছে টাকা।’
কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আলোচনা সভা সঞ্চালনা করেন কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি।#