সন্ত্রাসীদের কোন দেশ নেই ধর্ম নেই
ইসলামের নামে জঙ্গি তৎপরতা নির্মূলে আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
-
শেখ হাসিনা
সন্ত্রাসীদের কোন দেশ নেই, ধর্ম নেই। তাই ইসলামের নামে জঙ্গিবাদ নির্মূলে দেশের আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম, আওয়ামী লীগ তাই শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। আজ রোববার সকালে ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী হাফেজদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ইসলামের প্রসারে সরকারের উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় পবিত্র কুরআনের ডিজিটাল ভার্সন তৈরি করা হয়েছে। এছাড়া কওমী মাদ্রাসার ডিগ্রীর সরকারি স্বীকৃতির ব্যবস্থা করেছে তাঁর সরকার। এছাড়াও শান্তির ধর্ম ইসলামের মর্মবানী সবার কাছে পৌঁছে দিতে দেশজুড়ে মডেল মসজিদ স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি।
ইসলামে সন্ত্রাস-জঙ্গিবাদের কোন স্থান নেই উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম, অপব্যাখ্যাকারী অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। বিশ্বের সব মুসলিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন খুব ভালো জানিয়ে, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, আওয়ামী লীগ সবসময় ইসলামের উন্নয়নের কাজ করে। ৯৬ সালে যখন আমরা প্রথম ক্ষমতায় আসি তখনই বায়তুল মোকাররমের একটি মিনার ও মসজিদের উন্নয়নের কাজের পদক্ষেপ নিয়েছিলাম। সে কাজও শুরু করেছিলাম। দুর্ভাগ্যের বিষয় ২০০১ সালে আওয়ামী লীগ সরকারে আসতে পারেনি। এসেছিল খালেদা জিয়া। তার সঙ্গে ছিল জামায়াত। খালেদা জিয়া এসেই মসজিদ নির্মাণ কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। শুধু বায়তুল মোকাররম নয়, ঢাকা ক্যান্টনমেন্টেও বড় একটি মসজিদের কাজে হাত দিয়েছিলাম, এটার কাজও বন্ধ করে দেয়। তারপর সরকারে আসার পর আওয়ামীলীগ সেই বায়তুল মোকাররমের অসমাপ্ত কাজ সম্পন্ন করে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।