৭৫ দিন পর বিএনপি নেতাকর্মীদের পদচারণায় মুখর নয়াপল্টন
প্রায় ৭৪ দিন পরে তালা ভেঙে দলের কার্যালয়ে প্রবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার নেতাকর্মীদের আনাগোনায় প্রাণ ফিরে পেয়েছে কার্যালয়টি। সকাল সাড়ে ১০টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই তালা ভাঙে নেতাকর্মীরা।
এসময় রিজভী বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করে পুলিশ এক নারকীয় তাণ্ডব চালিয়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছিল। এই দুই মাসের বেশি সময় পুলিশ কাউকে এখানে ঢুকতে দেয়নি এবং আশপাশে ভিড়লেও তাদেরও আটক করে নিয়ে গেছে।
তালা ভাঙার বিষয়ে রিজভী বলেন, সেদিনের তাণ্ডবের পর চোখের সামনে তালা লাগিয়ে পুলিশ চাবি নিয়ে যায়। পুলিশের কাছে চাবি চাওয়া হলেও, সেটা তারা দেয়নি। এদিকে, নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে প্রবেশ করে দেখা গেছে পুরো কার্যালয় ধুলোবালির স্তুপ জমেছে। কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন কক্ষগুলো এলোমেলোভাবে পড়ে আছে চেয়ার টেবিল, কাজগপত্র, পত্রিকা। এর আগে, গত ২৮ অক্টোবর দুপুরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ পুলিশ টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে পণ্ড করে দেওয়ার পর থেকে এই কার্যালয় থেকে নেতাকর্মীদের বের করে দিয়ে তালা লাগিয়ে চাবি নিয়ে যায়। এরপর থেকে সিআইডির ‘ক্রাইম সিন’ স্টিকার লাগিয়ে কার্যালয়ের সামনে সকলের প্রবেশ বন্ধ করে রাখে।#
পার্সটুডে/বাদশা রহমান/রেজওয়ান হোসেন/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।