বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিল দায়েশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i13849-বাংলাদেশে_আরো_সন্ত্রাসী_হামলা_চালানোর_হুমকি_দিল_দায়েশ
উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে। রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় রক্তক্ষয়ী হামলা চালিয়ে ২০ জনকে হত্যার দাবি করার প্রায় এক সপ্তাহ পর নতুন করে এ হুমকি দিল জঙ্গি গোষ্ঠীটি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০৬, ২০১৬ ১২:২৯ Asia/Dhaka
  • বুধবার প্রকাশিত ভিডিও থেকে নেয়া স্থির ছবি
    বুধবার প্রকাশিত ভিডিও থেকে নেয়া স্থির ছবি

উগ্র জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বাংলাদেশে আরো সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়েছে। রাজধানী ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় রক্তক্ষয়ী হামলা চালিয়ে ২০ জনকে হত্যার দাবি করার প্রায় এক সপ্তাহ পর নতুন করে এ হুমকি দিল জঙ্গি গোষ্ঠীটি।

আজ (বুধবার) ইন্টারনেটে একটি ভিডিও প্রকাশ করে এ হুমকি দেয় দায়েশ। ভিডিও’তে বাংলাভাষী তিন ব্যক্তি গুলশান হামলায় সন্তোষ প্রকাশ করে দাবি করে, তাদের ছয় সদস্য গত শুক্রবার রাতের হামলা চালিয়েছে। শুক্রবারের হামলাকারী ছয় জঙ্গি প্রথমে ১৭ বিদেশি, তিন বাংলাদেশি এবং দুই পুলিশ কর্মকর্তাকে হত্যা করে। এরপর নিরাপত্তা বাহিনীর কমান্ডো অভিযানে তারা নিহত হয়।

ভিডিও ফুটেজে তিন জঙ্গির একজনকে বলতে দেখা যাচ্ছে- “আমরা জয়ী বা নিহত না হওয়া পর্যন্ত ক্রুসেডারদের হত্যা করা বন্ধ করব না... আমাদের হারানোর কিছু নেই।”

“খ্রিস্টান ও ইহুদি ক্রুসেডার ও তাদের মিত্রদের” উদ্দেশ করে অপর জঙ্গি ঘোষণা করে, “তোমরা বাংলাদেশে যা দেখেছো তা ছিল খুবই সামান্য। তোমরা পরাজিত এবং আমরা জয়ী হওয়ার আগ পর্যন্ত এটি চলতেই থাকবে, চলতেই থাকবে এবং চলতেই থাকবে।”

শনিবার সকালে নিরাপত্তা বাহিনীর কমান্ডোরা বন্দুকধারীদের হত্যা এবং একজনকে জীবিত গ্রেফতার করে। কর্মকর্তারা জানান, সব জিম্মিকে হামলার প্রথম প্রহরেই ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে অথবা কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় রোববার সকাল থেকে দু’দিনের জাতীয় শোক পালনের ঘোষণা দেন। তিনি বলেন, ইসলাম এবং মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের সম্মান ক্ষুণ্ন করার জন্য এ হামলা চালানো হয়েছে।

শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে শেখ হাসিনা বলেন, “ইসলাম শান্তির ধর্ম। ধর্মের নামে মানুষ হত্যা বন্ধ করুন।” প্রধানমন্ত্রী আরো বলেন, “অস্ত্রের মুখে নিরপরাধ বেসামরিক মানুষকে জিম্মি করে তারা আমাদের দেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায়।”

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ এই হামলার দায়িত্ব স্বীকার করলেও বাংলাদেশের কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোববার বলেন, এসব বন্দুকধারী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি’র সদস্য। এক দশকেরও বেশি সময় আগে এই জঙ্গি গোষ্ঠীর তৎপরতা বাংলাদেশে নিষিদ্ধ করা হয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬