‘বিএনপি নেতাদের রিমান্ডে নিলেই জঙ্গিবাদের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে’
https://parstoday.ir/bn/news/bangladesh-i15916-বিএনপি_নেতাদের_রিমান্ডে_নিলেই_জঙ্গিবাদের_প্রকৃত_তথ্য_বেরিয়ে_আসবে’
জঙ্গি সম্পৃক্ততার জন্য বিএনপি নেতা মোশারফ হোসেন, হান্নান শাহ ও রুহুল কবির রিজভীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তার দাবি, তাদের রিমান্ডে নেয়া হলে দেশের জঙ্গিবাদের প্রকৃত তথ্য বের হয়ে আসবে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুলাই ২৯, ২০১৬ ১৫:৩৯ Asia/Dhaka
  • ড. হাছান মাহমুদ
    ড. হাছান মাহমুদ

জঙ্গি সম্পৃক্ততার জন্য বিএনপি নেতা মোশারফ হোসেন, হান্নান শাহ ও রুহুল কবির রিজভীকে গ্রেফতার ও রিমান্ডে নেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তার দাবি, তাদের রিমান্ডে নেয়া হলে দেশের জঙ্গিবাদের প্রকৃত তথ্য বের হয়ে আসবে।

আজ (শুক্রবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

হাছান মাহমুদ অভিযোগ করে বলেন, সম্প্রতি জঙ্গিরা দেশে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিলো। আইন-শৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ৯জন জঙ্গিকে হত্যা করেছে। নিহত জঙ্গিদের ছবি প্রকাশ করা হয়েছে। অথচ এরা নাকি জঙ্গি ছিল না মন্তব্য করছেন বিএনপি নেতারা। এই সফল অভিযানের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ না জানিয়ে বিএনপি নেতারা উল্টো বিভ্রান্তি ছড়াচ্ছেন।

বিএনপির এই নেতারা জঙ্গি কর্মকাণ্ডে সম্পৃক্ত উল্লেখ করে তিনি বলেন, জঙ্গিদের পেছন থেকে বিএনপি নেতারা বাতাস দিচ্ছেন। জঙ্গিদের মারলে তারা মায়া কান্না করছেন। এই নেতাদের গ্রেফতার ও রিমান্ডে নিলেই বিএনপি যে জঙ্গিদের পেছন সহযোগিতা করছে তা প্রমাণিত হবে।

এদিকে, জঙ্গিবাদের মামলাগুলো সঠিকভাবে দেখভালের জন্য আইন মন্ত্রণালয় আলাদা একটি সেল গঠন করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জেলা প্রশাসকেরা যদি মনে করেন এ ধরনের মামলা বিচারের জন্য প্রসিকিউশন থেকে বিচার বিভাগকে ঠিকমতো সহায়তা করা হচ্ছে না, তাহলে তখনই সেলকে জানাতে পারবেন।

আজ (শুক্রবার) চারদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই চেষ্টায় আমরা সবাই যেন যে যার অবস্থান থেকে শরিক হই। প্রধানমন্ত্রীর ১৯ দফা নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসকদের সজাগ থাকার আহ্বানও জানান আইনমন্ত্রী।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৯