খুনিদের সঙ্গে ঐক্য নয়, বাংলার মাটি থেকে বিতাড়িত করা হবে : নৌমন্ত্রী
খুনিদের সঙ্গে জাতীয় ঐক্য নয়, বাংলার মাটি থেকে তাদের বিতাড়িত করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পৃথক পৃথক জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমোবেশ এবং মানববন্ধনে তিনি এ কথা বলেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, বঙ্গবন্ধু পরিষদ এবং মহিলা আওয়ামী আইনজীবী পরিষদ এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করে।
বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম ও হান্নান শাহ’র বক্তব্যের প্রসঙ্গ টেনে নৌমন্ত্রী বলেন, এসব নেতার বক্তব্যে স্পষ্ট হয়েছে যে বিএনপি জঙ্গি সন্ত্রাসীদের উসকানি দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। ঐক্যবদ্ধভাবেই জঙ্গি সন্ত্রাস মোকাবেলা করা হবে। নির্মূল করা হবে তাদের অর্থ ও মদদদাতাদের।
এদিকে, বিএনপি-জামায়াত মদদ না দিলে দেশে জঙ্গিবাদের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আরও বলেন, জঙ্গিবাদের জন্য খালেদা জিয়া নিজেই দায়ী। শেখ হাসিনা পাল্টা জবাব দিয়ে জঙ্গি দমন করেছে এবং করবে। আজ (শনিবার) দুপুরে মাগুরা সদর হাসপাতাল চত্ত্বরে কমিউনিটি ক্লিনিক ব্রান্ডিং একটিভিটিস প্রোগ্রামে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
অপরদিকে, জঙ্গিবাদ দমনে জনযুদ্ধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বিএনপি-জামায়াতের বিগত আন্দোলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, মনে রাখবেন ওই যে ১০০ দিনের সন্ত্রাস, এটাকে আমরা ঠেলে ঘুটিয়ে দিয়েছি। জনগণের শক্তির ওপরে কিছুই নেই। জনগণকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধকে আমরা জনযুদ্ধে পরিণত করেছিলাম। এবারও আরেকটি জনযুদ্ধ দরকার। এই যুদ্ধে শামিল হয়ে যদি আমাদের আলেমরা, মন্ত্রীরা, শিক্ষকরা, ছাত্ররা সকলেই মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, মাঠে নামি। তাহলে এ জঙ্গিদেরও আমরা ওই সন্ত্রাসের মত ঠেলে ঘুটিয়ে বন্ধ করতে পারবো।
আজ (শনিবার) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটি আয়োজিত গোলটেবিল আলোচনায় উপদেষ্টা এ আহ্বান জানান।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৩০