‘জাম্বো জেট সাইজ কমিটি গঠন করে বিএনপি গঠনতন্ত্র লংঘন করেছে’
-
সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৫০২-সদস্যের ‘জাম্বো জেট সাইজ’-এর জাতীয় নির্বাহী কমিটি গঠন করে বিএনপি তার নিজের গঠনতন্ত্রই লংঘন করেছে।
আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে ওবায়দুল কাদের বলেন, ‘মীর্জা ফখরুল বলেছেন, তারা এই ৫০২ সদস্যের কমিটি গঠনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করবেন... বিএনপি’র গঠনতন্ত্রে ৪৪৮ সদস্যের কথা উল্লেখ রয়েছে। কিন্তু তারা গঠনতন্ত্র লংঘন করে কমিটি করেছেন।’
কাদের বলেন, বিএনপি অতীতে অনেকবার দেশের সংবিধান লংঘন করেছে। এবার লংঘন করেছে নিজেদের দলের সংবিধান। এটা ‘এ বছরের সেরা তামাশা’।
জঙ্গি হামলার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গঠনে খালেদা জিয়ার আহ্বান সম্পর্কে তিনি বলেন, ‘আমরা যখন (১৫ আগস্ট) শোক দিবস পালন করি, তখন আপনি (বেগম খালেদা জিয়া) আপনার জন্মদিনের উৎসব পালনের জন্য কেক কাটেন- এতে ঐক্য হয় কেমন করে।’
তিনি আরো বলেন, ‘যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের পুনর্বাসিত করে এবং যারা ২১ আগস্টের গ্রেনেড হামলা চালায় তাদের সঙ্গে আমরা কিভাবে ঐক্য গড়ি।’
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনও বক্তৃতা করেন।
অপর এক অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি ও জামায়াত পাকিস্তানী ভাবধারায় বিশ্বাসী, দল দুটির মধ্যে নীতিগত কোনো পার্থক্য নেই। এজন্য বিএনপির কমিটিতে দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী দলের আত্মীয়-স্বজনদের কমিটিতে স্থান দেয়া হয়েছে।
আজ (সোমবার) সকালে বনানী কবরস্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। #