আওয়ামী লীগের কখনো পরাজয় হবে না- নাসিম: বিএনপি জঙ্গিদের সমর্থক- তোফায়েল
-
মোহাম্মদ নাসিম-তোফায়েল আহমেদ
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কখনো পরাজয় হবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, “জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষকে ঐক্যবদ্ধ করে যে বাংলাদেশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন; যে কাজটি তিনি শেষ করে যেতে পারেননি সে কাজ তার কন্যা অত্যন্ত দক্ষতার সাথে করে চলেছেন। তার জন্যই সমগ্র জাতি আজ আবারও ঐক্যবদ্ধ হয়েছে। সুতরাং তার পরাজয় হতে পারে না।”
আজ (শুক্রবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “একাত্তরের ঘাতকরা তাদের পরাজয় মেনে নিতে পারেনি বলেই তাদের নির্দেশেই তথাকথিত জঙ্গিবাদের উত্থান হয়েছে। এ শক্তিই এখন আবারও বাংলাদেশকে পরাজিত করতে চায়। কিন্তু আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব।”
এদিকে, বিএনপি আইএস ও জঙ্গিদের সমর্থক উল্লেখ করে, দলটির সঙ্গে জাতীয় ঐক্য হতে পারে না বলে আবারও জানালেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পাকিস্তানের প্ররোচণায় ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল আর জিয়াউর রহমান তাতে মদদ দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
আজ (শুক্রবার) সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
একাত্তরের পরাজিতরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ১৯৭১-এ দেশি এবং বিদেশি যারা পরাজিত হয়েছিল তারাই বঙ্গবন্ধুকে হত্যা করে বাঙালির আশা-আকাঙ্ক্ষাকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে আওয়ামী লীগের পতাকা থাকায় তা সম্ভব হয়নি।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গুলশান এবং কল্যাণপুরের অভিযানে যেসব জঙ্গি মারা গেছে তাদের বাবা-মাও সন্তানের লাশ নিতে আসেনি। অথচ বিএনপি তাদের জন্য মায়া কান্না করে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৯