বিএনপি অন্যের ইস্যু হাইজ্যাকের চেষ্টা করছে: হাছান মাহমুদ
-
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ (ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপিকে পরগাছা রাজনৈতিক দল উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, আন্দোলনের কোনো ইস্যু খুঁজে না পেয়ে খালেদা জিয়া এখন অন্যের ইস্যু হাইজ্যাক করার চেষ্টা করছেন। যারা এত দিন ধরে এই নিয়ে আন্দোলন করল, সেই তেল-গ্যাস কমিটির ইস্যুকে আশ্রয় করে খালেদা জিয়া এখন রাজনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছেন।
অন্যের ইস্যুকে হাইজ্যাক করে বিএনপি এখন পরগাছা দলে পরিণত হয়েছে। পরগাছা যেমন অন্য গাছে জন্মায় ঠিক তেমনি বিএনপি এখন অন্যের ইস্যু নিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে।
আজ (শুক্রবার) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রামপাল নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জবাব দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এসব কথা বলেন।
বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, নতুন করে গন্ডগোল পাকানোর চেষ্টা করবেন না। সরকার এবং আওয়ামী লীগ সেটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।
এদিকে, জঙ্গিদের পৃষ্ঠপোষক জামায়াতে ইসলামীর সঙ্গে থাকলে বিএনপি নেতা-কর্মীদের কাঁদতেই হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, বিএনপিতে অনেক মুক্তিযোদ্ধা রয়েছেন, অনেক ভালো মানুষও আছেন। কিন্তু এই দলের মূল নেতৃত্বে রয়েছেন আইএসআইএলের এজেন্টরা। এদের থেকে বেরিয়ে আসতে হবে। এই নেতৃত্বকে ছুঁড়ে ফেলতে হবে। তবেই আপনাদের কান্না বন্ধ হবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি বাঙালি জাতিকে বার বার কাঁদিয়েছে, তাই তাদের নেতাদের চোখে অশ্রু মানায় না।
বিএনপি পাকিস্তানি ভাবধারার রাজনীতি অব্যাহত রেখেছে, দাবি করে তিনি বলেন, যারা পাকিস্তানি ভাবধারার রাজনীতি করছেন তাদের দিন ফুরিয়ে এসেছে। বঙ্গবন্ধু হত্যার জন্য জিয়াউর রহমানসহ ষড়যন্ত্রকারীদের মরণোত্তর বিচার দাবিও জানান হানিফ।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/২৬