এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল: দুর্দান্ত খেলে মূলপর্বে বাংলাদেশের মেয়েরা
https://parstoday.ir/bn/news/bangladesh-i19111-এএফসি_অনূর্ধ্ব_১৬_ফুটবল_দুর্দান্ত_খেলে_মূলপর্বে_বাংলাদেশের_মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২০১৭ সালে চীনের মূল পর্বে উঠেছে কৃষ্ণারা।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
সেপ্টেম্বর ০৪, ২০১৬ ০০:০৫ Asia/Dhaka
  • এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল: দুর্দান্ত খেলে মূলপর্বে বাংলাদেশের মেয়েরা

এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ের পর ১২ পয়েন্ট নিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২০১৭ সালে চীনের মূল পর্বে উঠেছে কৃষ্ণারা।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের পুরোটাজুড়েই আধিপত্য ছিল বাংলাদেশের। যদিও প্রথমে গোল খেয়ে বসেছিল স্বাগতিকেরাই। খেলার ১০ মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের একটি ভুল পাসে দূরপাল্লার শটে গোল করেন তাইপের অধিনায়ক সু ইউ হুসুন।

ম্যাচে ২৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক কৃষ্ণা রানীকে বক্সের ফাউল করেন তাইপে ডিফেন্ডার চেন চিয়াও য়ি। রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। বাংলাদেশ পায় পেনাল্টি। পেনাল্টি থেকে ম্যাচের সমতা নিয়ে আসে ডিফেন্ডার শামসুন্নাহার।

৩৭ মিনিটে কৃষ্ণা রানী সরকার বল নিয়ে তাইপের বক্সে ঢুকে পড়তে চাইলে তাকে ফাউল করেন চেন চিয়াও। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। সঙ্গে বাংলাদেশ দলকে আনন্দে ভাসিয়ে পেনাল্টির বাঁশিও বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে শামসুন্নাহার।

মূলপর্ব নিশ্চিতের পর বাংলাদেশের মেয়েদের উচ্ছ্বাস

দ্বিতীয়ার্ধে আরও গোলের নেশায় আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সংখ্যায় একজন এগিয়ে থাকার সুবিধায় বলীয়ান বাংলাদেশের মেয়েরা। ৫৪ মিনিটে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন কৃষ্ণা। ৭৭ মিনিটে ৪-১ হয়ে যায় স্কোরলাইন। কৃষ্ণার একটি শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেয় তাইপের সু ইউ হুসুন। ম্যাচ শেষ হওয়ার তিনি মিনিট বাকি থাকতে চায়নিজ তাইপের পক্ষে জৌ ইয়ু ইয়ু একটি গোল করলেও দলের হার এড়াতে পারেনি।

এর আগে তিন ম্যাচেও দারুণ খেলেছিল স্বাগতিকরা। প্রথম ম্যাচে ইরানকে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরকে ৫-০ গোলে ও তৃতীয় ম্যাচে কিরগিজস্তানকে ১০-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল তারা।

চায়নিজ তাইপেও এই আসরে দারুণ উজ্জ্বলতা ছড়িয়েছিল। তারা কিরগিজস্তানকে ৭-১, আরব আমিরাতকে ৫-০ ও সিঙ্গাপুরকে ৯-০ গোলে হারিয়েছে। 

মূল পর্ব নিশ্চিত করার বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার তার প্রতিক্রিয়ায় বলেন, ‘যেহেতু চাইনিজ তাইপে কঠিন প্রতিপক্ষ তাই আমরা সেই ভাবেই মাঠে নেমেছিলাম। ম্যাচের শুরু থেকেই আমাদের উদ্দেশ্যে ছিল ভালো খেলব। সেই উদ্দেশ্যে আজ আমরা সফল হয়েছি। গেল আড়াই মাসের প্রতিদিনের অনুশীলনেই আমরা শপথ করেছি যে বাংলাদেশকে কোনো এক জায়গা আমরা নিয়ে যাব। আজ আমরা সেটা পেরেছি।’

বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “গতবার আমরা তাইপে ও ইরানের পরে ছিলাম। এখন আমরা সেরা। মেয়েদেরকে ধন্যবাদ। (এ সাফল্যে) কৃষ্ণার অবদান বেশি।”

তিনি আরও বলেন, “ম্যাচ নিয়ে আমার সংশয় ছিল। মাঠে নামার আগে মেয়েদের বলেছিলাম, ৯০ মিনিট লড়াই করতে হবে। ম্যাচ হাতছাড়া করা যাবে না। কেউ ম্যাচ ছাড়েনি। আমরা লড়াই করে জিতেছি।”

৫ সেপ্টেম্বর আসরের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। সে ম্যাচে হারলেও মূল পর্বে ওঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না। শেষ ম্যাচে বাংলাদেশ যদি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হারে, আর চায়নিজ তাইপে যদি ইরানের বিপক্ষে জেতে তাহলে দুদলের (বাংলাদেশ ও চায়নিজ তাইপে) পয়েন্ট সমান হয়ে যাবে। কিন্তু মুখোমুখি লড়াইয়ে জেতায় বাংলাদেশ শীর্ষেই থাকবে।#

পার্সটুডে/এআর/৪