এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল: আমিরাতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i19273-এএফসি_অনূর্ধ্ব_১৬_নারী_ফুটবল_আমিরাতকে_হারিয়ে_গ্রুপ_চ্যাম্পিয়ন_বাংলাদেশ
এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশিত জয় নিয়ে বাছাইপর্ব শেষ করল কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।  
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ১৩:৫৩ Asia/Dhaka
  • ফাইল ছবি
    ফাইল ছবি

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইরান, সিঙ্গাপুর, কিরগিজস্তান ও চাইনিজ তাইপের বিপক্ষে টানা চার ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে প্রত্যাশিত জয় নিয়ে বাছাইপর্ব শেষ করল কোচ গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।  

আজ (সোমবার) বেলা ১১টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হয়। ম্যাচের ৩ মিনিটেই বাংলাদেশের অধিনায়ক কৃষ্ণা রানী সরকার গোল করে দলকে এগিয়ে নেন।

এরপর বেশ কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি মেয়েরা। সবচেয়ে বড় সুযোগটি আসে ম্যাচের ৩৬ মিনিটে। এ সময় পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হন জাহান মৌসুমী। তার নেয়া নিচু শট গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়। ফলে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধের খেলা শেষ করে স্বাগতিকরা।

বিরতির পর  আক্রমণ বাড়িয়ে দেন কৃষ্ণারা। ৫২ মিনিটে সানজিদা কর্নার শট থেকে আসা বলটি মাথার নিখুঁত ছোঁয়ায় জালে জড়িয়ে দলকে ২-০’র ব্যবধান এনে দেন কৃষ্ণা।

খেলার ৫৯ মিনিটে বক্সের ভেতর থেকে প্লেসিং শটে স্কোর লাইন ৩-০ তে নিয়ে যান অনুচিং মোগিনি। ৮৬ মিনিটে মনিকার ক্রস থেকে মিডফিল্ডার তহুরার হেড আরব আমিরাতের জালে জড়ালে ৪-০’র বড় ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশের খুদে টাইগ্রেসরা।

উল্লেখ্য, 'সি' গ্রুপ থেকে ইতোমধ্যে এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। শনিবার শক্তিশালী চাইনিজ তাইপেকে ৪-২ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/৫