আওয়ামী লীগের সম্মেলনে পাকিস্তানের কাউকে আমন্ত্রণ জানানো হবে না: নাসিম
-
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের আসন্ন ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তান থেকে কাউকে আমন্ত্রণ জানানো হবে না বলে জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপ-পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, “কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করে নাই, করবেও না।”
তিনি আরও জানান, আমন্ত্রণ করার কাজ চলছে। যখনই আমন্ত্রিত অতিথিরা দাওয়াতপত্র গ্রহণ করে আসা কনফার্ম করলে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানানো হবে। জাতীয় কাউন্সিলে যারা আসবেন তাদের সু-নির্দিষ্ট নামসহ বিস্তারিত জানানো হবে। উৎসবমুখর পরিবেশে সফলভাবেই সম্মেলন সম্পন্ন হবে বলেও জানান নাসিম।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই। যথাসময়ে ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/২৯