হান্নান শাহ’র দাফন সম্পন্ন: দুদু বললেন, ‘তার শূন্যস্থান পূরণ হওয়ার নয়’
https://parstoday.ir/bn/news/bangladesh-i21589-হান্নান_শাহ’র_দাফন_সম্পন্ন_দুদু_বললেন_তার_শূন্যস্থান_পূরণ_হওয়ার_নয়’
গাজীপুরের কাপাসিয়ায় নিজগ্রাম ঘাগুটিয়ায় পারিবারিক গোরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র দাফন সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজের পর ৬ষ্ঠ জানাজা শেষে তাকে দাফন করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ১৫:২০ Asia/Dhaka
  • কাপাসিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে  হান্নান শাহ\'র জানাজা অনুষ্ঠিত।
    কাপাসিয়ার চালা উচ্চ বিদ্যালয় মাঠে হান্নান শাহ\'র জানাজা অনুষ্ঠিত।

গাজীপুরের কাপাসিয়ায় নিজগ্রাম ঘাগুটিয়ায় পারিবারিক গোরস্থানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ’র দাফন সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাজের পর ৬ষ্ঠ জানাজা শেষে তাকে দাফন করা হয়।

বিকেল ৩টা ২৫ মিনিটে ঘাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি-আওয়ামী লীগসহ সকল দলের নেতাকর্মী ও হান্নান শাহ’র নিজ গ্রামের হাজার হাজার মানুষ জানাজায় অংশ নেন। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে এবং জানাজায় অংশ নিতে প্রচণ্ড রোদ গরম উপেক্ষা করে আগে থেকেই ঘাগুটিয়া চালা উচ্চ বিদ্যালয়ের আশপাশে অবস্থান নেন কাপাসিয়ার সর্বস্তরের মানুষ।

এর আগে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হান্নান শাহ’র ৫ম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় এ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন গাজীপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম খান।

জানাজায় জেলা বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও এলাকার সর্বস্তরের কয়েক হাজার লোক অংশ নেন। এ সময় মরহুম হান্নান শাহ’র দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সকাল সাড়ে ৮টার দিকে হান্নান শাহ’র কফিনবাহী গাড়ি গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে এসে পৌঁছায়। সেখানে অস্থায়ীভাবে কালো কাপড় দিয়ে তৈরি মঞ্চে তার মরদেহ রাখা হয়। জানাজা শেষে দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান। রাজবাড়ি মাঠে হান্নান শাহ'র ৪র্থ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের র‍্যাফেল হার্ট সেন্টারে হান্নান শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে, রাজনীতিতে হান্নান শাহ শূন্যস্থান পূরণ হওয়ার নয় বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। মৃত্যুর পর হান্নান শাহকে সরকার যথেষ্ট সম্মান দেয়নি বলেও মন্তব্য করেন তিনি।

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। দুদু আরও বলেন, গণতন্ত্র রক্ষায় অসামান্য অবদান রেখেছেন হান্নাহ শাহ। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে অপুরণীয় ক্ষতি হয়েছে।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৩০